বাতাসে পুজোর গন্ধ! ওদিকে, ব্রিটেনের Ex PM হঠাৎই বাঙালি মিষ্টির দোকানে, পাতে পড়ল…
মিষ্টির দোকানে কী কী অর্ডার করলেন সুনাক?
শহর কলকাতা জুড়ে কার্যত পুজোর আমেজ তুঙ্গে রয়েছে। শহর জোড়া রোশনাইতে সেজেছে কলকাতা। পুজোর গন্ধ মেখে রয়েছে গোটা বাংলার দিকে দিকে। প্যান্ডেল হপিং থেকে রসনা তৃপ্তি, সব দিক থেকেই উৎসবের মেজাজ বাংলা জুড়ে। উৎসবের রেশ দেশের নানান প্রান্তে। এরই মাঝে সদ্য দিল্লি সফরে এসে দিল্লির নামী বাঙালি মিষ্টির দোকানে ঢুকে পড়লেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শুধু দোকানেই এন্ট্রিই নয়, শাশুড়ি সুধা মুর্তির সঙ্গে এসে, দোকানে বসে অর্ডারও করলেন পছন্দের মিষ্টি!

ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে যোগ দিতে দিল্লিতে এসেছিলেন। এই সফরের সময় তিনি তাঁর শাশুড়ি ও রাজ্যসভা সাংসদ সুধা মূর্তিকে সঙ্গে নিয়ে বেঙ্গলি মার্কেটের বিখ্যাত বেঙ্গলি সুইট হাউসে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়ালও ছিলেন। এই বাঙালি মিষ্টির দোকানে এসেই সুনাক সহ বাকিরা মিলে, চাট, লস্যি এবং চা-সহ কিছু জনপ্রিয় খাবারের অর্ডার করেন। সুনাকও ভারতীয় মিষ্টির প্রতি তার ভালোবাসা মেটাতে তার অন্যতম প্রিয় ভারতীয় মিষ্টি রসমালাই অর্ডার করেন। জানা গিয়েছে, শুধু রসমালাই নয়, সঙ্গে গুলাব জামুনেরও অর্ডার ছিল।
দোকানে বসেই শাশুড়ি সুধা মূর্তি ও বাকিদের সঙ্গে জমিয়ে গল্প করতে করতে মিষ্টিমুখ করেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঋষি সুনাক। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী সুনাকের উপস্থিতির কথা দোকানের তরফেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে সুনাককে ওই প্রতিষ্ঠানে অর্ডার দিতে দেখা যায়। বেঙ্গলি সুইট হাউস আরসি-র অংশীদার ব্রজেশ আগরওয়াল ইনস্টাগ্রামে এই সফরের বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন, যার মধ্যে একটিতে তাঁকে রেস্তোরাঁটিতে সুনাক, মূর্তি এবং মালিওয়ালকে স্বাগত জানাতে দেখা যায়। তিনি এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী ঋষি সুনাক; মাননীয় সংসদ সদস্য ও ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন শ্রীমতি সুধা মূর্তি; এবং মাননীয় সংসদ সদস্য শ্রীমতি স্বাতী মালিওয়ালকে স্বাগত জানানো এক অসাধারণ সম্মান ও সৌভাগ্যের বিষয় ছিল।
বেঙ্গলি সুইট হাউসে এটাই সুনাকের প্রথমবার আসা ছিল না। যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী ২০২৫ সালে দিওয়ালির কাছাকাছি সময়েও দিল্লির এই জনপ্রিয় এই খাবারের দোকানে এসেছিলেন। জানা যায়, দিল্লির এই নামী মিষ্টির দোকানে অমিতাভ বচ্চন, পঙ্কজ ত্রিপাঠী, সোনাক্ষী সিনহা, শশী থারুর সহ অনেকেই পা রেখেছেন।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


