Rahul Gandhi Chalo Dilli March: 'লাঠির চিন্তা করবেন না!' সব ছাত্র সংগঠনকে ‘চলো দিল্লি’ অভিযানে ডাক রাহুলের
Rahul Gandhi Chalo Dilli March: কেন্দ্রীয় শাসকদল ও দিল্লি পুলিশকে সরাসরি নিশানা করে কংগ্রেস নেতা দেশবাসীকে সমস্ত ভয়-সংকোচ ঝেড়ে ফেলার পরামর্শ দিয়েছেন।
Rahul Gandhi Chalo Dilli March: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি এবং এসআইআর-এ কথিত অনিয়মের অভিযোগে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘দিল্লি চলো’ কর্মসূচির ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। এই আবহে দলমত নির্বিশেষে সব ছাত্র সংগঠনকে রবিবারের কর্মসূচিতে যোগ দেওয়ার ডাক দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে ধারাবাহিক বিক্ষোভ, প্রতিবাদ চালিয়ে যাচ্ছে ইন্ডিয়া জোট। একই দাবিতে সমান্তরাল কর্মসূচি চলেছে ককরোচ জনতা পার্টিরও। এবার রবিবার বিরোধী জোটের কর্মসূচিতে ককরোচদের প্রতিনিধিত্ব থাকারও প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এ অবস্থায় দেশের ছাত্র-যুবদের উদ্দেশে রাহুলের বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার এক্স-এ একটি বিশেষ ভিডিও বার্তা পোস্ট করেন রাহুল গান্ধী। সেখানে দেশবাসীর উদ্দেশ্যে বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, 'নমস্কার! এই ‘চলো দিল্লি’ রামলীলা মার্চ আসলে গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, ভোট চুরি রোখার লড়াই এবং আমাদের সংবিধানকে রক্ষা করার সংগ্রাম। এই মিছিল বা কর্মসূচি নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের নয়; বরং এটি সমগ্র ভারতের আত্মার লড়াই।'
কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে গর্জে উঠে রাহুল গান্ধী সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে আরও বলেন, 'যাঁরা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের কার্যকলাপে সম্পূর্ণ বীতশ্রদ্ধ ও অতিষ্ঠ হয়ে উঠেছেন, তাঁরা প্রত্যেকে নির্ভয়ে এই মিছিলে অংশ নিতে পারেন। যাঁদের মনে দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষা করতে চান, তাঁরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটুন।' কেন্দ্রীয় শাসকদল ও দিল্লি পুলিশকে সরাসরি নিশানা করে কংগ্রেস নেতা দেশবাসীকে সমস্ত ভয়-সংকোচ ঝেড়ে ফেলার পরামর্শ দিয়েছেন। পুলিশের পদক্ষেপ বা বলপ্রয়োগের আশঙ্কা উড়িয়ে দিয়ে রাহুল গান্ধী বলেন, 'গোটা দেশে আজ একটাই প্রতিবাদী আন্দোলন রয়েছে, যা আসলে পুরো ভারতের আন্দোলন। পুলিশকে ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই। পুলিশের লাঠির চিন্তা করবেন না। বিজেপি এবার তাদের পুরনো কোনও অপকৌশল প্রয়োগ করার সাহস বা সুযোগ পাবে না।' তিনি আরও বলেন, 'আসুন, আমাদের সঙ্গে পা মেলান। আমরা সবাই মিলে একযোগে হাঁটব— এই ভারতের জন্য, আমাদের প্রিয় সংবিধানকে রক্ষা করার জন্য।'
লোকসভার বিরোধী দলনেতা বলেন, 'আমি সমস্ত ছাত্র সংগঠনের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি— আপনারা যে রাজনৈতিক দলের ভাবধারাতেই বিশ্বাসী হন না কেন, যদি আপনাদের মনে হয় যে আজ ভারত আক্রান্ত, যদি আপনারা অনুভব করেন যে আপনার মতামত, আপনার চিন্তাভাবনা এবং স্বাধীন প্রকাশের অধিকারের ওপর আঘাত আসছে, তবে এগিয়ে আসুন। আমাদের মিছিলে যোগ দিন।' ১ নভেম্বরের এই ‘চলো দিল্লি’ কর্মসূচি এক অভূতপূর্ব ও স্মরণীয় ঘটনা হতে চলেছে বলে দাবি রাহুল গান্ধীর। ভিডিও বার্তার শেষে আত্মবিশ্বাসী গলায় তিনি বলেন, 'এটি একটি চমৎকার ও দারুণ মিছিল হতে চলেছে। দেশের আত্মাকে বাঁচানোর জন্যই এই দীর্ঘ পথচলা। রামলীলা ময়দানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম।'
E-Paper

