UP Assembly Election: উত্তরপ্রদেশে জোট বাঁচানোর লড়াই! 'প্রার্থী তালিকা' সংঘাতের মধ্যেই দ্বিতীয় দফার বৈঠকে কংগ্রেস-সপা

Uttar Pradesh Assembly Election: বুধবার কোনেও রাখঢাক না রেখেই সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেছেন, ‘একে কী জোট বলে? আলোচনা চলছে আসন ভাগাভাগি নিয়ে। আর তার মধ্যেই পাঁচ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল সপা? ওরা কী কংগ্রেসের বিরুদ্ধে লড়তে চাইছে, নাকি বিজেপির বিরুদ্ধে?’

Published on: Nov 26, 2026, 11:46:25 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Uttar Pradesh Assembly Election: সমাজবাদী পার্টি (SP)-র প্রথম প্রার্থী তালিকা প্রকাশের জেরে বিরোধী জোটে তীব্র টানাপোড়েনের মধ্যেই ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে (Uttar Pradesh Assembly Election) পাখির চোখ করে আসন সমঝোতা নিয়ে শুক্রবার দ্বিতীয় দফায় আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে কংগ্রেস (Congress) এবং সপা। বিষয়টি সম্পর্কে অবগত সূত্র মারফত এই তথ্য জানা গেছে।

উত্তরপ্রদেশে বিরোধী জোট বাঁচানোর লড়াই! শুক্রবার দ্বিতীয় দফার বৈঠকে কংগ্রেস-সপা
উত্তরপ্রদেশে বিরোধী জোট বাঁচানোর লড়াই! শুক্রবার দ্বিতীয় দফার বৈঠকে কংগ্রেস-সপা

দ্বিতীয় দফার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ এতে দুই শরিক দল আসন-ভিত্তিক (Seat-by-seat) আলোচনা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে। দেশের বৃহত্তম এই রাজ্যে আঞ্চলিক দলের পক্ষ থেকে দেওয়া ২৬টি আসনের প্রস্তাবের চেয়েও অনেক বেশি আসন দাবি করতে চলেছে কংগ্রেস। সূত্রগুলি আরও জানিয়েছে, দ্বিতীয় দফার বৈঠকে বসার আগে কংগ্রেসের প্রতিনিধিদল তাদের পরবর্তী রণকৌশল নিয়ে দলের হাইকমান্ডের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে। সূত্রের খবর, উত্তরপ্রদেশ কংগ্রেসের সভানেত্রী আরাধনা মিশ্রর মেয়ের বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পরই পরবর্তী দফার এই আলোচনা শুরু হবে।

মঙ্গলবারই রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে কংগ্রেসকে ২৬টি আসনের 'প্রাথমিক প্রস্তাব' (Opening offer) দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করে দেয় সমাজবাদী পার্টি। জাতীয় দলটির ১২০টি আসনের দাবির তুলনায় এই প্রস্তাব অত্যন্ত কম হওয়ায় জোটে অন্দরে অস্বস্তি এবং দীর্ঘ দরকষাকষির প্রেক্ষাপট তৈরি হয়েছে। এছাড়াও, শরিক দলের সঙ্গে কোনও পরামর্শ না করেই সাহারানপুরের যে আসনগুলিতে কংগ্রেস আগেই দাবি জানিয়েছিল, সেখানেও প্রার্থী ঘোষণা করে দিয়েছে সপা। মঙ্গলবার এইচটি-র প্রতিবেদনে জানানো হয়েছিল যে, আলোচনার প্রথম দিনে—যা ২০ মিনিটেরও কম সময় স্থায়ী হয়েছিল—কংগ্রেস অন্তত ৫০টি জেতার মতো (Winnable) আসন দাবি করেছিল। এরপর মঙ্গলবারের বৈঠক সাড়ে তিন ঘণ্টা ধরে চলে।

এদিকে বুধবার কোনেও রাখঢাক না রেখেই সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেছেন, ‘একে কী জোট বলে? আলোচনা চলছে আসন ভাগাভাগি নিয়ে। আর তার মধ্যেই পাঁচ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল সপা? ওরা কী কংগ্রেসের বিরুদ্ধে লড়তে চাইছে, নাকি বিজেপির বিরুদ্ধে?’ প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা। যদিও বিষয়টিকে ‘অত্যুক্তি’ বলেই মন্তব্য করেছে সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই। তিনি বলেছেন, ‘জোটে কোনও জট নেই। ওই আসনগুলিতে আমাদের প্রার্থীই দাঁড় করানো হবে, তা একপ্রকার ঠিকই ছিল। ফলে ইমরান মাসুদ অহেতুক ক্ষোভ প্রকাশ করছেন।’ যদিও অসন্তোষ বজায় রেখেও ইমরান এও বলেছেন, ‘সপা যা করেছে, সেই বিষয়ে আমার ব্যক্তিগত আপত্তি রয়েছে। তবে সর্বোপরি দল যদি মেনে নেয়, তাহলে আমার কিছু বলার নেই।’

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর 'হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট'-এ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জানিয়েছিলেন যে, সপা-নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে কংগ্রেস ১৮১টি আসন চেয়েছিল। কিন্তু মঙ্গলবার সপা মাত্র ২৬টি আসনের প্রস্তাব দিয়ে কংগ্রেসকে চমকে দেয়। অতীতেও কংগ্রেস ও সপা জোট বেঁধে লড়েছে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে তারা একসঙ্গে লড়েছিল—যেখানে কংগ্রেস ১১৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৭টিতে এবং সপা ৪৭টি আসন দখল করেছিল; আর বিজেপি ৩১২টি আসন জিতে সরকার গঠন করে। এরপর ২০২২ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস একা লড়ে মাত্র দুটি আসনে জয়ী হয়।