PM Modi Sweden Visit: কূটনীতিতে কবিগুরু! ফলসূত্র দ্বিপাক্ষিক বৈঠক, সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী
PM Modi Sweden Visit: রবিবার সুইডেন সফরে পৌঁছনোর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা দু’টি কবিতার প্রতিলিপি তুলে দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।
PM Modi Sweden Visit: পশ্চিম এশিয়া ও ইউরোপ সফরের তৃতীয় পর্বে সুইডেনে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যেই তাঁর এই সফর। রবিবার সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর।

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ভারত-সুইডেন সুসম্পর্কের কথা উল্লেখ্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য, নতুন প্রযুক্তি, প্রতিরক্ষা, এআই-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে, সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এক্স পোস্টে লেখেন, 'প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার উপস্থিতিও বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। তিনি রাজা ও রানির শুভেচ্ছাবার্তা পৌঁছে দিয়েছেন। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।' দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ‘ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি’-এর বৈঠকেও অংশ নেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত, সুইডেন ও ইউরোপের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রধানমন্ত্রী মোদী সোমবার জানান, গথেনবার্গে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে তিনি সুইডিশ শিল্পপতি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন, যাতে ভারত-সুইডেন অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করা যায়। এক্স হ্যান্ডলে করা পোস্টে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, বৈঠকে ভবিষ্যৎ প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নিরাপত্তা এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। পাশাপাশি তিনি ভারতের সংস্কারমূলক নীতি ও পরিকাঠামো, উদ্ভাবন এবং প্রযুক্তিখাতে উদীয়মান সম্ভাবনার কথাও তুলে ধরেন। এই বৈঠকেও উপস্থিত ছিলেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। পরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এবং ক্রিটারসনকে নিয়ে একটি যৌথ সাংবাদিক বৈঠকে দুই দেশের সম্পর্ককে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের স্তরে তুলে নিয়ে যাওয়ার ঘোষণা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘বাণিজ্য, প্রতিরক্ষা, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই টেকনোলজি ও এআই করিডর গড়ে তুলতে চলেছে সুইডেন ও ভারত।’
প্রধানমন্ত্রীর সুইডেন সফরে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য
১. দ্বিপাক্ষিক সম্পর্ককে স্ট্র্যাটেজিক ‘পার্টনারশিপের’ স্তরে উন্নীত করা
২. জয়েন্ট ইনোভেশন পার্টনারশিপ ২.০-এর সূচনা
৩. ইন্ডিয়া-সুইডেন টেকনোলজি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করিডর চালু করা
৪. আগামী পাঁচ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ
৫. ভারত-সুইডেন এসএমই এবং স্টার্ট-আপ প্ল্যাটফর্মের উন্নয়ন
‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার’
সুইডেনে পা রাখতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভূষিত করা হয় সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার’-এ। ১৭৪৮ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক সম্মান এর আগে এশিয়ার কোনও রাষ্ট্রনেতা পাননি। ফলে প্রথম এশীয় বিশ্বনেতা হিসেবে এই সর্বোচ্চ সম্মান পেয়ে এক নতুন ইতিহাস গড়লেন ভারতের প্রধানমন্ত্রী। এই আন্তর্জাতিক স্বীকৃতির পর বিশ্বমঞ্চে নরেন্দ্র মোদীর মোট প্রাপ্ত সম্মানের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩১-এ।
সুদূর সুইডেনে এক টুকরো বাংলা
রবিবার সুইডেন সফরে পৌঁছনোর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা দু’টি কবিতার প্রতিলিপি তুলে দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। সুইডিশ প্রধানমন্ত্রীর উপহারে আপ্লুত প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের হস্তলিখিত দুটি কবিতার প্রতিলিপি পেয়ে আমি গভীরভাবে অভিভূত। এই মহৎ উদ্যোগের জন্য আমি সুইডেন সরকার ও জনগণকে ধন্যবাদ জানাই, যা আমাদের দুই দেশের মধ্যেকার চিরস্থায়ী সাংস্কৃতিক বন্ধনকে প্রতিফলিত করে। গুরুদেব ঠাকুরের বাণী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এবং ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষের মনকে আলোকিত করে চলেছে। মানব মর্যাদা, জ্ঞান ও ভ্রাতৃত্ববোধ নিয়ে তাঁর যে দৃষ্টিভঙ্গি, তা চিরন্তন।’
E-Paper

