Rahul Gandhi Protest: ‘FIR দায়ের করতেই হবে!’ ছরার গুলিতে আক্রান্তকে নিয়ে থানায় ধর্নায় বসলেন রাহুল

Rahul Gandhi Protest: রাহুল গান্ধীর দাবি, ওই ঘটনায় পুলিশকে এফআইআর দায়ের করতে হবে। মামলা না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবেন না তিনি।

Published on: Aug 21, 2026, 14:07:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rahul Gandhi Protest: দিল্লিতে পড়ুয়াদের প্রতিবাদ চলাকালীন ছররা গুলি ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে এখনও সরগরম জাতীয় রাজনীতি। এই ইস্যুতে এবার নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার ডেপুটি কমিশনার অফ পুলিশের (DCP) দফতরের বাইরে ধর্নায় বসলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁদের অভিযোগ, ছররায় আহত যুবক সাহিল লোচাবের অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করতে চাইছে না। রাহুল গান্ধী সঙ্গে যাওয়া সত্ত্বেও তদন্তকারী অফিসারের নম্বর দিচ্ছেন না ডিসিপি।

ছরার গুলিতে আক্রান্তকে নিয়ে থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী (AICC/ANI Photo)
ছরার গুলিতে আক্রান্তকে নিয়ে থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী (AICC/ANI Photo)

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সংসদ ভবন অভিযানে নেমেছিল ককরোচ জনতা পার্টি (CJP)-সহ পড়ুয়ারা। গত ২০ জুলাই সেই অভিযানকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক গণ্ডগোল দেখা গিয়েছিল। অভিযোগ ছিল, আন্দোলনকারীদের থামাতে ছররা গুলির ব্যবহার করেছে দিল্লি পুলিশ। সেই ছররা গুলিতে জখম হয়ে অন্ধ হতে বসেছে সাহিল নামের এক পড়ুয়া। সেই পড়ুয়াকে নিয়েই আজ, শুক্রবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করতে যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু অভিযোগ দিল্লি পুলিশ ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করতে রাজি হয়নি। তারই প্রতিবাদে পড়ুয়া সাহিলকে নিয়ে পার্লামেন্ট স্ট্রিটে এক শীর্ষ পুলিশ আধিকারিকের দফতরের বাইরে ধর্নায় বসেছেন রাহুল গান্ধী। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে থানার বাইরে।

রাহুল গান্ধীর দাবি, ওই ঘটনায় পুলিশকে এফআইআর দায়ের করতে হবে। মামলা না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবেন না তিনি। ধর্নাস্থল থেকে সাংবাদিকদের কংগ্রেস নেতা বলেন, 'বিক্ষোভকারীদের পেলেট বন্দুকের গুলিতে আঘাত করা হয়েছিল।' তাঁর সঙ্গে থাকা সাহিলের দিকে ইঙ্গিত করে জানান, তেরঙা হাতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সময় তাঁর ভাই পেলেটের আঘাতে জখম হন। এরপর সাহিলের টি-শার্ট তুলে শরীরের ক্ষতচিহ্ন সংবাদমাধ্যমকে দেখান বিরোধী দলনেতা। এখন এফআইআর-এর দাবিতে সরাসরি পুলিশের দফতরের সামনে বসেছেন তিনি। কংগ্রেসের অভিযোগ, ১৪ আগস্ট সাহিল তার আইনজীবীদের সঙ্গে নিয়ে দিল্লি পুলিশের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দিলেও তাঁকে কোনও তদন্তকারী অফিসারের (আই/ও) নম্বর দেওয়া হয়নি। এরপর ১৭ আগস্ট ইমেল এবং ফোনের মাধ্যমে অভিযোগের বিষয়ে পুনরায় খোঁজ নেওয়া হলেও কোনও তদন্তকারী অফিসারের নম্বর দেওয়া হয়নি। কংগ্রেসের বক্তব্য, বিষয়টি শুধুমাত্র একজন পড়ুয়ার আহত হওয়ার ঘটনা নয়। ছাত্রদের আন্দোলন দমনে নিরাপত্তাবাহিনী কী ধরনের শক্তি প্রয়োগ করেছিল এবং কে বা কারা সেই ব্যবহারের অনুমতি দিয়েছিল, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। দলের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ঘটনার সূত্রপাত

নিট (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে সিজেপি-র ডাকে ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে বড়সড় ছাত্র আন্দোলন হয়। ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তাবাহিনী লাঠিচার্জ, কাঁদানে গ্যাস-সহ একাধিক পদ্ধতি ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। আন্দোলনের পরে একাধিক পড়ুয়া ও পুলিশকর্মী আহত হন। এই সংঘর্ষের পরেই পুলিশের বিরুদ্ধে পেলেট ব্যবহারের অভিযোগ সামনে আসে। কয়েকজন আন্দোলনকারী দাবি করেন, নিরাপত্তাবাহিনীর ছোড়া পেলেটের আঘাতে তাঁরা জখম হয়েছেন। যদিও দিল্লি পুলিশ প্রথম থেকেই দাবি করে আসছে, পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার করেছে-এমন অভিযোগ বিভ্রান্তিকর।