Bankipur bypoll: বাঁকিপুর উপনির্বাচনের আগেই ‘জন সুরাজ’ কর্মীদের আটক! BJPকে ধাক্কা দিতে আসরে এবার পিকে

Bankipur bypoll: ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে প্রশান্ত কিশোর অভিযোগ করেন, বিহার পুলিশ তাঁর দলের বহু কর্মী-সমর্থককে আটক করেছে। তাঁর দাবি, শাসক বিজেপির নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে।

Published on: Jul 30, 2026, 11:57:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bankipur bypoll: বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে আজ, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ জন সুরাজ দলের নেতা প্রশান্ত কিশোরের কাছে। গত বছর বিহার বিধানসভা নির্বাচনে নিজে প্রার্থী না হলেও এবার বাঁকিপুর থেকেই নির্বাচনী রাজনীতিতে সরাসরি আত্মপ্রকাশ করছেন তিনি। ফলে এই উপনির্বাচনকে প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যতের অন্যতম বড় পরীক্ষা। তবে উপনির্বাচনের কয়েক ঘণ্টা আগে বুধবার রাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বাঁকিপুর উপনির্বাচনের আগেই ‘জন সুরাজ’ কর্মীদের আটক! BJPকে ধাক্কা দিতে আসরে এবার পিকে (PTI)
বাঁকিপুর উপনির্বাচনের আগেই ‘জন সুরাজ’ কর্মীদের আটক! BJPকে ধাক্কা দিতে আসরে এবার পিকে (PTI)

ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে প্রশান্ত কিশোর অভিযোগ করেন, বিহার পুলিশ তাঁর দলের বহু কর্মী-সমর্থককে আটক করেছে। তাঁর দাবি, শাসক বিজেপির নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে। ভোট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তাঁর এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য তৈরি হয়। বার্তা সংবাদ এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, থানায় তুমুল নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় যখন প্রশান্ত কিশোর ও তাঁর সমর্থকরা অভিযোগ করেন যে, তাঁদের দলের দুই কর্মীকে অবৈধভাবে আটক করে থানায় আনার পর অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলের একটি ভিডিওতে কিশোর ও তাঁর সমর্থকদের জক্কানপুর থানার এসএইচও ঋতুরাজ কুমার সিংয়ের সঙ্গে তর্ক করতে দেখা গিয়েছে।

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, '...যদি তাঁদের (অভিযোগ অনুযায়ী আটক দলীয় কর্মীদের) কোনও ক্ষতি হয়, তাহলে জক্কানপুর থানার এসএইচও ঋতুরাজ কুমার সিং নিশ্চিতভাবে চাকরি হারাবেন। এ ব্যাপারে তাঁর ভালোভাবেই অবগত থাকা উচিত।' তিনি আরও বলেন, 'বিহারের সমগ্র জনগণ এই ঘটনা প্রত্যক্ষ করেছে: ঋতুরাজ কুমার সিং এখানকার এসএইচও, এবং দুজনকে অবৈধভাবে নিয়ে আসা হয়েছিল। অন্যত্র স্থানান্তরিত করার আগে তিনি তাদের ঘণ্টার পর ঘণ্টা থানায় আটকে রেখেছিলেন।' তিনি অভিযোগ করেন যে, পুলিশ দলীয় কর্মীদের বিষয়ে কোনও খবর দিচ্ছে না এবং এসএইচও বলেছেন যে তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা তিনি জানেন না।

'ভুয়ো ভিডিও' বিতর্ক

পাটনার হাই-ভোল্টেজ বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ঠিক আগে রাজনৈতিক পারদ ছড়াল এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে। বিজেরির নেতৃত্বাধীন এনডিএ-র প্রকাশিত একটি ৫৮ সেকেন্ডের ভিডিও আবেদনকে সম্পূর্ণ ভুয়ো ও ‘ডিপফেক’ বলে দাবি করলেন ‘জন সুরাজ’ প্রতিষ্ঠাতা তথা ওই কেন্দ্রের প্রার্থী প্রশান্ত কিশোর। এনডিএ-র প্রচারে লালু-নীতীশ পর্বের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) শীর্ষনেতা নীতীশ কুমারের সেই ভিডিও প্রকাশ পেতেই তোপ দেগেছেন পিকে। তাঁর খোলা চ্যালেঞ্জ, 'ভিডিওটি যে আসল, তা নীতীশজিকে দিয়ে নিশ্চিত করাক বিজেপি। সত্যতা প্রমাণ করতে পারলে নির্বাচনের আগেই আমি প্রার্থীপদ প্রত্যাহার করে নেব।' প্রচার সভার শেষলগ্নে তোপ দেগে প্রশান্ত কিশোর বলেন, 'বাঁকিপুরের মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এনডিএ নীতীশ কুমারের একটি ভিডিও আবেদন প্রকাশ করেছে, কিন্তু সেই ভিডিওটি পুরোপুরি ভুয়ো ও এআই প্রযুক্তি ব্যবহারে তৈরি। নীতীশজি এমন কোনও বিবৃতি দেননি। হারের ভয়ে দিশেহারা হয়েই এই ডিপফেক ভিডিওর আশ্রয় নিয়েছে বিজেপি।'

বিজেপির এই পদক্ষেপকে কটাক্ষ করে তিনি আরও যোগ করেন, 'নীতীশজি যদি সত্যিই ওই বার্তা দিয়ে থাকেন, তবে আপনারা তাঁকে দিয়ে সেই একই কথা বলিয়ে দিন, আমি আজই নাম তুলে নেব। বিজেপি এই নির্বাচনে ইতিমধ্যেই হেরে গেছে, প্রশ্ন শুধু ব্যবধানটা কত বড় হবে।' প্রশান্ত কিশোরের এই গুরুতর অভিযোগের কড়া জবাব দিয়েছে জনতা দল ইউনাইটেড। জেডি(ইউ)-র রাজ্য সভাপতি উমেশ কুশওয়াহা পিকের দাবি উড়িয়ে দিয়ে বলেন, 'ডিজিটাল যুগে এসে আমজনতা কোনটা সত্যি আর কোনটা এআই ভিডিও, তা খুব ভাল করেই বোঝেন। পিকের এই ধরনের কৌশল আমাদের জনপ্রিয় নেতাকে অপমান করার নামান্তর।' উমেশ কুশওয়াহা আরও দাবি করেন যে, নিজের জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়েই চরম হতাশা থেকে পিকের মতো নতুন রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের সস্তা অভিযোগ তুলছেন এবং বিহারের মানুষ এর যোগ্য জবাব দেবেন।

বিহারের হাই-ভোল্টেজ উপনির্বাচন

বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের মূল লড়াই ত্রিমুখী। একদিকে শাসক বিজেপির প্রার্থী নীরজ কুমার সিনহা, অন্যদিকে আরজেডির প্রার্থী রেখা গুপ্ত এবং তৃতীয় শক্তি হিসেবে ময়দানে রয়েছেন প্রশান্ত কিশোরের জন সুরাজ। উপনির্বাচনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ৩.৮০ লক্ষ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিজেপি বিধায়ক নীতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বাঁকিপুর বিধানসভা আসনটি খালি হয়। চলতি বছরের এপ্রিল মাসে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার আগে নীতিন নবীন বিজেপির জাতীয় সভাপতি পদেও মনোনী হন। সেই কারণেই এই আসনে আজ উপনির্বাচন।