'আমার স্তব্ধতাকে হেরে...,' APP ডানা ছাঁটতেই মুখ খুললেন রাঘব চাড্ডা, নিশানায় কে?

রাঘব চাড্ডাকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়েছে আপ। এই বিষয়ে রাজ্যসভায় চিঠি দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল।

Published on: Apr 3, 2026, 12:10:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আম আদমি পার্টির অন্দরমহলে বড়সড় রদবদল। বৃহস্পতিবার রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তরুণ সাংসদ রাঘব চাড্ডাকে। তাঁর পরিবর্তে ওই পদে নিযুক্ত করা হয়েছে সাংসদ অশোক মিত্তলকে। ২০২৩ সাল থেকে এই পদে ছিলেন তিনি। আর সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ভেঙে কড়া প্রতিক্রিয়া দিলেন রাঘব চাড্ডা, একটি ভিডিওর মাধ্যমে, যা পোস্ট করা হয় তাঁর এক্স অ্যাকাউন্টে।

APP ডানা ছাঁটতেই মুখ খুললেন রাঘব চাড্ডা (@raghav_chadha)
APP ডানা ছাঁটতেই মুখ খুললেন রাঘব চাড্ডা (@raghav_chadha)

শুক্রবার এক্স বার্তায় আপ সাংসদ বলেন, 'আমায় যখন যখন পার্লামেন্ট বলবার সুযোগ দেওয়া হয়েছে, তখন আমি জনতার কথা বলি। এমন বিষয়ে কথা বলি যেগুলি সাধারণভাবে সংসদে তোলা হয় না...কিন্তু জনতার ইস্যুতে কথা বলা, পাবলিক ইস্যুতে কথা বলা কোনও অপরাধ? আমি কী কোনও ভুল করে ফেলেছি?' একই সঙ্গে তাঁর দাবি, 'আমার স্তব্ধতাকে হেরে যাওয়া ভাববেন না।' আসলে রাঘবকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়েছে আপ। এই বিষয়ে রাজ্যসভায় চিঠি দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। আপ দাবি করেছে, দলের জন্য যেই বলার সময় বরাদ্দ, সেটা যেন রাঘবকে না দেওয়া হয়। আর তাতেই চটেছেন চাড্ডা। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে এসে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।

তাঁর অভিযোগ, 'আম আদমি পার্টি রাজ্যসভার সেক্রেটেরিয়েটকে এটা বলেছে যে রাঘব চাড্ডার পার্লামেন্টে বলার উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। হ্যাঁ ঠিকই শুনছেন। আম আদমি পার্টি পার্লামেন্টকে এটা বলেছে, যেন রাঘব চাড্ডাকে পার্লামেন্টে না বলতে দেওয়া হয়। এখন প্রশ্ন হল, কেন কেউ আমার কথা বলার উপর নিষেধাজ্ঞা আনতে চাইছেন না? আমি তো যখনই কথা বলি, তখন সাধারণ মানুষের হয়ে কথা বলি।'এরপরেই তিনি পার্লামেন্ট তাঁর বলা বিষয়গুলির কথা তুলে ধরেন। চাড্ডা বলেন, 'আমি তো বিমানবন্দরে দামি খাবারের কথা তুলি, জোম্যাটো-ব্লিঙ্কিটের রাইডার্সের সমস্যার কথা তুলে ধরি, খাবারে ভেজালের প্রসঙ্গ তুলি, টোল প্লাজা লুট থেকে ব্যাঙ্ক চার্জ নিয়ে কথা বলি। এমনকী মধ্যবিত্তের ট্যাক্সের সমস্যা থেকে কন্টেন্ট ক্রিয়েটারদের সমস্যার কথা তুলে ধরি। এমনকী টেলিকম সংস্থারা কীভাবে ১২ মাসে আমাদের ১৩ বার রিচার্জ করাচ্ছে, ডেটা রোল ওভার দিচ্ছে না, রিচার্জ শেষ হওয়ার পর ইনকামিং বন্ধ করে দেওয়ার মতো বিষয়গুলি আমি তুলে ধরি।' তাঁর দাবি, এই ধরনের প্রশ্ন তোলার জন্য সাধারণ মানুষের কিছু ভাল হয়েছে। পাশাপাশি তাঁর প্রশ্ন, কিন্তু এতে আম আদমি পার্টির কোনও লোকসান হয়েছে কী? কেন কেউ তাঁকে বলত দিতে চাইছে না? সব শেষে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন, 'কিন্তু আপনারা আমায় সাপোর্ট দেন... আপনারা আমায় ভালোবাসা দেবেন। আমি আপনাদের জন্যই রয়েছি।'

উল্লেখ্য, ২০২০ সালের বিধানসভা নির্বাচনে রাজেন্দ্রনগর আসন থেকে জয়ী হন রাঘব চাড্ডা। দিল্লি জল বোর্ডের ভাইস চেয়ারম্যান করা হয় তাঁকে। ২০২২ সালে তিনি রাজ্যসভার সবথেকে কমবয়সী সাংসদ হিসাবে নির্বাচিত হন।