হাসিনার বাংলাদেশে ফেরার প্রস্তুতি? সীমান্তের রাস্তা খতিয়ে দেখতে ভারতে আসছেন আওয়ামী লীগের ৪ নেতা, পেট্রাপোল-আগরতলায় নজর

প্রতিবেদন অনুযায়ী, ভারতে আসতে চলা আওয়ামী লীগের চার নেতার মধ্যে রয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক এবং মুজাফফর হোসেন চৌধুরী মায়া। এ ছাড়াও রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

Published on: Nov 22, 2026, 10:53:17 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বাংলাদেশের রাজনীতিতে ফের জোরালো হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জল্পনা। তাঁকে দেশে ফেরানোর সম্ভাব্য পথ খতিয়ে দেখতে এবার ভারতে আসছেন আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। রবিবার সকালেই কলকাতার উদ্দেশে তাঁদের রওনা হওয়ার কথা। এরপর পশ্চিমবঙ্গের পেট্রাপোল এবং ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকা পরিদর্শন করতে পারেন তাঁরা। রাজনৈতিক মহলের মতে, শেখ হাসিনার ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ঘোষণার পর এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে ঠিক কবে, কীভাবে এবং কোন পথে তিনি দেশে ফিরবেন, তা এখনও স্পষ্ট নয়।

হাসিনার বাংলাদেশে ফেরার প্রস্তুতি? সীমান্তের রাস্তা খতিয়ে দেখতে ভারতে আসছেন আওয়ামী লীগের ৪ নেতা, পেট্রাপোল-আগরতলায় নজর
হাসিনার বাংলাদেশে ফেরার প্রস্তুতি? সীমান্তের রাস্তা খতিয়ে দেখতে ভারতে আসছেন আওয়ামী লীগের ৪ নেতা, পেট্রাপোল-আগরতলায় নজর

প্রতিবেদন অনুযায়ী, ভারতে আসতে চলা আওয়ামী লীগের চার নেতার মধ্যে রয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক এবং মুজাফফর হোসেন চৌধুরী মায়া। এ ছাড়াও রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। চারজনকেই শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত। রবিবার সকাল ৯টা নাগাদ তাঁদের কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা। পরবর্তী দু-তিন দিনের মধ্যে ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাতেও যেতে পারেন তাঁরা।

কেন সীমান্ত পরিদর্শনে এত গুরুত্ব দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা? সূত্রের খবর, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য একাধিক সম্ভাব্য পথ খতিয়ে দেখতে চাইছে দল। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্ত এবং ত্রিপুরার আগরতলা সীমান্ত। অর্থাৎ শুধু একটি পথের উপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থাও খোলা রাখতে চাইছে আওয়ামী নেতৃত্ব। যদিও এই সফরের বিষয়ে দলের তরফে বিস্তারিত সরকারি ঘোষণা বা শেখ হাসিনার প্রত্যাবর্তনের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে ছাত্র আন্দোলন এবং সরকারবিরোধী বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তার পর থেকে ভারতেই রয়েছেন তিনি। গত কয়েক সপ্তাহে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংবাদ সংস্থা এপি-কে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান। এমনকি দেশে ফিরলে গ্রেফতারি বা কারাবাসের ঝুঁকি থাকলেও তিনি পিছিয়ে আসবেন না বলে জানিয়েছেন।&

কিন্তু হাসিনার প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতি। ২০২৪ সালের আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। সেই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন হাসিনা। পাশাপাশি তাঁর বিরুদ্ধে জমি দুর্নীতি সংক্রান্ত মামলাতেও কারাদণ্ডের সাজা হয়েছে।

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারও হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কঠোর অবস্থানে। ঢাকার বক্তব্য, দেশে ফিরলে বাংলাদেশের আইন মেনেই তাঁকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। হাসিনার প্রত্যর্পণের দাবিও জানিয়েছে বাংলাদেশ। তবে ভারত এখনও সেই দাবি মেনে নেয়নি। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে নয়াদিল্লি।

এদিকে বাংলাদেশে আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক সংঘাতও বাড়ছে। বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, হামলা এবং রাজনৈতিক কর্মীদের মৃত্যুর খবর সামনে এসেছে। আওয়ামী লীগের দাবি, তাদের নেতা-কর্মীদের নিশানা করা হচ্ছে। অন্যদিকে তারেক রহমানের সরকার দলটির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে। হাসিনার প্রত্যাবর্তনের দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে চার আওয়ামী লীগ নেতার ভারত সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। পেট্রাপোল ও আগরতলা সীমান্ত পরিদর্শন কি শুধুই সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রস্তুতি, নাকি এর পিছনে রয়েছে আরও বড় রাজনৈতিক পরিকল্পনা? আপাতত সেই প্রশ্নের উত্তর অধরা। তবে হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তনের ঘোষণা যে বাংলাদেশ এবং ভারত—দুই দেশের কূটনৈতিক সমীকরণেই নতুন চাপ তৈরি করেছে, তা স্পষ্ট।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।