BRICS Summit: ‘ভারতীয় হিসাবে এতটা...,' ব্রিকসে PM মোদীর কূটনৈতিক সাফল্যে মুগ্ধ বিশ্বকাপজয়ী শাস্ত্রী
BRICS Summit: দু’দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের ভেন্যু ভারত মন্ডপম-এ চিনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৃক্ষরোপণের একটি ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে শেয়ার করেন রবি শাস্ত্রী।
BRICS Summit: নয়া দিল্লিতে বসেছে ১৮তম ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আসর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, বিশ্বের একঝাঁক রাষ্ট্রনেতা অংশ নিয়েছেন। আর এই হাইভোল্টেজ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন তারকা ক্রিকেটার রবি শাস্ত্রী। ভারতীয় হিসাবে তিনি কতখানি গর্বিত, এক্স হ্যান্ডেলে তা প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন হেডকোচ।

শনিবার এবং রবিবার দিল্লির ভারত মন্ডপমে ছিল ব্রিকসের শীর্ষ সম্মেলন। ‘ব্রিকস’ সদস্য দেশগুলির ১৮তম শীর্ষ সম্মেলন উপলক্ষে একইসঙ্গে হাজির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা-সহ ২৫টি দেশের রাষ্ট্রপ্রধান। জিনপিং-পুতিনদের মতো শক্তিশালী রাষ্ট্রপ্রধানদের দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে। একসঙ্গে বৃক্ষরোপণও করেছেন তিন রাষ্ট্রপ্রধান।
দু’দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের ভেন্যু ভারত মন্ডপম-এ চিনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৃক্ষরোপণের একটি ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে শেয়ার করেন রবি শাস্ত্রী। একই সঙ্গে তিনি লিখেছেন, ‘ভারতীয় হিসাবে এতটা গর্ব বোধ আগে কখনও হয়নি। প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমাদের অসাধারণ প্রধানমন্ত্রী, আমাদের ভারতমাতার কাছে। এমন উচ্চস্তরের আন্তর্জাতিক কূটনীতি আগে কখনও হয়নি। মোদীজি আপনাকে প্রণাম।’ নয়া দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিনে সদস্য ও পার্টনার দেশগুলির প্রতিনিধিদের অংশগ্রহণে একটি উন্মুক্ত অধিবেশন অনুষ্ঠিত হবে। পাশাপাশি, রবিবার সাতটি দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান, ফিলিপিন্স, মিশর, বুরুন্ডি, উগান্ডা এবং নাইজেরিয়ার নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
বর্তমানে ব্রিকস-এ রয়েছে মোট ১১টি সদস্য দেশ—ব্রাজিল, চিন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি। এর পাশাপাশি রয়েছে ১০টি পার্টনার দেশ: নাইজেরিয়া, বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। উল্লেখ্য, ভারতীয় দলের হয়ে একাধিক কৃতিত্ব অর্জন করেছেন রবি শাস্ত্রী। ১৯৮৩ বিশ্বজয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। ভারতীয় দলের কোচ হিসাবে গাব্বা টেস্ট জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অনবদ্য মাইলফলক। কিন্তু সেই রবি শাস্ত্রীই বলছেন, ভারতীয় হিসাবে তিনি সবচেয়ে গর্বিত ব্রিকস আয়োজন নিয়ে।
E-Paper

