Rabindranath Graffiti Vandalised: ১৬ দিনের ব্যবধানে ফের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি বাংলাদেশের খুলনায়, তদন্তে পুলিশ

খুলনা শহরের রেলস্টেশনের দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বড় প্রতিকৃতি আঁকা হয়েছিল। শহরের সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসেবেই এই দেওয়ালচিত্র তৈরি করা হয়। কিন্তু সেই ছবির মুখমণ্ডলই বারবার নিশানা হয়ে উঠছে। রবিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, কবিগুরুর মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

Published on: Nov 23, 2026, 08:30:10 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বাংলাদেশের মাটিতে ফের অপমানিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর! মাত্র ১৬ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের জন্য কবিগুরুর প্রতিকৃতিতে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা সামনে এল। খুলনা শহরের রেলস্টেশনের দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথের ছবির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। রবিবার (২২ নভেম্বর) দুপুরে বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরপর দু'বার একই প্রতিকৃতি আক্রান্ত হওয়ার ঘটনায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশ এবং মুক্তচিন্তার পরিসর নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

১৬ দিনের ব্যবধানে ফের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি বাংলাদেশের খুলনায়, তদন্তে পুলিশ
১৬ দিনের ব্যবধানে ফের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি বাংলাদেশের খুলনায়, তদন্তে পুলিশ

প্রতিবেদন অনুযায়ী, খুলনা শহরের শিববাড়ি মোড় সংলগ্ন রেলস্টেশনের দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বড় প্রতিকৃতি আঁকা হয়েছিল। শহরের সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসেবেই এই দেওয়ালচিত্র তৈরি করা হয়। কিন্তু সেই ছবির মুখমণ্ডলই বারবার নিশানা হয়ে উঠছে। রবিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, কবিগুরুর মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শনিবার রাতেই এই ঘটনা ঘটেছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, এই প্রথম নয়। এর আগেও গত ৬ নভেম্বর একই দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সেই সময় দেওয়ালের আশপাশে রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে আপত্তিকর পোস্টারও দেখা গিয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।

প্রথমবারের ঘটনার পর খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এই ধরনের কাজের নিন্দা জানান এবং প্রতিকৃতি পুনরায় আঁকার উদ্যোগ নেন। শিল্পী মহম্মদ রেজাউল করিম (রেজা) নতুন করে রবীন্দ্রনাথের ছবি আঁকেন। কিন্তু সেই মেরামতির মাত্র ১৬ দিনের মধ্যেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি।

ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সাংস্কৃতিক মহল। কারণ, ওই দেওয়ালে শুধু রবীন্দ্রনাথের ছবিই ছিল না। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, লোকসংগীত সাধক ফকির লালন শাহ, চিত্রশিল্পী এস এম সুলতান, কবি মাইকেল মধুসূদন দত্ত, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সুন্দরবন, পাটশিল্প এবং জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন দৃশ্যও তুলে ধরা হয়েছে। কিন্তু বারবার শুধু রবীন্দ্রনাথের মুখমণ্ডলই আক্রান্ত হচ্ছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লোকমান হোসেন জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। আগেরবারের ঘটনার সময় কোনও সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। প্রথম ও দ্বিতীয় ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে চিহ্নিত বা গ্রেপ্তার করা যায়নি।

উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা ভাষার সাহিত্যিক নন, বিশ্বসাহিত্যের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর লেখা ‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সংগীত। সেই দেশেরই একটি গুরুত্বপূর্ণ শহরে বারবার তাঁর প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় স্বাভাবিকভাবেই সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে।

সব মিলিয়ে, খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে দ্বিতীয়বার কালি মাখানোর ঘটনা বাংলাদেশের সাংস্কৃতিক সহনশীলতা এবং শিল্প-সাহিত্যের স্বাধীন পরিবেশ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিল। কারা এই ঘটনার নেপথ্যে, তাদের উদ্দেশ্যই বা কী, এখন সেই উত্তর খুঁজছে পুলিশ।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।