Putin on India & Modi: 'মোদীর ওপর চাপ সৃষ্টি করতে চাইলে তা আন্তর্জাতিক সম্পর্কের পক্ষে ক্ষতিকর', বললেন পুতিন
ভারতের সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করে পুতিন বলেছেন, রাশিয়া ভারতের মতো একটি 'বিশ্বস্ত অংশীদার'-কে অত্যন্ত গুরুত্ব দেয়। একইসঙ্গে ভারত-রাশিয়া সহযোগিতা কমানোর জন্য পশ্চিমা দেশগুলি মোদীর ওপর চাপ সৃষ্টি করতে চাইলে তা আন্তর্জাতিক সম্পর্কের পক্ষে 'ক্ষতিকর' হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে জোরালো বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ভারতের সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করে বলেছেন, রাশিয়া ভারতের মতো একটি 'বিশ্বস্ত অংশীদার'-কে অত্যন্ত গুরুত্ব দেয়। একইসঙ্গে ভারত-রাশিয়া সহযোগিতা কমানোর জন্য পশ্চিমা দেশগুলি মোদীর ওপর চাপ সৃষ্টি করতে চাইলে তা আন্তর্জাতিক সম্পর্কের পক্ষে 'ক্ষতিকর' হবে বলেও মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য, ওয়াশিংটন বারবার রাশিয়ার অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে চাপ দিচ্ছে। এই আবহে পুতিনের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ভারত বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতি এবং দ্রুত অর্থনৈতিক অগ্রগতির নজির গড়ছে। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়েও আশাবাদী রুশ প্রেসিডেন্ট। তাঁর দাবি, আগামী কয়েক বছরের মধ্যেই ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে। বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ৫৮ থেকে ৬০ বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ভারত-আমেরিকা সম্পর্ক প্রসঙ্গে প্রশ্নের উত্তরে পুতিন স্পষ্ট করে দেন যে, ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতা রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহ্যগত সম্পর্কের উপর কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না। তিনি বলেন, ভারত নিজের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং সেই স্বাধীন পররাষ্ট্রনীতিকে রাশিয়া সম্মান করে।
পুতিনের কথায়, ভারতের উপর চাপ সৃষ্টি করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক কমানোর চেষ্টা আন্তর্জাতিক কূটনীতির জন্য শুভ নয়। তাঁর দাবি, বিশ্বের বহু দেশই বুঝতে পেরেছে যে ভারতের মতো একটি স্বাধীন ও সার্বভৌম দেশের উপর এ ধরনের চাপ প্রয়োগ ফলপ্রসূ হবে না। একইসঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন যে, রাশিয়া ভারতের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী। উল্লেখ্য, ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য ১২ এবং ১৩ সেপ্টেম্বর ভারত সফর করার কথা রয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


