BRICS Summit 2026: পাককে ‘জঙ্গিদের মদত দেওয়া’ দেশ বলতে চাননি, সেই দেশের PM-র সঙ্গে বৈঠকে রাহুলরা
BRICS Summit 2026: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে রাহুল গান্ধীর করমর্দন করার মুহূর্তও ছবিতে ধরা পড়েছে। ব্রিকস সম্মেলনের শেষদিন, এই বৈঠকটি হয়েছে।
BRICS Summit 2026: ব্রিকস সম্মেলনের (BRICS Summit 2026) ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সম্প্রতি সংবাদমাধ্যম এনডিটিভির সাক্ষাৎকারে পাকিস্তানকে ‘জঙ্গিদের মদত দেওয়া’ দেশ হিসেবে চিহ্নিত করতে চাননি।

নয়াদিল্লিতে এই মুহূর্তে চলছে ১৮তম ব্রিকস সম্মেলন। তারই মাঝে রবিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে দেখা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই বৈঠকে ছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ব্রেকফাস্ট টেবিলে বসে খোশমেজাজে কথা বলছেন তাঁরা। প্রধানমন্ত্রী ইব্রাহিমের সঙ্গে রাহুল গান্ধীর করমর্দন করার মুহূর্তও ছবিতে ধরা পড়েছে। ব্রিকস সম্মেলনের শেষদিন, এই বৈঠকটি হয়েছে।
এর আগে শনিবার, অষ্টাদশতম ব্রিকসের এক ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সেরেছেন আনোয়ার ইব্রাহিম। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে তাঁকে। তিনি বলেন, 'দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী কত জনপ্রিয়। আমাকে যে কত মেসেজ ওঁর কাছে পৌঁছে দিতে হল।' তাঁর এই কথা থেকে পরিষ্কার, মালয়েশিয়াতেও ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কোন পর্যায়ে। অন্যদিকে, ব্রিকস সম্মেলনে 'পার্টনার কান্ট্রি' হিসেবে মালয়েশিয়ার অংশগ্রহণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের পর দ্বিপাক্ষিক সম্পর্কের কতটা অগ্রগতি হয়েছে, তা নিয়ে দুই নেতা পর্যালোচনা করেন। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, সেমিকন্ডাক্টর, পরিকাঠামো, ডিজিটাল অর্থনীতি, জ্বালানি, ফিনটেক, শিক্ষা, পর্যটন এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এবারের ব্রিকস সম্মেলনে মালয়েশিয়া 'অংশীদার দেশ' (Partner Country) হিসেবে উচ্চ-পর্যায়ের আলোচনায় অংশ নেয়।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, মালয়েশিয়ার সাবাহ প্রদেশের কোটা কিনাবালুতে ভারতের একটি কনস্যুলেট জেনারেল খোলার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আসিয়ান-ভারত সম্পর্ক মজবুত করতে মালয়েশিয়ার ধারাবাহিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতাই পারস্পরিক স্বার্থ জড়িত এমন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। ভারত-মালয়েশিয়া কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তাঁরা।
E-Paper

