SAI Fund: টুর্নামেন্ট চলাকালীনই বন্ধ কেন্দ্রীয় অনুদান! ইউরোপে অনিশ্চয়তায় পিভি সিন্ধু-লক্ষ্য সেনরা

SAI Fund: জার্মানির টুর্নামেন্ট শেষ হতেই প্রকাশ্যে আসে বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, বিদেশ সফরে বেরনোর মাত্র কয়েকদিন আগে শাটলারদের জানিয়ে দেওয়া হয় তাঁদের অনুদান বন্ধ করা হচ্ছে। কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁদের।

Published on: Nov 3, 2026, 19:36:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

SAI Fund: বিদেশের মাটিতে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ভারতের ব্যাডমিন্টন তারকারা। লক্ষ্য একটাই, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সেরাটা তুলে ধরে দেশের মুখ উজ্জ্বল করা। কিন্তু সেই লড়াইয়ের মাঝেই এবার সামনে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। বিদেশে টুর্নামেন্ট খেলতে গিয়ে আচমকাই আর্থিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে আরতীয় শাটলারদের। তাঁদের অভিযোগের তির স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর দিকে। অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধুর (PV Sindhu) মতো প্রথমসারির খেলোয়াড়দেরও নাকি বিদেশের মাটিতে আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে।

অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু (HT_PRINT)
অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু (HT_PRINT)

জানা গিয়েছে, ভারতের একঝাক ব্যাডমিন্টন তারকার পরপর কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল। সেই সূচি অনুযায়ী, ফিনল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স এবং জার্মানিতে টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন পিভি সিন্ধুরা। বলে রাখা প্রয়োজন, রবিবার জার্মানিতে হাইলো ওপেনের ফাইনালে ডেনমার্কের লাইন কেয়ার্সফেল্টকে স্ট্রেইট গেমে হারিয়ে খেতাব জিতে নেন অলিম্পিকে জোড়া পদকজয়ী শাটলার। কয়েক ঘণ্টার মধ্যে ওই টুর্নামেন্টেরই পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের লক্ষ্য সেন। সদ্য সমাপ্ত এশিয়াডে ভারতীয় শাটলারদের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল। মাত্র একটি ব্রোঞ্জ আসে ভারতের ঘরে। সেই ব্যর্থতা কাটিয়ে ইউরোপ সফরে নতুন করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন ব্যাডমিন্টন তারকারা।

তবে জার্মানির টুর্নামেন্ট শেষ হতেই প্রকাশ্যে আসে বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, বিদেশ সফরে বেরনোর মাত্র কয়েকদিন আগে শাটলারদের জানিয়ে দেওয়া হয় তাঁদের অনুদান বন্ধ করা হচ্ছে। কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁদের। কারণ, অনুদান বন্ধ হয়ে যাওয়ার অর্থ যাতায়াত, খাবার, থাকা-সহ সমস্ত খরচের ভার নিতে হবে অ্যাথলিটদেরই। তার জেরে বহু শাটলারকে নামতে হয় সাপোর্ট স্টাফ ছাড়াই। অনেক ক্ষেত্রে ছিলেন না কোচও। গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছেন পিভি সিন্ধু। তিনি বলেন, 'আমি সবটা জানতে পেরে স্তম্ভিত। এমন অভিজ্ঞতা কখনও হয়নি। শেষ পর্যন্ত নিজেই অর্থের ব্যবস্থা করে অংশ নিয়েছি প্রতিযোগিতায়।'

এবার মূল প্রশ্ন, কেন আচমকা বন্ধ হল কেন্দ্রীয় অনুদান? শোনা যাচ্ছিল, এশিয়াডে খারাপ পারফরম্যান্সের শাস্তিস্বরূপ অনুদান বন্ধ করতে পারে ক্রীড়ামন্ত্রক। যদিও সাইয়ের তরফ থেকে বলা হয়েছে, ব্যাডমিন্টন সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে নথিপত্র পাঠাতে পারেনি। দীর্ঘদিন ধরে এই গড়িমসি চলে আসছে, ফলে বন্ধ হয়েছে অনুদান। কিন্তু প্রশ্ন উঠছে, পিভি সিন্ধুর মাপের ক্রীড়াবিদকে কেন এই গড়িমসির মাশুল গুনতে হবে? সব মিলিয়ে, বিদেশের মাটিতে ভারতীয় শাটলারদের সাফল্যের পাশাপাশি আর্থিক সহায়তা বন্ধের অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। কোর্টে সিন্ধু-লক্ষ্যদের জয় যেমন ভারতীয় ব্যাডমিন্টনের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে, তেমনই খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিয়ে ওঠা প্রশ্নের দ্রুত উত্তর চান ক্রীড়াপ্রেমীরা। এখন দেখার, এই পরিপ্রেক্ষিতে সাই কী পদক্ষেপ করে এবং বিদেশে খেলতে যাওয়া ভারতীয় পাটলারদের আর্থিক সমস্যার সমাধান কত দ্রুত হয়।