Sheshnag Lake Row: অমরনাথের পথে থাকা শেষনাগ হ্রদের কাছে জেসিবি! জম্মু-কাশ্মীরে তুঙ্গে বিতর্ক, কী ঘটেছে?

মেহবুবা মুফতি বলেন, ‘অমরনাথ গুহার কাছে জেসিবি দেখে ভয় লাগছে। এই যাত্রা আমাদের সকলের এবং এটি ভ্রাতৃত্বের প্রতীক। উন্নয়ন ও যাত্রার অজুহাতে তারা পরিবেশ ধ্বংস করছে।’

Published on: Nov 24, 2026, 22:48:36 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

অমরনাথ যাত্রার পথে পড়ে শেষনাগ হ্রদ। আর সেই শেষনাগ হ্রদের কাছে সদ্য এক জেসিবির কর্মকাণ্ডের ছবি ঘিরে তুুঙ্গে বিতর্ক।জম্মু ও কাশ্মীরের বিখ্যাত শেষনাগ হ্রদের কাছে জেসিবিকে সক্রিয় অবস্থায় দেখা গিয়েছে। প্রশ্ন উঠছে, প্রাকৃতিকভাবে এই গুরুত্বপূর্ণ এলাকায় কোন কাজ চলছে তা নিয়ে। ঘটনা নিয়ে সরগরম জম্মু ও কাশ্মীরের রাজনীতি। ঘটনাস্থলের উদ্দেশে যেতে গিয়েও মাঝপথ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় কাশ্মীরের বিরোধী দলের নেত্রী মেহবুবা মুফতিকে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় শেষনাগ হ্রদের কাছে এই জেসিবির ছবি ঘিরে বিতর্কের পারদ চড়তেই মুখ খুলেছে বিআরও।

অদূরে অমরনাথ, শেষনাগ হ্রদের কাছে জেসিবি! জম্মু-কাশ্মীরে তুঙ্গে বিতর্ক, কী ঘটেছে?
অদূরে অমরনাথ, শেষনাগ হ্রদের কাছে জেসিবি! জম্মু-কাশ্মীরে তুঙ্গে বিতর্ক, কী ঘটেছে?

ক্রমবর্ধমান সমালোচনার মুখে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) সোমবার এই কার্যক্রমের পক্ষে সাফাই গেয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, এই কাজটি অমরনাথ যাত্রা-পরবর্তী কার্যক্রমের অংশ এবং এটি প্রযোজ্য সুরক্ষা বিধি ও পরিবেশগত সুরক্ষাব্যবস্থা মেনেই করা হচ্ছিল। পূর্ববর্তী যাত্রাগুলিতে উত্থাপিত প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে তীর্থযাত্রীদের ভিড় কমাতে এবং নিরাপদ পথ নিশ্চিত করতে তারা বিদ্যমান ট্র্যাকগুলি প্রশস্ত ও স্থিতিশীল করার কাজ শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে যে কাজটি বিদ্যমান ট্র্যাকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এছাড়াও বলা হয়েছে, এলাকায় নতুন নির্মাণ কাজ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত দাবিগুলিকেও অসত্য বলে অভিহিত করেছে।

এদিকে, মঙ্গলবার মেহবুবা মুফতি পাহালগাঁওয়ের চন্দনওয়ারিতে যান, যা শেষনাগ হ্রদের দিকে যাওয়ার একটি পথ। সেখান দিয়ে তিনি হ্রদের দিকে যাওয়ার চেষ্টা করলে, তাঁকে সেখান থেকে পুলিশ সরিয়ে নিয়ে যায়। মেহবুবা মুফতি বলেন, ‘অমরনাথ গুহার কাছে জেসিবি দেখে ভয় লাগছে। এই যাত্রা আমাদের সকলের এবং এটি ভ্রাতৃত্বের প্রতীক। উন্নয়ন ও যাত্রার অজুহাতে তারা পরিবেশ ধ্বংস করছে। হিন্দু বিশ্বাস অনুসারে, এটি সেই হ্রদ যেখানে ভগবান শিব তাঁর নাগদের (সর্প) রেখে গিয়েছিলেন। এটি কাশ্মীরের বিষয় নয়, বরং সেই পরিবেশের বিষয় যা অমরনাথ গুহার ভেতরে শিবলিঙ্গ গঠনে সাহায্য করে। হিমবাহ এবং পর্বত ধ্বংস করা হচ্ছে। তাহলে শিবলিঙ্গ কীভাবে গঠিত হবে?’

কাশ্মীরের আবদুল্লা সরকারের দল ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মিয়া আলতাফ আহমেদ বলেন, ‘কাশ্মীরের হ্রদগুলোকে বাঁচাতে হবে। যেকোনো মূল্যে এগুলোকে বাঁচাতে হবে। এর নদীগুলোকে বাঁচাতে হবে, এর বনভূমিগুলোকে বাঁচাতে হবে।’ কাশ্মীরের প্রধান ধর্মগুরু মীরওয়াইজ উমর ফারুক এই কথিত কার্যকলাপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, হিমবাহ হ্রদের কাছে ভারী যন্ত্রপাতি চলাচলের দৃশ্য উদ্বেগজনক। তিনি পুনর্ব্যক্ত করেন যে, কাশ্মীর সর্বদা অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের স্বাগত জানিয়েছে এবং তাদের জন্য সুযোগ-সুবিধা উন্নত করা কখনওই সমস্যা নয়, ‘কিন্তু আমাদের ভঙ্গুর বাস্তুতন্ত্রের বিনিময়ে নয়।’

প্রসঙ্গত, এই ঘটনাটি শেষনাগ হ্রদের ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে আবারও দৃষ্টি আকর্ষণ করেছে, যা প্রায় ৩,৫৯০ মিটার উচ্চতায় অবস্থিত এবং জম্মু ও কাশ্মীরের ১৪টি উচ্চ-ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদের তালিকায় রয়েছে। উল্লেখ্য, যে ভিডিয়ো প্রকাশিত হয়েছে, তা একজন এক্সকাভেটর চালক ইনস্টাগ্রামে শেয়ার করার পর মুছে ফেলেন। এই দৃশ্য দেখে ভঙ্গুর বাস্তুতন্ত্রের সম্ভাব্য ক্ষতি নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ সৃষ্টি হয়েছে নানান মহলে।

ABOUT THE AUTHOR

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।