Rahul Gandhi: আন্তর্জাতিক মঞ্চে ভারতকে 'সাইড প্লেয়ার' মন্তব্য রাহুলের, পাল্টা 'পাক ফ্যানবয়' তোপ বিজেপির
Rahul Gandhi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতি নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধীর মতে, রাষ্ট্রনেতাদের ব্যক্তিগত সম্পর্কের উপর আন্তর্জাতিক সম্পর্ক নির্ভর করে না। বিশ্ব রাজনীতির গতিপ্রকৃতি নির্ধারিত হয় বৃহত্তর অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক কাঠামোর ভিত্তিতে।
Rahul Gandhi: মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) একটি মন্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক ও বাদানুবাদ শুরু হয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের (University of Chicago) অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেছেন, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের মতো বড় দেশের প্রতিটি আন্তর্জাতিক আলোচনায় তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকা উচিত হলেও বর্তমানে দেশটি এক কোণে পড়ে রয়েছে। বরং পাকিস্তান এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মতো শক্তিশালী দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছে। এই মন্তব্যের পালটা তুলোধোনা করেছে বিজেপিও (BJP)। কংগ্রেস নেতাকে পাকিস্তানের ‘ফ্যানবয়’ তোপ দেগেছে গেরুয়া শিবির।

লোকসভার বিরোধী দলনেতা শিকাগো বিশ্ববিদ্যালয়ে বসে বলেছেন,ঐতিহাসিকভাবেই ভূ-রাজনীতি সম্পর্কে ভারতের যথেষ্ট গভীর ও পরিণত ধারণা ছিল। কিন্তু বর্তমানে বিশ্ব পরিস্থিতি নির্ধারণে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে না কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে। তাঁর কথায়, 'ভূরাজনৈতিক বিষয়ে ভারত বরাবরই খুব সচেতন। নানা দেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। যেহেতু ভারত এত বড় দেশ, সেকারণেই সমস্ত আন্তর্জাতিক আলোচনায় আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। কিন্তু সত্যি কথা বলতে, ভারত এখন এক কোণায় পড়ে রয়েছে। অন্যদিকে পাকিস্তান কিন্তু ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ব্যস্ত।' স্বাধীনতার পর জোটনিরপেক্ষ আন্দোলনে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন রাহুল গান্ধী। তাঁর মতে, এক সময় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যথেষ্ট প্রভাব ও মর্যাদা ছিল। বিশ্বমঞ্চে ভারতকে আবার সেই জায়গায় দেখতে চান তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতি নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধীর মতে, রাষ্ট্রনেতাদের ব্যক্তিগত সম্পর্কের উপর আন্তর্জাতিক সম্পর্ক নির্ভর করে না। বিশ্ব রাজনীতির গতিপ্রকৃতি নির্ধারিত হয় বৃহত্তর অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক কাঠামোর ভিত্তিতে। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, 'উনি সকলকেই নিজের বন্ধু বলে দাবি করেন। কিন্তু ভূরাজনীতিতে বন্ধুত্ব দিয়ে কিছুই হয় না। আসল বিষয় হল, আপনি কী ঘটছে, আপনি কে এবং বিশ্বে আপনার অবস্থান কোথায়, তা বুঝতে পারছেন কিনা।'
বিজেপির প্রতিক্রিয়া
রাহুল গান্ধীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র সি আর কেশবন (CR Kesavan) সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, বিরোধী দলনেতা আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে অজ্ঞ এবং তিনি পাকিস্তানের হয়ে বক্তব্য রাখছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে দেখে মনে হয় পাকিস্তানের চিয়ারলিডার। তিনি পাকিস্তানের হয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তিনি যে কতটা অজ্ঞ সেটা বোঝা যায় এই মন্তব্যগুলি থেকে।’ অপর এক বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারী (Pradeep Bhandari) প্রশ্ন তুলেছেন, বিদেশে গিয়ে রাহুল গান্ধী কেন পাকিস্তানের বিষয়ে এতটা আগ্রহ দেখান এবং তাদের হয়ে সওয়াল করেন। সামগ্রিকভাবে, কংগ্রেস নেতার এই বক্তব্য ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে বাগযুদ্ধ শুরু হয়েছে। তাঁর কথায়, ‘রাহুল গান্ধী পাকিস্তান নিয়ে এত মাথা ঘামান কেন? আন্তর্জাতিক মঞ্চে গেলেই তিনি পাক ফ্যানবয়ের মতো আচরণ করেন।’
পাকিস্তান নিয়ে কী বললেন রাহুল গান্ধী?
ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও পড়ুয়াদের প্রশ্নের জবাব দেন রাহুল গান্ধী। আলোচনা সভায় উপস্থিত এক পাকিস্তানি অংশগ্রহণকারী জানতে চান, পারস্পরিক দোষারোপের রাজনীতি সরিয়ে রেখে দুই দেশ কী একসঙ্গে কাজ করার কথা ভাবতে পারে? জবাবে রাহুল গান্ধী বলেন, দুই দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা অবশ্যই রয়েছে। তবে তার আগে পাকিস্তানকে ভারতে সন্ত্রাসবাদে মদত দেওয়া এবং উৎসাহিত করা বন্ধ করতে হবে। তাঁর কথায়, 'হ্যাঁ, আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু একটা বড় সমস্যা হল, পাকিস্তান আমাদের দেশে সন্ত্রাসবাদকে সমর্থন করে। উৎসাহ দিয়ে চলেছে।' কংগ্রেস নেতা জানান, 'নিরীহ মানুষ খুন হচ্ছে, আর আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাব, এটা মেনে নেওয়া অসম্ভব। এই ঘটনা বন্ধ হলেই আলোচনার দরজা খুলতে পারে।'
E-Paper

