NEET paper leak issue: 'যখন সমস্যার সমাধান..., নিট প্রশ্নফাঁস ইস্যুতে কেন নীরবতা? মুখ খুললেন বিজেপির রাঘব চাড্ডা

NEET paper leak issue: দেশে প্রশ্নফাঁস রুখতে 'পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪' সংশোধনী বিল এনেছে কেন্দ্র। লোকসভায় পাশের পর রাজ্যসভায় বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। তখনই প্রথমবার প্রশ্নফাঁস নিয়ে মুখ খুলেছেন রাঘব চাড্ডা।

Published on: Jul 31, 2026, 12:08:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

NEET paper leak issue: আম আদমি পার্টির সাংসদ থাকাকালীন জনতার নানা সমস্যা নিয়ে সংসদে একাধিকবার সরব হয়েছেন। মোবাইল সংস্থাগুলির ট্যারিফ ৩০ দিনের পরিবর্তে ২৮ দিন কেন প্রশ্ন তোলা থেকে গিগ কর্মীদের পাশে দাঁড়ানো, পিতৃত্বকালীন ছুটির মতো নানা ইস্যুতে মুখ খুলেছেন। কিন্তু নিট প্রশ্নফাঁস ইস্যুতে একেবারে চুপ বিজেপিতে যোগ দেওয়া রাঘব চাড্ডা। এই নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা হয়েছে। এই আবহে রাজ্যসভায় 'পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬' পাশ হওয়ার কয়েক ঘণ্টা আগে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে অবশেষে নীরবতার ভাঙলেন রাজ্যসভার বিজেপি সাংসদ।

নিট প্রশ্নফাঁস ইস্যুতে মুখ খুললেন রাঘব চাড্ডা (Sansad TV)
নিট প্রশ্নফাঁস ইস্যুতে মুখ খুললেন রাঘব চাড্ডা (Sansad TV)

দেশে প্রশ্নফাঁস রুখতে 'পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪' সংশোধনী বিল এনেছে কেন্দ্র। লোকসভায় পাশের পর রাজ্যসভায় বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। তখনই প্রথমবার প্রশ্নফাঁস নিয়ে মুখ খুলেছেন রাঘব চাড্ডা। নিজের অবস্থান জানাতে অবশেষে ব্যাখ্যা দিয়েছেন তিনি। রাজ্যসভা সাংসদ বলেন, 'আগে আমি বিরোধী ছিলাম। বিরোধী হিসাবে আমার কাজ প্রশ্ন তোলা, সেটাই করেছি। এখন ট্রেজারি বেঞ্চে বসি। এখন আমার কাজ প্রশ্ন তোলা নয়, সমস্যা সমাধান করা। নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, যখন সমস্যার সমাধান খুঁজে পাব, সেদিনই সংসদে মুখ খুলব। আজ সেই দিন অবশেষে এল।' তিনি আরও বলেন, 'ভারতের ছাত্রছাত্রী ও যুবকদের ক্ষেত্রে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, সরকার তাঁদের কথা শুনেছে, পদক্ষেপ নিয়েছে এবং প্রতিশ্রুতি পূরণ করেছে।'

সংসদে রাঘব চাড্ডা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। তাঁর কথায়, '২২ লক্ষ ছাত্রছাত্রী প্রতিদিন ১৮ ঘণ্টা পড়াশোনা করে মাত্র ৩ ঘণ্টার পরীক্ষার জন্য। কিন্তু একটি ক্যামেরা ফোন, একটি হোয়াটসঅ্যাপ বার্তা বা রাত ২টোয় টেলিগ্রামে একটি পিডিএফ ছড়িয়ে পড়লেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং সব পরিশ্রম নষ্ট হয়ে যায়। তিনি বলেন, ক্যানসারের চিকিৎসা যেমন শুধু সাধারণ ওষুধে হয় না, তেমনই প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সমাধানও শুধু বক্তব্য দিয়ে হবে না। এর জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার। এই বিলের মাধ্যমে দেশের প্রথম প্রশ্নপত্র ফাঁস রোধের কাঠামো তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, 'পরীক্ষা হবে স্বচ্ছভাবে। মেধাকে সম্মান জানানো হবে। মাফিয়ারা জেলে থাকবে। আর সরকার হবে প্রহরী। শিক্ষা ব্যবস্থা হবে অত্যন্ত শক্তিশালী। ছাত্রছাত্রীরা জিতবে। মাফিয়ারা হারবে। জয় হিন্দ।' রাঘব চাড্ডা নিট পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাঁদের ক্ষোভ ও কষ্ট সম্পূর্ণ ন্যায্য। তিনি দাবি করেন, ছাত্রদের দাবি প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, পরিবারের অভিভাবকের মতো শুনেছেন। এরপর সরকার তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি একাধিক পদক্ষেপ নিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ হয়। বহু পড়ুয়া তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানায়। পরে তিনি পদ ছাড়েন। তারপরেই রাজ্যসভায় এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি সাংসদ রাঘব চাড্ডা।