Ambani-Adani Net Worth: দীপাবলিতে অম্বানি-আদানির বিপুল সম্পত্তি বৃদ্ধি, মাস্কের পকেটের কী হাল?
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের হিসাব বলছে, শুক্রবার এক দিনেই মাস্কের সম্পত্তি বেড়েছে ৬০.৫০ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লক্ষ ৬৯ হাজার কোটি টাকা। এই বৃদ্ধির পর তাঁর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৮৪৫ বিলিয়ন ডলার।
উৎসবের মরশুমে সম্পদ বৃদ্ধির নিরিখে সবাইকে পিছনে ফেলে দিলেন বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি ইলন মাস্ক। ধনতেরসের দিনেই তাঁর সম্পত্তি এক ধাক্কায় বেড়েছে প্রায় ৫ লক্ষ ৬৯ হাজার কোটি টাকা। অন্য দিকে, দীপাবলিতে ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানি এবং গৌতম আদানির সম্পদেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। তবে মাস্কের সম্পদ বৃদ্ধির সঙ্গে তাঁদের লাভের অঙ্কের তুলনা চলে না।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের হিসাব বলছে, শুক্রবার এক দিনেই মাস্কের সম্পত্তি বেড়েছে ৬০.৫০ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লক্ষ ৬৯ হাজার কোটি টাকা। এই বৃদ্ধির পর তাঁর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৮৪৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এক দিনেই তাঁর সম্পদ বেড়েছে প্রায় ৭.৭ শতাংশ। চলতি বছরে এখনও পর্যন্ত মাস্কের মোট সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ৮৩.৩ শতাংশ।
মাস্কের সম্পত্তি বৃদ্ধির পিছনে রয়েছে তাঁর বিভিন্ন সংস্থার শেয়ারের দর বৃদ্ধি। টেসলা-সহ তাঁর সংস্থাগুলির শেয়ারের দাম বাড়তেই তাঁর মোট সম্পত্তির অঙ্ক এক লাফে অনেকটা বেড়েছে। বাজারের এই উত্থান মাস্ককে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছে। তাঁর সম্পদের পরিমাণ যে গতিতে বাড়ছে, তাতে খুব শীঘ্রই এক ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
তবে দীপাবলির দিনে ভারতীয় দুই শিল্পপতির সম্পত্তিও বেড়েছে। এক দিকে গৌতম আদানি, অন্য দিকে মুকেশ অম্বানি। মজার বিষয় হল, দীপাবলির মুহূর্ত ট্রেডিংয়ে ভারতীয় শেয়ার বাজারের দুই প্রধান সূচক সেনসেক্স এবং নিফটি শেষ পর্যন্ত লাল রঙে বন্ধ হয়েছিল। অর্থাৎ বাজারে সামগ্রিক ভাবে পতন থাকলেও লাভের মুখ দেখেছে এই দুই শিল্পপতির সম্পত্তি।
ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, আদানি গোষ্ঠীর অধিকাংশ সংস্থার শেয়ারের দাম বৃদ্ধির ফলে গৌতম আদানির সম্পত্তি বেড়েছে ১.৯৫ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার কোটি টাকারও বেশি। এই বৃদ্ধির পর তাঁর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১১৯ বিলিয়ন ডলার। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় তিনি রয়েছেন ১৮ নম্বরে। এশিয়ার ধনীতম ব্যক্তিও এখন আদানি।
অন্য দিকে, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানির সম্পত্তি বেড়েছে ৯৫৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৯ হাজার কোটি টাকা। সব মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৮৮.৩ বিলিয়ন ডলার। এশিয়ার ধনীদের তালিকায় তাঁর স্থান তৃতীয় এবং বিশ্বে ২৩ নম্বরে।
বিশ্বের প্রথম দশ ধনীর তালিকাতেও রয়েছে একাধিক পরিচিত নাম। ৩৬৯ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সম্পত্তি ২৪৮ বিলিয়ন ডলার। ২৩১ বিলিয়ন ডলার নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সের্গেই ব্রিন। পঞ্চম স্থানে রয়েছেন মার্ক জাকারবার্গ। তাঁর সম্পত্তির পরিমাণ ২১৭ বিলিয়ন ডলার।
সব মিলিয়ে উৎসবের মরশুমে বিশ্বের ধনকুবেরদের সম্পত্তির অঙ্কে বড়সড় পরিবর্তন দেখা গেল। তবে এই বিপুল বৃদ্ধির মূল কারণ ব্যবসায়িক সংস্থাগুলির শেয়ারের বাজারদর। তাই এই অঙ্ককে নগদ আয় হিসেবে দেখার সুযোগ নেই। শেয়ার বাজারের ওঠানামার সঙ্গে তাঁদের মোট সম্পত্তির পরিমাণও প্রতিদিন বদলে যাচ্ছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


