Ram Mandir: রুপোর ইট, অলঙ্কার সুরক্ষিত! চম্পত রাইয়ের পদত্যাগপত্র গ্রহণ রাম মন্দির ট্রাস্টের, ভক্তদের আশ্বাস

Ram Mandir: ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টি অনিল মিশ্রের পদত্যাগপত্র পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ট্রাস্ট কর্তৃপক্ষ।

Published on: Jun 27, 2026, 23:42:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ram Mandir: অযোধ্যার রাম মন্দিরের জন্য সংগৃহীত দানের টাকা আত্মসাতের অভিযোগে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। আর এই ঘটনার তদন্তের মধ্যেই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চিফ চম্পত রাই এবং অন্যতম প্রধান সদস্য অনিল মিশ্র পদত্যাগ করেছেন। শনিবার আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করল ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।’ একই সঙ্গে দেশ-বিদেশের কোটি কোটি ভক্ত ও পুণ্যার্থীদের আশ্বস্ত করে ট্রাস্ট জানিয়েছে, রাম মন্দিরে দান করা সমস্ত রূপোর ইট, অলঙ্কার এবং অন্যান্য সামগ্রী সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং সেগুলির যথাযথ নথিভুক্তিকরণ করা হয়েছে।

চম্পত রাইয়ের পদত্যাগপত্র গ্রহণ রাম মন্দির ট্রাস্টের (HT_PRINT)
চম্পত রাইয়ের পদত্যাগপত্র গ্রহণ রাম মন্দির ট্রাস্টের (HT_PRINT)

ট্রাস্টের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে রাম মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, 'গত কয়েকদিনে শ্রী রাম মন্দির (অযোধ্যা)-কে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা বা অভিযোগ সামনে এসেছে, তাতে আমরা স্তম্ভিত, মর্মাহত এবং গভীরভাবে ব্যথিত।' বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'ভগবান রামের সমস্ত ভক্ত এবং এখানে সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের প্রতিনিধি হিসেবে আমরা এই ঘটনার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং ভক্তদের মনে পুনরায় আস্থা ফিরিয়ে আনতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।'

চম্পত রাই ও অনিল মিশ্রের পদত্যাগপত্র

‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টি অনিল মিশ্রের পদত্যাগপত্র পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ট্রাস্ট কর্তৃপক্ষ। ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র (ট্রাস্ট)-এর সাধারণ সম্পাদক শ্রী চম্পত রাই এবং ট্রাস্টি শ্রী অনিল মিশ্রের কাছ থেকে পদত্যাগপত্র পেয়েছে ট্রাস্ট। আগামী বৈঠকে ট্রাস্ট এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।'

‘সিট’র রিপোর্টের ভিত্তিতে এফআইআর রাম মন্দির ট্রাস্টের

রাম মন্দিরে দেওয়া ভক্তদের দান সামগ্রী নিয়ে তৈরি হওয়া তীব্র উদ্বেগের মাঝে ফের একবার পুণ্যার্থীদের আশ্বস্ত করল ট্রাস্ট কর্তৃপক্ষ। ভক্তদের উদ্দেশ্যে দেওয়া আশ্বাসে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ জানিয়েছে, 'যে সমস্ত ভক্তরা ভগবান শ্রী রামের সেবায় ট্রাস্টের কর্মকর্তাদের কাছে ব্যক্তিগতভাবে রূপোর ইট, অলঙ্কার এবং অন্যান্য সামগ্রী উৎসর্গ বা দান হিসেবে তুলে দিয়েছিলেন, তাঁদের আমরা আশ্বস্ত করছি যে-সেই সমস্ত সামগ্রী সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং সেগুলির যথাযথ নথিপত্রও আছে।' অন্যদিকে, মন্দিরের দানবাক্সের তহবিলে আর্থিক অনিয়মের অভিযোগ প্রসঙ্গে ট্রাস্ট স্পষ্ট জানিয়েছে, 'মন্দিরের দানবাক্সের মাধ্যমে প্রাপ্ত তহবিলের ঘটনার বিষয়ে ট্রাস্টেরই অনুরোধে উত্তরপ্রদেশ সরকার যে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল, তাদের জমা দেওয়া অন্তর্বর্তীকালীন রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া পুরোদমে চালু রয়েছে।'

ট্রাস্টের পক্ষ থেকে আরও বলা হয়েছে, 'আমরা সকলকে আশ্বস্ত করছি যে, ভবিষ্যতে যাতে এই ধরণের দুর্ভাগ্যজনক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য সব রকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যারা দোষী, তারা আইন অনুযায়ী এমন কঠোর শাস্তি পাবে যা ভবিষ্যতে অন্যদের জন্য একটি দৃষ্টান্ত বা নজির হয়ে থাকবে।' সনাতন ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাস্টের পক্ষ থেকে দৃঢ়তার সঙ্গে বলা হয়েছে যে, 'কিছু অসামাজিক, অধার্মিক এবং স্বার্থান্বেষী মহল সনাতন ধর্মের গায়ে দাগ লাগানোর যে অপচেষ্টা করছে, তা কোনওভাবেই সফল হতে দেওয়া হবে না।' একই সঙ্গে সাধারণ মানুষকে সব ধরণের 'বিভ্রান্তিকর ও ভিত্তিহীন গুজব' থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে ট্রাস্ট। বিবৃতির শেষে মন্দির কর্তৃপক্ষ বলেছে, 'এই মেঘ কেটে যাবে, অন্ধকার দূর হবে, আলোর জয় হবে এবং ভগবান রামের প্রতি ভক্তির প্রবল ধারা নিরবচ্ছিন্নভাবে বয়ে চলবে।'