'বিষণ্ণ' মার্কিন সেনা! জনপ্রিয় স্ট্রিপারের ভিডিওতে ফাঁস ইরান যুদ্ধের গোপন তথ্য, হুলুস্থূল...

ওই স্ট্রিপার বর্ণনা করেছেন, কী ভাবে মার্কিন সেনা সদস্যদের ওই সব কথাবার্তা তাঁকে ব্যক্তিগত ভাবে প্রভাবিত করেছে।

Published on: Apr 3, 2026, 22:02:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিম এশিয়ার সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়াল মার্কিন যুক্তরাষ্ট্রে। অভিযোগ উঠেছে, সোশ্যাল মিডিয়ার রিলিসের মাধ্যমেই নাকি ফাঁস হয়ে যাচ্ছে যুদ্ধ সংক্রান্ত গোপন তথ্য। সান দিয়েগোর এক জনপ্রিয় স্ট্রিপার এক ভিডিওতে দাবি করেছেন, নাইট ক্লাবে গিয়ে নেশার ঘোরে ইরানে হতে চলা তাঁদের আসন্ন অভিযান সম্পর্কে গোপন তথ্য অবলীলায় ফাঁস করছেন মার্কিন সেনারা। আর ভিডিও পোস্ট হওয়ার পরেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যার জেরে প্রশ্ন উঠছে মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তা নিয়ে।

জনপ্রিয় স্ট্রিপারের ভিডিওতে ফাঁস ইরান যুদ্ধের গোপন তথ্য (সৌজন্যে টুইটার)
জনপ্রিয় স্ট্রিপারের ভিডিওতে ফাঁস ইরান যুদ্ধের গোপন তথ্য (সৌজন্যে টুইটার)

পেশায় স্ট্রিপার ওই তরুণীর দাবি, মার্কিন সেনারা নাইট ক্লাবগুলিতে পশ্চিম এশিয়ায় তাঁদের আসন্ন মোতায়েন সংক্রান্ত সংবেদনশীল তথ্য ফাঁস করে দিচ্ছেন। মদের ঘোরে সামরিক ঘাঁটির কাছের পানশালাগুলিতে গিয়েই মার্কিন সেনারা গোপন তথ্য বলে আসছেন বলেও দাবি করেছেন তিনি। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন চার্ম ডেজ নামে ওই স্ট্রিপার। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ভিডিয়োয় ডেজ দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক ঘাঁটির আশপাশের পানশালাগুলিতে সে দেশের তরুণ সেনাদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তাঁর কথায়, ‘সম্প্রতি আমি একটা জিনিস লক্ষ করছি যে, সামরিক বাহিনীর সদস্যেরা পানশালাগুলিতে আসছেন এবং তাঁদের সব টাকা খরচ করে ফেলছেন। ওঁরা কিছুটা বিষণ্ণ। ইচ্ছা থাকলেও মজা করতে পারছেন না। এ-ও বলছেন যে, আগামী সপ্তাহে তাঁদের মোতায়েন করা হবে।’

একই সঙ্গে ওই স্ট্রিপার বর্ণনা করেছেন, কী ভাবে সেনা সদস্যদের ওই সব কথাবার্তা তাঁকে ব্যক্তিগত ভাবে প্রভাবিত করেছে। ডেজের কথায়, 'ওই তরুণ সেনকর্মীদের মধ্যে অনেকেই খুব দয়ালু। ওঁদের আসতে দেখে এবং নাচতে দেখে ভাল লাগছে। কিন্তু কিছু দিন পরে এঁদের বিদায় বলে চলে যেতে হবে মনে করলেই আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি।' তরুণ মার্কিন সেনাদের ‘বাচ্চা’ এবং তাঁদের আচরণ ‘শিশুসুলভ’ বলেও উল্লেখ করেছেন ডেজ। তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন তার ক্যাপশনে লিখেছেন, 'এই মুহূর্তে নাইট ক্লাবগুলিতে কাজ করতে গিয়ে আমি বিষয়টি পর্যবেক্ষণ করেছি।' সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর মতে, ডেজ মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন নাইট ক্লাবে কাজ করলেও তিনি সান ডিয়েগোয় থাকেন। মার্কিন শক্তিশালী সামরিক ঘাঁটি হিসাবে পরিচিত সান ডিয়েগো। ওই অঞ্চলে সান ডিয়েগো, করোনাডো এবং ক্যাম্প পেন্ডলটনের মতো প্রধান মার্কিন নৌঘাঁটি রয়েছে। আর সে কারণেই ডেজের ওই ভিডিওটি প্রকাশ্যে আসার পরে তরুণ মার্কিন সেনাকর্মীদের পানশালায় গিয়ে মদের ঘোরে গোপন অভিযান সংক্রান্ত তথ্য ফাঁস করার বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছেন না অনেকে।

ওই ভিডিওটি মেরিন অফিসার এবং নেটপ্রভাবী কাগান ডানল্যাপ-সহ অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। এই প্রসঙ্গে এক্স-এ একটি পোস্টে কাগান বলেন, 'তরুণ সেনাদের সতর্ক করছি। আপনারা স্ট্রিপারদের কাছে গোপন কথা বলবেন না। আপনাকে কোথায় মোতায়েন করা হচ্ছে, সে সংক্রান্ত তথ্য জানানোরও দরকার নেই।’ অন্য বিশেষজ্ঞেরাও জানিয়েছেন, অভিযান সংক্রান্ত যে কোনও তথ্যই ফাঁস করা সেনাকর্মীদের জন্য দণ্ডনীয় অপরাধ। এমনকী, খুব কাছের মানুষকেও সে সব কথা বলা যায় না। সেখানে পানশালার বিনোদনকর্মী তো অনেক দূরের ব্যাপার। একজন সেনাকর্মীকে কোথায় মোতায়েন করা হবে, তিনি কবে, কখন এবং কাদের সঙ্গে সেখানে যাবেন, সে তথ্য ফাঁস করা অনুচিত বলে মনে করিয়েছেন বিশেষজ্ঞেরা।