'যুবরাজ সিং মেন্টর...,' অভিষেকের দুরন্ত কামব্যাক, প্রাক্তন পাক পেসারকে তুলোধোনা অশ্বিনের
বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচে ৩০ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে সমালোচনার জবাব দিয়েছেন অভিষেক শর্মা নিজেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর অভিষেক শর্মাকে ‘স্লগার’ আখ্যা দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির। এবার এই ইস্যুতে পাকিস্তানের প্রাক্তন পেসারের কড়া সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন।

বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচে ৩০ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে সমালোচনার জবাব দিয়েছেন অভিষেক নিজেই। তবে গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় অভিষেককে। তারকা ওপেনারের হ্যাটট্রিক ডাকের পর আমির বলেছিলেন, অভিষেকের ব্যাটিংয়ে রক্ষণাত্মক দিক নেই এবং তিনি কেবলই একজন স্লগার। আমিরের এই মন্তব্যের পর নিজের চেনা ছন্দে ফিরতেও বেশি সময় নেননি অভিষেক শর্মা। এরপরেই নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কী বাত’-এ প্রাক্তন পাক তারকার সমালোচনা করে অশ্বিন বলেন, ‘মহম্মদ আমিরের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে তিনি অভিষেক শর্মাকে স্লগার বলেছেন। আমি পরিষ্কার করে বলতে চাই-আপনি তাঁর খেলায় যাই বলুন না কেন, তাঁকে স্লগার বলা যায় না। বর্তমানে ক্রিকেটে তার ব্যাট সুইং সবচেয়ে ঈর্ষণীয়গুলোর একটি। আমরা সবাই জানি যুবরাজ সিং তাঁর মেন্টর।’
অশ্বিন আরও যোগ করেন, ‘আমার মতে, তাঁর ব্যাট সুইং যুবরাজের থেকেও ভালো হতে পারে। এর চেয়ে ভালো ব্যাট সুইং আর হয় না। অভিষেক যখনই বল মারে, সেটা অনেক দূরে গিয়ে পড়ে। মানুষ ভুল করে তাঁকে স্লগার ভাবতে পারে। তবে অভিষেকের একমাত্র সমস্যা হলো-সে প্রতিটি বলেই আগ্রাসী মানসিকতা দেখাতে চায়।’ কিংবদন্তি ব্যাটার সুনিল গাভাস্কারও অভিষেকের ইনিংসের প্রশংসা করেছেন। জিম্বাবোয়ের বিপক্ষে ম্যাচে ভারতীয় ওপেনারের রক্ষণাত্মক শট দেখে বিস্মিত হয়েছেন তিনি। জিওস্টারকে গাভাস্কার বলেন, ‘আমরা জানি ব্যাটসম্যান হিসেবে অভিষেক শর্মা কতটা ভালো। জিম্বাবোয়ের বিপক্ষে ৫৫ রানের ইনিংস দিয়ে সে তাঁর সমালোচকদের চুপ করিয়ে দিয়েছে। সে ইনিংস শুরু করার আগে বাড়তি সময় নিয়েছে। তাঁর ব্যাটিংয়ে একটা পদ্ধতি ছিল। অফ স্পিনারকে সে সম্মান দিয়েছে এবং শান্ত ও সংযতভাবে খেলেছে।’ তিনি আরও বলেন, ‘এই ম্যাচে সে (অভিষেক) সত্যিই রক্ষণাত্মক শট খেলেছে; সে বল ঠেকিয়েছে। এটা দেখে আমি অবাক হয়েছি, কারণ সাধারণত আমরা অভিষেককে এমনভাবে খেলতে দেখি না।’
E-Paper

