Digital Scam: পহেলগাঁও হামলার ভয় দেখিয়ে ৪ কোটি টাকা লুট! ২০ দিন ধরে নজরবন্দি, সর্বস্বান্ত অবসরপ্রাপ্ত আইনজীবী

Digital Scam: অতুল তালওয়ারের অভিযোগের পর পুলিশ জানিয়েছে, প্রতারকরা গত ১৭ অক্টোবর তাঁর সঙ্গে যোগাযোগ করে। প্রথম অভিযুক্তরা নিজেকে মুম্বইয়ের কোলাবা থানার একজন পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেয় এবং দাবি করে পহেলগাঁও সন্ত্রাসী হামলা মামলার সূত্রে অতুলের আধার কার্ড পাওয়া গিয়েছে।

Published on: Nov 17, 2026, 20:00:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Digital Scam: 'ডিজিটাল অ্যারেস্ট' এর নামে সাইবার প্রতারণার আরও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল উত্তরপ্রদেশের নয়ডায়। পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে নাম জড়িত থাকার ভয় দেখিয়ে নিউইয়র্কের এক অবসরপ্রাপ্ত আইনজীবীকে সিবিআই ও এনআইএ আধিকারিক পরিচয় দিয়ে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল একদল সাইবার প্রতারকদের বিরুদ্ধে।

পহেলগাঁও হামলার ভয় দেখিয়ে ৪ কোটি টাকা লুট! সর্বস্বান্ত অবসরপ্রাপ্ত আইনজীবী (Getty Images/iStockphoto (PIC FOR REPRESENTATION)) (HT_PRINT)
পহেলগাঁও হামলার ভয় দেখিয়ে ৪ কোটি টাকা লুট! সর্বস্বান্ত অবসরপ্রাপ্ত আইনজীবী (Getty Images/iStockphoto (PIC FOR REPRESENTATION)) (HT_PRINT)

জানা গিয়েছে, প্রতারকরা ওই অবসরপ্রাপ্ত আইনজীবীকে প্রায় ২০ দিন ধরে ভার্চুয়াল নজরদারিতে রেখেছিল। তদন্তের অজুহাতে তাঁর থেকে কোটি কোটি টাকা একাধিক অ্যাকাউন্টে স্থানান্তর করতেও জোরজবরদস্তি করেছিল। পুলিশ জানিয়েছে, প্রতারিত ব্যক্তির নাম অতুল তালওয়ার। তিনি নিউইয়র্কে আইনজীবী হিসেবে অনুশীলনের পর অবসর নিয়েছিলেন। দিল্লির বাসিন্দা অতুল ১৯৮২ সালে নিউইয়র্কে চলে যান। সেখানে প্রায় তিন দশক ধরে আইনজীবী হিসেবে কাজ করেছেন। মূলত শ্রমিক সংগঠনগুলির হয়ে আইনি লড়াই করতেন তিনি। গত ৩১ জুলাই নিউইয়র্ক থেকে ভারতে আসেন এবং নয়ডার সেক্টর ৩০-এ তাঁর পৈতৃক বাড়ির সংস্কার কাজের তদারকি করার পাশাপাশি গুরুগ্রামে তাঁর ভাইয়ের সঙ্গে থাকছিলেন।

ঠিক কী ঘটেছে?

অতুল তালওয়ারের অভিযোগের পর পুলিশ জানিয়েছে, প্রতারকরা গত ১৭ অক্টোবর তাঁর সঙ্গে যোগাযোগ করে। প্রথম অভিযুক্তরা নিজেকে মুম্বইয়ের কোলাবা থানার একজন পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেয় এবং দাবি করে পহেলগাঁও সন্ত্রাসী হামলা মামলার সূত্রে অতুলের আধার কার্ড পাওয়া গিয়েছে। অভিযুক্তরা আরও জানিয়েছিল, তাঁর আধার নম্বর ব্যবহার করে খোলা কানারা ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট থেকে ৫৩ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে এবং এই লেনদেন থেকে তিনি ৫ কোটি টাকা কমিশন পেয়েছেন। অতুল এই অভিযোগগুলো অস্বীকার করলে, ফোনের অপর প্রান্ত থেকে অন্য একজন তাঁকে অবিলম্বে গ্রেফতারের হুমকি দেয়।

এর কিছুক্ষণ পরেই, প্রতারকরা সিবিআই-এর একজন আধিকারিকের নামে তাঁকে হোয়াটসঅ্যাপে একটি গোপনীয় চিঠি পাঠায়। এরপর তারা তাঁকে সারাক্ষণ অডিও ও ভিডিও নজরদারিতে রাখে এবং তাঁর সঙ্গে দেখা করতে আসা ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায়। অভিযোগ অনুযায়ী, ১৮ অক্টোবর প্রতারকরা তাঁকে তাঁর বাড়ির কাছে সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত দু'জন সশস্ত্র প্রহরীকে গ্রেফতারের একটি দৃশ্য দেখায়। এরপর অতুলের আশঙ্কা আরও বাড়িয়ে তোলে।

ভুয়ো তদন্ত এবং অনলাইন শুনানি

পরের দিন, ১৯ অক্টোবর, অভিযুক্তরা নিজেদেরকে সিবিআই এবং এনআইএ-এর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে অনলাইন শুনানি পরিচালনা করতে শুরু করে বলে অভিযোগ রয়েছে। এই ডিজিটাল অ্যারেস্টের সময়, তারা অতুলের ব্যক্তিগত ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে। তারা তাঁকে তাঁর সিটি ব্যাঙ্ক ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে থাকা প্রায় ৩৮০,০০০ ডলারের অংশ তুলে নিতে এবং তদন্তের অংশ হিসেবে সেই টাকা স্থানান্তর করতে নির্দেশ দেয়। পাশাপাশি, তাঁর দুটি ব্রোকারেজ অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তরের জন্য এক ভুয়ো তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের সঙ্গেও যোগাযোগ করিয়ে দেওয়া হয়। প্রতারকরা তাঁকে একটি অনলাইন ক্রিপ্টোকারেন্সি-ভিত্তিক অ্যাকাউন্ট খুলতেও জোরাজুরি করেছিল।

প্রায় ৪ কোটি টাকা প্রতারণা

অতুল জানিয়েছেন, এই প্রক্রিয়ার অংশ হিসেবে কর পরিশোধের নামে প্রায় দেড় কোটি টাকা কেটে নেওয়া হয়, অন্যদিকে প্রায় আড়াই কোটি টাকা ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম আকারে স্থানান্তর করা হয়। ৭ নভেম্বরের মধ্যে প্রায় ৪ কোটি টাকা হারিয়েছিলেন তিনি। প্রতারকরা বারবার আশ্বাস দিয়েছিল, তদন্ত শেষ হলেই তাঁর সমস্ত টাকা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু ৭ নভেম্বর পর্যন্ত টাকা ফেরত না আসায় সন্দেহ হয় অতুলের। এরপরই প্রতারকরা তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তখনই তিনি বুঝতে পারেন, কোনও সরকারি তদন্ত নয়, বরং সুপরিকল্পিত সাইবার প্রতারণার শিকার হয়েছেন তিনি। এরপর গৌতম বুদ্ধ নগরের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন অতুল। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গত ১১ নভেম্বর তিনি নিউইয়র্কে ফিরে গিয়েছেন। সেখানে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের কাছেও অভিযোগ জানিয়েছেন। গৌতম বুদ্ধ নগরের ডেপুটি কমিশনার অফ পুলিশ (সাইবার সিকিউরিটি) শৈব্যা গোয়েল জানিয়েছেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।