Pune Techie Dies: বিয়েতে ৪৫ লক্ষ খরচ, ১০ তোলা সোনা! পুণের টেকির চরম পদক্ষেপে বাড়ছে রহস্য
Pune Techie Dies: গত ৯ মে ওমকার সঞ্জয় ঘিসারের সঙ্গে বিয়ে হয় বৈষ্ণবী প্রবীণ জারান্ডের। তরুণীর পরিবারের অভিযোগ, বিয়েতে প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ এবং ১০ তোলা সোনা দেওয়ার পরেও গাড়ি কেনার জন্য আরও ৫ লক্ষ টাকা দাবি করছিলেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
Pune Techie Dies: বিয়ের কয়েক মাসের মধ্যেই ২৩ বছরের তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রের পুণেতে। পরিবারের অভিযোগ, বিয়েতে প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ এবং ১০ তোলা সোনা দেওয়ার পরেও গাড়ি কেনার জন্য আরও ৫ লক্ষ টাকা দাবি করছিলেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম বৈষ্ণবী প্রবীণ জারান্ডে। তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছে তরুণীর পরিবার। গত ৯ মে ওমকার সঞ্জয় ঘিসারের সঙ্গে বিয়ে হয় বৈষ্ণবী প্রবীণ জারান্ডের। তরুণীর পরিবারের অভিযোগ, বৈষ্ণবীর বিয়েতে তাঁরা প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ করেছিল এবং ১০ তোলা সোনা দিয়েছিল। তা সত্ত্বেও গাড়ি কেনার জন্য তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন আরও ৫ লক্ষ টাকা দাবি করেছিলেন। বিয়ের পর বৈষ্ণবী তাঁর স্বামীর সঙ্গেই শ্বশুরবাড়িতে থাকতেন। পরে চাকরির সূত্রে তিনি বেঙ্গালুরু চলে যান। জুন মাসের শেষে পুণেতে ফিরে আসার পর, তিনি শ্বশুরবাড়িতে থেকেই একটি আইটি সংস্থায় কাজ করছিলেন। তাঁর পরিবারের অভিযোগ, স্বামী, শাশুড়ি এবং শ্বশুর মিলে বৈষ্ণবীর ওপর লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতন করতেন।
মৃত্যুর আগে মা'কে ফোন
সূত্রের খবর, গত ২৪ সেপ্টেম্বর রাতে বৈষ্ণবী তাঁর মাকে শেষবার ফোন করেন এবং শ্বশুরবাড়িতে তাঁর ওপর চলা নির্যাতনের কথা জানান। এর পর সেই রাতেই, প্রায় সাড়ে ১১টা নাগাদ তাঁর স্বামী ফোনে বৈষ্ণবীর বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করেন। তারপর থেকে পরিবারের সদস্যরা কোনওভাবেই আর বৈষ্ণবীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে তাঁর মা-বাবা পুণের উদ্দেশে রওনা দেন। শহরে পৌঁছে তাঁরা জানতে পারেন যে নিজের বাড়িতেই বৈষ্ণবীর মৃত্যু হয়েছে।
তদন্ত শুরু করেছে পুলিশ
বৈষ্ণবীর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে তাঁর স্বামী ওমকার সঞ্জয় ঘিসারে এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বর্তমানে সমস্ত অভিযোগ, মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি এবং যাবতীয় তথ্যপ্রমাণ খতিয়ে দেখছে। আধিকারিকরা জানিয়েছেন যে, তদন্ত শেষ হওয়ার পরই এই ঘটনার আসল সত্য সামনে আসবে।
Home/News/Pune Techie Dies: বিয়েতে ৪৫ লক্ষ খরচ, ১০ তোলা সোনা! পুণের টেকির চরম পদক্ষেপে বাড়ছে রহস্য