Rahul Gandhi: 'রাগ আর ঘৃণা...,' শিব-পার্বতীর ছবি পোস্ট করে বিজেপি ও RSS-কে কড়া জবাব রাহুলের, পাল্টা হিমন্ত
Rahul Gandhi: মঙ্গলবার এক্স হ্যান্ডেলে দ্বাদশ শতকের কর্ণাটকের শৈব মন্দির হোয়সালেশ্বরের বাইরে খোদাই করা এক ভাস্কর্যের ছবি পোস্ট করেন রাহুল গান্ধী।
Rahul Gandhi: সনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর শৈশবের বেশ কিছু ঘটনা তুলে ধরেন। তিনি তাঁর বাবা-মা, সনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিয়ে একটি ব্যক্তিগত ঘটনাও বর্ণনা করেন। একটি বিশেষ স্মৃতিচারণ করে রাহুল গান্ধী বলেন, তাঁর মা প্রায়ই খাওয়ার সময় বাবার কোলে বসতেন, যা তাঁর কাছে বড় হওয়ার সময় সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয় ছিল। সেই বক্তব্যকে হাতিয়ার করেই মাঠে নামে বিজেপি। কংগ্রেস নেতাকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার সেই সমালোচনার জবাব দিতে গিয়ে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে সরব হলেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, ভয়, রাগ ও ঘৃণার পরিবেশ তৈরি করে ভালোবাসার অনুভূতিকে দমিয়ে রাখা হচ্ছে।

মঙ্গলবার এক্স হ্যান্ডেলে দ্বাদশ শতকের কর্ণাটকের শৈব মন্দির হোয়সালেশ্বরের বাইরে খোদাই করা এক ভাস্কর্যের ছবি পোস্ট করেন রাহুল গান্ধী। সেই ছবি পোস্ট করে কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘ভয়, রাগ আর ঘৃণা বিজেপি ও আরএসএসের সমর্থকদের হৃদয়ে এমন এক জাল বুনেছে, যার ফলে তাঁরা ভালোবাসা অনুভব করতে বা প্রকাশ করতে পারেন না।’ তিনি আরও বলেন, 'সত্যিকারের হিন্দু হিসাবে আমার কর্তব্য ওদের এই জাল থেকে মুক্ত করা। যাতে ওদেরও ভালোবাসার সৌন্দর্য ও আনন্দ উপভোগ করার সৌভাগ্য হয়।' পোস্টের শেষে 'সত্যম শিবম সুন্দরম' কথাটিও উল্লেখ করেন তিনি। সোমবারই রাহুল গান্ধী সনিয়া গান্ধী ও রাজীব গান্ধীর খাওয়ার অভ্যাসের কথা স্মরণ করেছেন। তাঁর বাবা-মায়ের সম্পর্কের বর্ণনা দিতে গিয়ে রাহুল বলেন, তাঁদের মধ্যে গভীর মানসিক বন্ধন ছিল। রাহুল গান্ধীর কাছে এটি ছিল দৈনন্দিন পারিবারিক জীবনেরই একটি অংশ।
এই নিয়েই মাঠে নামে পদ্ম শিবির। রাহুল গান্ধীর ওই বক্তব্যের একটি ভিডিও এক্স-এ শেয়ার করে তাঁকে কটাক্ষ করেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। সনিয়া গান্ধীকে উদ্দেশ করে তিনি লেখেন, 'দুঃখিত ম্যাডাম, আপনার জীবনের এমন বিশেষ দিনেও আপনার ছেলে আপনাকে এই অস্বস্তির হাত থেকে রেহাই দিল না।' দেশ এটা অনেক আগেই বুঝে গেছে। আশা করি, আপনিও এখন বুঝবেন।' তিনি রাহুল গান্ধীকে একটি প্রোডাক্ট বলে অভিহিত করে বলেছেন, এই প্রডাক্টটিকে আর বাজারে আনা বা পুনরায় বাজারে লঞ্চ করার কোনও প্রয়োজন নেই। প্রসঙ্গত, অনুষ্ঠানের শুরুতেই রাহুল গান্ধী জানিয়েছিলেন, স্মৃতিকথা প্রকাশের মঞ্চে কোনও রাজনৈতিক আলোচনা করতে চান না তিনি। একজন সন্তান হিসেবে মায়ের জীবনের কিছু ব্যক্তিগত মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিতেই বক্তব্য রেখেছিলেন। তবে সেই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় এবার বিজেপি ও আরএসএসকে পাল্টা আক্রমণ করলেন কংগ্রেস নেতা।
E-Paper

