...
...
Next Story

Railway Employee Rapes at Rail Station: কনফার্ম টিকিটের টোপ, রৌরকেলা স্টেশনে তরুণীকে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার রেলকর্মী

বৃহস্পতিবার ৫৪ বছরের ওই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম কপিলেশ্বর সিংহ। তিনি রেলের ভালভ অপারেটর হিসাবে কাজ করতেন। ঘটনার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পেনশনের সুবিধাও তিনি পাবেন না বলে জানিয়েছে রেল।

Published on: Sep 4, 2026, 14:02:51 IST
Advertisement

নিশ্চিত ট্রেনের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে এক তরুণীকে ঘরে ডেকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় ওড়িশার রৌরকেলা রেল স্টেশনে গ্রেফতার হলেন এক রেলকর্মী। বৃহস্পতিবার ৫৪ বছরের ওই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম কপিলেশ্বর সিংহ। তিনি রেলের ভালভ অপারেটর হিসাবে কাজ করতেন। ঘটনার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পেনশনের সুবিধাও তিনি পাবেন না বলে জানিয়েছে রেল।

বেঙ্গালুরু যাওয়ার পথে রৌরকেলায়

নিশ্চিত ট্রেনের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে এক তরুণীকে ঘরে ডেকে ধর্ষণের অভিযোগ।
নিশ্চিত ট্রেনের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে এক তরুণীকে ঘরে ডেকে ধর্ষণের অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, ২০ বছরের ওই তরুণী তাঁর দুই খুড়তুতো ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরু যাচ্ছিলেন। তাঁদের প্রথমে টিটলাগড় থেকে হাতিয়া-যশবন্তপুর এক্সপ্রেসে ওঠার পরিকল্পনা ছিল। কিন্তু ভুল করে তাঁরা অন্য একটি ট্রেনে উঠে পড়েন। পরে আরও একটি ট্রেনে চড়ে রৌরকেলায় পৌঁছন। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ তাঁরা রৌরকেলা স্টেশনে পৌঁছন। এরপর বেঙ্গালুরু যাওয়ার জন্য নিশ্চিত টিকিটের চেষ্টা শুরু হয়। পুলিশের দাবি, অনেক চেষ্টা করেও তিন জন নিশ্চিত টিকিট পাননি।

টিকিটের কথা বলে ঘরে নিয়ে যাওয়ার অভিযোগ

এই সময়েই তরুণীর কাছে যান কপিলেশ্বর সিংহ। অভিযোগ, তিনি নিজে নিশ্চিত টিকিটের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন। এর পর তরুণীকে স্টেশনের একটি ঘরে নিয়ে যান তিনি। ঘরটি ছিল অফিসার্স রেস্ট হাউসের কাছে। সেখানে একটি অপারেটর রুমে নিয়ে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, সেখানেই তরুণীকে ধর্ষণ করেন অভিযুক্ত রেলকর্মী।

মুখ বন্ধ রাখতে টাকা দেওয়ার চেষ্টা?

তিন জন মিলে এরপর সরকারি রেল পুলিশ বা GRP-এর কাছে যান। সেখানেই লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁকে আদালতে হাজির করার পর জেলে পাঠানো হয়েছে। তদন্ত এখনও চলছে। অভিযুক্ত এবং তরুণী—দু’জনেরই মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান

বর্তমানে তরুণীকে রৌরকেলার হিংসার শিকার মহিলাদের জন্য নির্ধারিত একটি সুরক্ষা কেন্দ্রে রাখা হয়েছে। শুক্রবার ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তদন্তকারী আধিকারিক কৈলাশ মুন্ডা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জেলেও পাঠানো হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

রেলকর্মীকে চাকরি থেকে বরখাস্ত

ঘটনার পর কড়া পদক্ষেপ করেছে রেলও। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আদিত্য চৌধুরী জানিয়েছেন, অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে তিনি পেনশন সংক্রান্ত কোনও সুবিধাও পাবেন না। রেলের বক্তব্য, তদন্তে পুলিশকে সব রকম সহযোগিতা করা হবে। একটি নির্দিষ্ট টিকিটের আশ্বাস দিয়ে কী ভাবে একজন যাত্রীকে নির্জন ঘরে নিয়ে যাওয়া হল, তা নিয়েই এখন তদন্তকারীদের প্রশ্ন। স্টেশনের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe