Congress over Nitish Kumar: CWC বৈঠকে হাত শিবিরের অন্দরেই কোন্দল! নীতীশকে নিয়ে সনিয়া-দিগ্বিজয়ের দ্বন্দ্ব?

Congress over Nitish Kumar: ২০২৩ সালের জুনে পাটনা সমাবেশের মাধ্যমে বিরোধী জোট 'ইন্ডিয়া'র সসূত্রপাত ঘটালেও ২০২৪ সালের জানুয়ারির শেষেই নীতীশ কুমার সুর পাল্টে গেরুয়া শিবিরের দিকে চলে যান।

Published on: Sep 30, 2026, 14:04:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Congress over Nitish Kumar: ২০২৪ সালে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ছেড়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এনডিএ-তে ফিরে যাওয়ার ঘটনা নিয়ে এবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) অন্দরেই তীব্র মতবিরোধ প্রকাশ্যে এল। এমনটাই দাবি করা হয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে টিভি-র প্রতিবেদনে। সোমবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির বৈঠকে বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এবং সনিয়া গান্ধীর মধ্যে কার্যত তর্কাতর্কি বেঁধে যায়। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্পষ্ট দাবি ছিল, জেডি(ইউ) প্রধানকে কিছুতেই জোট থেকে বেরিয়ে যেতে দেওয়া উচিত ছিল না। কিন্তু দিগ্বিজয় সিংয়ের এই সুরের তীব্র প্রতিবাদ করে কংগ্রেস নেত্রী সাফ জানিয়ে দেন, নীতীশ কুমারের প্রস্থানই দলের জন্য মঙ্গলজনক হয়েছে, কারণ তিনি সবসময়ই জোট ছাড়ার বাহানা খুঁজছিলেন।

নীতীশ কুমারকে নিয়ে সনিয়া গান্ধী-দিগ্বিজয় সিংয়ের দ্বন্দ্ব প্রকাশ্যে (সৌজন্যে এক্স )
নীতীশ কুমারকে নিয়ে সনিয়া গান্ধী-দিগ্বিজয় সিংয়ের দ্বন্দ্ব প্রকাশ্যে (সৌজন্যে এক্স )

ইন্ডিয়া টুডে টিভি-র প্রতিবেদন অনুযায়ী, সিডব্লিউসি বৈঠকে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি নিয়ে যখন কংগ্রেসি রণকৌশল সাজানো হচ্ছিল, ঠিক সেই আবহেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুরোনো দলবদল নিয়ে তরজা শুরু হয়। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দিগ্বিজয় সিং বলেন, 'নীতীশ কুমারকে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যেতে দেওয়াটা আমাদের উচিত হয়নি। তিনি যদি থেকে যেতেন, তবে রাজনৈতিক পরিস্থিতি অন্যরকম হতো।' এর জবাবে সনিয়া গান্ধী বলেন, 'ঈশ্বরকে ধন্যবাদ যে নীতীশ কুমার সময় মতো বেরিয়ে গিয়েছেন। তাঁর তো ওখানেই যাওয়ার কথা ছিল।' তিনি আরও অভিযোগ করেন, নীতিশ জোট ছাড়ার ছুতো খুঁজছিলেন এবং শুরু থেকেই তাঁকে বিজেপি নিয়ন্ত্রণ করছিল।

অতীতে একাধিকবার নিজের মত বদল করে মহাজোট ও এনডিএ-র মধ্যে যাতায়াত করেছেন নীতীশ কুমার। ২০২৩ সালের জুনে পাটনা সমাবেশের মাধ্যমে বিরোধী জোট 'ইন্ডিয়া'র সসূত্রপাত ঘটালেও ২০২৪ সালের জানুয়ারির শেষেই তিনি সুর পাল্টে গেরুয়া শিবিরের দিকে চলে যান। এই দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং তাঁকে জোটে ধরে রাখা নিয়ে কংগ্রেসের অন্দরে চলা এই মতপার্থক্য বুঝিয়ে দিল যে, অতীত জোটসঙ্গীর প্রস্থান নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের মনে এখনও গভীর ক্ষতের দাগ রয়ে গেছে। বিশেষ করে বুধবারের বিরোধী বৈঠকের আগে ডিএমকে ও আম আদমি পার্টির মতো শরিকদের একাংশের দূরত্ব বজায় রাখার সিদ্ধান্তের মাঝেই এই অভ্যন্তরীণ কোন্দল নতুন করে অস্বস্তি বাড়িয়েছে। এই বৈঠকেই নির্বাচন কমিশনের 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। ভোটার তালিকা থেকে কোটি কোটি ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা দাবি করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগেরও দাবি তুলেছে দল। সিডব্লিউসি বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ দলের শীর্ষ নেতারা।