India Vs Srilanka Test:‘ক্যানসারের সঙ্গে লড়েছি, ছেলেকে ভারতের হয়ে খেলতে দেখব বলে’, আবেগাপ্লুত সারাংশের বাবা
সুবোধ বলছেন, ‘ক্যানসারের সঙ্গে লড়েছি, শুধু ছেলেকে ভারতের হয়ে খেলতে দেখব বলে। এখন ও (সারাংশ) আমাকে নতুন জীবন দিয়েছে। আমি এই লড়াই চালিয়ে যেতে চাই, যাতে ওকে আরও উচ্চতায় উঠতে দেখতে পারি।’
ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টে চূড়ান্ত একাদশে সুযোগ পেয়েছেন ক্রিকটার সারাংশ জৈন।ম্যাচের আগে টেস্ট ক্যাপ তাঁকে পরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। টিভিতে সেই মুহূর্ত জৈন পরিবারকে উচ্ছ্বাসে ভরিয়ে দেয়। সারাংশের বাবা সুবোধ জৈনও এই আবেগ চেপে রাখতে পারেননি। ২০১৪ সালে মুখে ক্যানসার ধরা পড়েছিল সুবোধ জৈনের। যার জেরে এখনও ভালোভাবে কথা বলতে পারেন না সারাংশের বাবা সুবোধ। তবে এক দীর্ঘ লড়াই তিনি লড়েছেন ছেলেকে ভারতীয় জার্সিতে দেখার জন্য। আজ তাঁর সন্তান যখন মাথায় জাতীয় দলের ক্যাপ নিয়ে ২২ গজে নামছেন, তখন গর্বিত সুবোধ জৈন মনে করছেন সেই কঠিন লড়াইয়ের বছরগুলোর কথা!

মধ্যপ্রদেশের এককালের ক্রিকেটার ছিলেন সারাংশ জৈনের বাবা সুবোধ। সুবোধ বলছেন, ‘ক্যানসারের সঙ্গে লড়েছি, শুধু ছেলেকে ভারতের হয়ে খেলতে দেখব বলে। এখন ও (সারাংশ) আমাকে নতুন জীবন দিয়েছে। আমি এই লড়াই চালিয়ে যেতে চাই, যাতে ওকে আরও উচ্চতায় উঠতে দেখতে পারি।’ যে স্বপ্ন দেখেছিলেন, ছেলে সারাংশ তা পূরণ করেছে, জৈন পরিবারের এই পুত্রের গায়ে উঠেছে দেশের জাতীয় দলের জার্সি। কেমন লাগছে সুবোধ জৈনের! প্রশ্ন যেতেই তিনি বললেন,‘আবেগটা মেলানো মেশানো। আমি জানিনা, কাঁদব নাকি হাসব, তবে অসাড় লাগছে।’ জানতে চাওয়া হয়েছিল, ছেলের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা হয়েছে কি না সদ্য। সুবোধ বললেন, ছেলের সঙ্গে এই প্রথমবার ক্রিকেট নিয়ে কথা হয়নি, বরং কথা হয়েছে, শ্রীলঙ্কার খাবার দাবার, গল ফোর্ট, সারাংশের স্বাস্থ্য নিয়ে। তিনি বললেন, ‘আমি ওর কোচ আবার ওর বাবাও। ওর ভারতীয় দল থেকে ডাক পাওয়া স্বপ্নের মতো বিষয় আমাদের কাছে।’
সুবোধ বলছেন, যখন ২০১৪ সালে তাঁর মুখের ক্যানসার ধরা পড়ে, তখন সারাংশ অস্ট্রেলিয়ায় ইন্দোরের ক্লাবের হয়ে খেলতে গিয়েছে। সেই সময় মুখের কষ্টকর অবস্থা, সার্জারির জন্য ছেলের সঙ্গে ফোনে কথা বলতে পারেননি সুবোধ। পরিবারের সদস্যরা সারাংশকে বলেছিলেন,‘ বাবা ব্যস্ত আছেন।’ ফিরে এসে আবেগঘন সারাংশ খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন। এরপর চলে দীর্ঘ লড়াই। ভারতের এই স্পিনার হরভজন সিংয়ের থেকেও বেশ কিছু টিপস পেয়েছেন বলে জানা যায়। এবার ২২ গজের ময়দানে দেশের হয়ে সারাংশের উজাড় করে দেওয়ার পালা!
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


