Railway scare: মির্জাপুরে রেললাইনে ধস! বহু ট্রেনের পথ বদল, চরম দুর্ভোগে যাত্রীরা

Railway scare: রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে যে ৭টি ট্রেনের রুট পরিবর্তনের কথা জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে ১২২৭৪, ১২৩৯৮, ১২৩৬৮ এবং ১২৯৪৭ নম্বর ট্রেন।

Published on: Nov 11, 2026, 11:36:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Railway scare: দিল্লি-কলকাতা রেলপথে ফের বড়সড় বিপত্তি। উত্তরপ্রদেশের মির্জাপুর ও ঝিংগুরার মাঝামাঝি আমঘাট এলাকায় খাজুরি নদীর উপর নির্মীয়মাণ একটি রেলসেতুর সংলগ্ন বাঁধের মাটি বসে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রেন চলাচল। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার পরই আটকে রয়েছে শিয়ালদহ-রাজধানী-সহ প্রায় ১২টি ট্রেন। একইসঙ্গে বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে বলেও সূত্রের খবর। গোটা ঘটনায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মির্জাপুরে রেললাইনে ধস! বহু ট্রেনের পথ বদল, চরম দুর্ভোগে যাত্রীরা (সৌজন্যে এক্স )
মির্জাপুরে রেললাইনে ধস! বহু ট্রেনের পথ বদল, চরম দুর্ভোগে যাত্রীরা (সৌজন্যে এক্স )

মির্জাপুরের কাছে রেললাইনে ধস

রেল সূত্রে খবর, মির্জাপুর-ঝিংগুরা সেকশনে লাইন নির্মাণের কাজ চলছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ আচমকাই নির্মাণস্থলের মাটি ধসে যায়। এর জেরে ব্যাহত হয় রেল পরিষেবা। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। আসেন ইঞ্জিনিয়াররাও। জানা গিয়েছে, যাত্রী নিরাপত্তার স্বার্থে ডাউন লাইনে ট্রেন চলাচল তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মেরামতির কাজ এখনও শেষ হয়নি। গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রেল কর্তৃপক্ষ। জেসিবি দিয়ে ধসে যাওয়া মাটি সরিয়ে লাইন মেরামতির কাজ শুরু হয়। বিদ্যুতের খুঁটি এবং রেললাইনের নিরাপত্তা খতিয়ে দেখার কাজও চলছে।

ঘুরপথে চলছে একাধিক ট্রেন

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে যে ৭টি ট্রেনের রুট পরিবর্তনের কথা জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে ১২২৭৪, ১২৩৯৮, ১২৩৬৮ এবং ১২৯৪৭ নম্বর ট্রেন। এই ট্রেনগুলিকে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, বনরাস, বারাণসী জংশন এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও ১০ নভেম্বরের ২৬৫০৫ নম্বর ট্রেন এবং ৯ নভেম্বর যাত্রা শুরু করা ১২১৬৭ নম্বর ট্রেনকে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ ও বনরাস হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ২২৯৭১ নম্বর ট্রেনটিকেও পরিবর্তিত পথে চালানো হবে। সুবেদারগঞ্জ থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনগামী ৬৩২৩৮ নম্বর ট্রেনটি বাতিল করা হয়েছে। ট্রেনটি প্রয়াগরাজ ছেওকি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে রেল সূত্রে খবর।

হাওড়াগামী যাত্রীরাও সমস্যায় পড়ছেন

মির্জাপুর উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ রেলপথের অংশ। এই রেলখণ্ড দিয়ে পূর্ব ভারত ও উত্তর ভারতের মধ্যে বহু দূরপাল্লার ট্রেন চলাচল করে। ফলে এই লাইনে বিপর্যয়ের প্রভাব পড়তে পারে পূর্ব ভারতের সঙ্গে উত্তর ভারতের রেল যোগাযোগে। বিশেষ করে হাওড়া থেকে উত্তর ভারতগামী এবং উত্তর ভারত থেকে হাওড়ামুখী যাত্রীদের ট্রেনের যাত্রাপথ ও সময়সূচিতে পরিবর্তন হতে পারে। নির্ধারিত সময়ের তুলনায় ট্রেন চলাচলে দেরিও হওয়ার আশঙ্কা রয়েছে। তবে রেলের প্রকাশিত তালিকায় থাকা প্রতিটি ট্রেনের সঙ্গে হাওড়ার সরাসরি যোগাযোগ রয়েছে, এমনটা বলা যাচ্ছে না। তাই হাওড়া থেকে যাত্রা শুরু করার আগে সংশ্লিষ্ট ট্রেনের স্ট্যাটাস যাচাই করে নেওয়া জরুরি। প্রয়োজনে রেলের অনুসন্ধান নম্বর ১৩৯-এ যোগাযোগ করতে পারেন যাত্রীরা।

কী বলছে রেল কর্তৃপক্ষ?

প্রয়াগরাজের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রজনীশ আগরওয়াল জানিয়েছেন, তৃতীয় রেললাইন নির্মাণের কাজ চলাকালীন এই বিপত্তি ঘটেছে। আপাতত নির্মাণকাজ ব্যাহত হয়েছে। দ্রুত মেরামতির কাজ চলছে। তাঁর দাবি, পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন চলাচল শুরু করতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে। এক যাত্রী মঞ্জয় কুমার সিং জানিয়েছেন, প্রায় আড়াই থেকে পৌনে তিন ঘণ্টা ধরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কী কারণে ট্রেন থামানো হয়েছে, তা জানতে বাইরে বেরিয়ে তাঁরা বিষয়টি জানতে পারেন। রেলের তরফে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে সম্পর্কে নির্দিষ্ট সময় জানানো হয়নি বলেও অভিযোগ তাঁর। মহম্মদ রিজওয়ান এবং নারায়ণ নামে আরও দুই যাত্রীও জানিয়েছেন, প্রায় আড়াই ঘণ্টা ধরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে মেরামতির কাজ চলছে বলে তাঁদের জানানো হয়েছে।

তবে এই ঘটনার পরেও আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অর্থাৎ, আপ লাইনে আপাতত পরিষেবা চালু রাখা হয়েছে। ডাউন লাইনের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচলে পরিবর্তন অব্যাহত থাকতে পারে।