Rahul Gandhi: 'আমার ফোন ট্যাপ করেন!' বিস্ফোরক অভিযোগ রাহুলের, ফের PM মোদীকে সরাসরি বিতর্কের ডাক

Rahul Gandhi: ইনস্টাগ্রামে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটি ‘আস্ক মি’ (Ask Me) সেশন করেছিলেন কংগ্রেস সাংসদ। সেই সেশনেই তিনি এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন।

Published on: Nov 13, 2026, 20:01:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Rahul Gandhi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফোন ট্যাপ করার বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার একটি ভার্চুয়াল আলাপচারিতায় নিজের ফোন হাতে তুলে কংগ্রেস নেতা দাবি করেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ তাঁর ফোনেই রয়েছে। একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখোমুখি প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জও ফের জানিয়েছেন তিনি।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (X/INCIndia/Videograb) (HT_PRINT)
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (X/INCIndia/Videograb) (HT_PRINT)

এদিন নিজের ফোনটি ক্যামেরার সামনে তুলে রাহুল গান্ধী বলেন, 'প্রমাণটা এই ফোনেই আছে, আর প্রধানমন্ত্রী তা জানেন, কারণ তিনি আমার ফোন ট্যাপ করেন।' যদিও ফোন ট্যাপ করার অভিযোগের সপক্ষে তিনি কোনও যাচাই করা সম্ভব এমন প্রযুক্তিগত প্রমাণ পেশ করেননি। ইনস্টাগ্রামে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটি ‘আস্ক মি’ (Ask Me) সেশন করেছিলেন কংগ্রেস সাংসদ। সেই সেশনেই তিনি এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। এর আগেও রাহুল গান্ধী ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছিলেন। তাঁর অভিযোগ ছিল যে, কেন্দ্রীয় সংস্থাগুলিকে আড়ি পাতার সুযোগ করে দেওয়ার জন্য তাঁর ও আরও অনেক রাজনীতিবিদের ফোনে পেগাসাস স্পাইওয়্যার ইনস্টল করা হয়েছিল।

২০২৩ সালে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, 'আমার নিজের ফোনেই পেগাসাস ছিল। বহু রাজনীতিবিদের ফোনেই পেগাসাস আছে। গোয়েন্দা কর্তারা আমাকে ফোন করে বলেছেন, দয়া করে ফোনে কী বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন, কারণ আমরা সবকিছু রেকর্ড করছি।' যদিও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেই সমস্ত অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছিল। শুক্রবার রাহুল গান্ধী আবারও বলেন যে, 'কে বিদেশিদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছেন এবং কে দেশদ্রোহী, সেই প্রশ্নের নিষ্পত্তি একটি মুখোমুখি বিতর্কের মাধ্যমেই হবে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমার কাছে ‘প্রমাণ’ রয়েছে।' শুক্রবার-সহ গত ১২ দিনে সাত বার রাহুল গান্ধী প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানালেন। কংগ্রেস নেতা নির্বাচনী প্রক্রিয়া, বিদেশি প্রভাব এবং জাতীয় নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয়ে বারবার খোলামেলা আলোচনার দাবি জানিয়েছেন।

যদিও বিজেপি নেতারা রাহুল গান্ধীর এই চ্যালেঞ্জ বারবার প্রত্যাখ্যান করেছেন এবং তাঁর বিরুদ্ধে সংসদে জরুরি বিষয়ে বিতর্ক এড়িয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন। এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রশ্ন তুলেছিলেন, যখন সংসদ আলোচনার জন্য প্রস্তুত, তখন রাহুল গান্ধী কেন প্রধানমন্ত্রীকে বিতর্কের স্থান বেছে নিতে বলছেন?