Czech Republic protests: সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ! ১৯৮৯ সালের পর বৃহত্তম সরকার-বিরোধী আন্দোলনে উত্তাল প্রাগ
Czech Republic protests: আন্দ্রে বাবিশ নেতৃত্বাধীন সরকার সরকারি গণমাধ্যম পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচার করছে—এমন অভিযোগ তুলে এই অর্থায়ন পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
Czech Republic protests: সরকার-বিরোধী মিছিলে আপাতত উত্তাল ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্সের ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি এখন ছড়িয়ে পড়েছে ইটালি, স্পেন, পর্তুগালের মতো নানা দেশে। এবার সরকার-বিরোধী বিক্ষোভে উত্তপ্ত চেক প্রজাতন্ত্রও। সে দেশের সরকারের বিরুদ্ধে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। গণমাধ্যমে আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনার প্রতিবাদে রবিবার রাজধানী প্রাগের রাস্তায় নামেন লক্ষ লক্ষ মানুষ, যা ১৯৮৯ সালের ভেলভেট বিপ্লবের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ বলে মনে করা হচ্ছে।

বিক্ষোভকারীরা প্রাগের লেতনা সমভূমি ও এর আশপাশের প্রধান সড়কগুলোতে জমায়েত হয়ে সরকারের উদ্দেশে সরকারি গণমাধ্যম থেকে হাত সরিয়ে নেওয়ার দাবি জানান। সমাবেশের আয়োজক গণতন্ত্রপন্থী সংগঠন ‘মিলিয়ন মোমেন্টস ফর ডেমোক্রেসি’ জানিয়েছে, এ কর্মসূচিতে ৩ লক্ষ ৫০ হাজার থেকে ৪ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক হিসাব পাওয়া যায়নি। বিক্ষোভে 'গণমাধ্যম থেকে হাত সরাও', 'রাজনীতিবিদদের মুখোমুখি হবে গণমাধ্যম'—এমন সব লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায় এবং অংশগ্রহণকারীরা গণমাধ্যমের স্বাধীনতা ও সরকারি সম্প্রচার মাধ্যমের স্বায়ত্তশাসন রক্ষার দাবি জানান। এই বিক্ষোভ প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিশ এবং তাঁর নেতৃত্বাধীন জোট—যাতে পপুলিস্ট, কট্টর ডানপন্থী জাতীয়তাবাদী ও ইউরোপীয় ইউনিয়ন-বিরোধী দলগুলো অন্তর্ভুক্ত রয়েছে—তার জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর আগে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন শহর ও নগরে বিক্ষোভ হয়েছে এবং চেক টিভি ও চেক রেডিওর কর্মীরা ধর্মঘট পালন করেছেন।
বিক্ষোভের নেপথ্যের কারণ কী?
১৯৮৯ সালের ১৭ নভেম্বর শুরু হওয়া ভেলভেট বিপ্লব দিবসের দুই দিন আগে এই সমাবেশটি অনুষ্ঠিত হলো। কমিউনিস্ট পার্টির একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে গণতন্ত্রে উত্তরণ ঘটা সেই গণআন্দোলনের স্মৃতিচারণের মুহূর্তেই এই বিশাল সরকারবিরোধী বিক্ষোভটি হলো। এই আন্দোলনের মূল কারণ হলো চেক টেলিভিশন ও চেক রেডিওর অর্থায়ন কাঠামো পরিবর্তনের সরকারি পরিকল্পনা। সরকার বর্তমানে প্রচলিত লাইসেন্স ফি বাতিল করে রাষ্ট্রীয় বাজেটের মাধ্যমে সরকারি গণমাধ্যম পরিচালনার পরিকল্পনা করছে। সরকারের দাবি, নাগরিকদের বোঝা ও কোম্পানির ব্যয় কমানোর লক্ষ্যে এই নীতি নেওয়া হয়েছে। অন্যদিকে, বিরোধী দল ও নাগরিক সংগঠনগুলোর অভিযোগ, রাষ্ট্রীয় বাজেটের ওপর নির্ভরশীলতা বাড়লে সরকারি গণমাধ্যমের সম্পাদকীয় স্বাধীনতা ও পরিচালনার স্বায়ত্তশাসন দুর্বল হয়ে পড়তে পারে। আয়োজক সংগঠন 'মোমেন্টস ফর ডেমোক্রেসি' দাবি করেছে যে, রাজনৈতিক প্রভাব থেকে গণমাধ্যমকে সুরক্ষিত রাখার জন্য বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চেক টেলিভিশন ও চেক রেডিওর কর্মীরাও এই অর্থায়ন পুনর্গঠন পরিকল্পনার প্রতিবাদে গত ৩ নভেম্বর একদিনের ধর্মঘট পালন করেছিলেন।
রবিবার সমাবেশের আয়োজক মিলিয়ন মোমেন্টস ফর ডেমোক্রেসি এক বিবৃতিতে বলেছে, বাবিশ ও তাঁর সরকার মনে করছে, তারা যে কোনও সিদ্ধান্ত নিয়ে পার পেয়ে যাবে। বিশেষজ্ঞদের উপেক্ষা, সমালোচকদের কণ্ঠরোধ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সম্পত্তি হিসেবে বিবেচনা করার সুযোগ সরকারকে দেওয়া উচিত হবে না বলে সংগঠনটি মন্তব্য করেছে। বিক্ষোভকারীদের মতে, লাইসেন্স ফি বাতিল করে রাষ্ট্রীয় বাজেট থেকে সম্প্রচার মাধ্যমগুলোকে অর্থায়নের পরিকল্পনাটি মন্ত্রীদের সংবাদ কক্ষের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ করে দেবে। এটি স্লোভাকিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও সার্বিয়ার মতো দেশগুলোর উদাহরণ অনুসরণ করবে, যেখানে বর্তমান ও পূর্ববর্তী ডানপন্থী পপুলিস্ট সরকারগুলো গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেছে। অন্যদিকে, চেক প্রজাতন্ত্রে গণমাধ্যমের অর্থায়ন সংস্কারের প্রস্তাব আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ তৈরি করেছে। ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন, ইউরোপীয় সাংবাদিক ফেডারেশন, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউট প্রস্তাবটির সমালোচনা করেছে।
এদিকে, আন্দ্রে বাবিশ নেতৃত্বাধীন সরকার সরকারি গণমাধ্যম পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচার করছে—এমন অভিযোগ তুলে এই অর্থায়ন পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী বাবিশ সরকারি গণমাধ্যমের স্বায়ত্তশাসন বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে এই বিক্ষোভকে 'জনগণকে উসকে দেওয়া' বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেছেন যে, তারা সম্পাদকীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। বিক্ষোভস্থলে চেক শিশুদের ঘুমানোর আগে জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'ভেচেরনিচেক'-এর চরিত্রের প্রতীক দেখা গেছে। অংশগ্রহণকারীরা ওই চরিত্রের আদলে ত্রিভুজাকৃতির কাগজের টুপি পরে সরকারি সম্প্রচার মাধ্যম রক্ষার আহ্বান জানান। এই সমাবেশের আয়োজক 'মোমেন্টস ফর ডেমোক্রেসি' চলতি বছরের মার্চ মাসেও বাবিশ সরকারের নীতির বিরুদ্ধে প্রাগে বিক্ষোভের আয়োজন করেছিল।
E-Paper

