'অগ্রহণযোগ্য!' BSNL ডিরেক্টরের প্রয়াগরাজ সফরে রাজকীয় আয়োজন, ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী

সরকারি সূত্রে খবর, কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বিষয়টি জানতে পেরে অবাক হয়ে গিয়েছেন।

Published on: Feb 25, 2026, 20:39:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সরকারি পদমর্যাদা কী বিলাসবহুল রাজকীয় আতিথেয়তার লাইসেন্স পাওয়ার চাবিকাঠি? ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) ডিরেক্টর বিবেক বানজালের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ সফর ঘিরে তৈরি এক সরকারি নির্দেশিকা ঘিরে বিতর্ক এই প্রশ্নই উসকে দিয়েছে। এই কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই ঘটনাকে 'অগ্রহণযোগ্য এবং স্তম্ভিত করার মতো' বলে অভিহিত করে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এমনটাই সরকারি সূত্রে জানিয়েছে এনডিটিভি।

বিএসএনএল ডিরেক্টর বিবেক বানজাল (সৌজন্যে টুইটার)
বিএসএনএল ডিরেক্টর বিবেক বানজাল (সৌজন্যে টুইটার)

সরকারি সূত্রে খবর, কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বিষয়টি জানতে পেরে অবাক হয়ে গিয়েছেন। গোটা ঘটনাকে তিনি দুঃখজনক ও কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন। একটি সরকারি নির্দেশিকা অনুসারে, বিএসএনএল বোর্ডের ডিরেক্টর (সিএফএ) বিবেক বানজালের ২৫-২৬ ফেব্রুয়ারি প্রয়াগরাজ সফরের কথা ছিল। কিন্তু সেই সফর শুরুর আগেই একটি অফিসিয়াল অর্ডার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দুই দিনের সফরের জন্য তাঁর যে লম্বা ফিরিস্তি তৈরি করা হয়, তা ভাইরাল হতেই প্রয়াগরাজ সফর বাতিল হয়ে যায়। নির্দেশিকা অনুযায়ী, বিএসএনএল কর্তা জন্য ২০টি কাজের দায়িত্ব দেওয়া হয় প্রায় ৫০ জন অফিসারকে। প্রয়াগরাজে পৌঁছে তিনি প্রথমে সঙ্গমে স্নান করতে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন। এরপর তাঁর বোট সফরে যাওয়া, বড়ে হনুমান মন্দির, অক্ষয়ভাট ও পাতালপুরী মন্দিরে যাওয়ার কথা ছিল।

সঙ্গমে স্নানের সময় বিবেক বানজালের জন্য আলাদাভাবে ‘স্নান কিট’ রেডি করতে বলা হয়েছিল কর্মকর্তাদের, যাতে তোয়ালে থেকে আন্ডারগারমেন্ট, চপ্পল, চিরুণি, আয়না ও তেলের বোতলের উল্লেখ ছিল। ঘাটে ব্যবহারের জন্য একটি বেডশিটও রেডি রাখতে বলা হয়েছিল। এখানেই শেষ নয়, হোটেল ও সার্কিট হাউসে তাঁর জন্য ড্রাই ফ্রুট, ফলের ঝুড়ি, শেভিং কিট, তোয়ালে, টুথপেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু, চিরুণি, তেল তৈরি রাখতে বলা হয়েছিল। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই সফর বাতিল করে দেওয়া হয় বিবেক বানজালের। ইতিমধ্যে তাঁকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাঁকে। সূত্রের খবর, ওই বিএসএনএল কর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে সরকার। অন্যদিকে, বিএসএনএল ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরণের আচরণ সংস্থার পেশাদারিত্ব ও মূল্যবোধের পরিপন্থী। অভিযুক্ত কর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৯৮৭ ব্যাচের ইন্ডিয়ান টেলিকমিউনিকেশ সার্ভিস অফিসার বিবেক বানজাল। তিনি ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ার ডিগ্রি, কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি লাভ করেছেন। বিএসএনএল ওয়েবসাইটের তথ্য অনুসারে, টেলিকম নেটওয়ার্কে ৩৪ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর।