শীর্ষ নেতৃত্বের আর্জিতেও অনড়! বিজেপি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত শেহজাদ পুনাওয়ালার

Shehzad Poonawalla Quits BJP: গত ৩০ জুলাই দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চেয়ে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন শেহজাদ পুনাওয়ালা। কিন্তু দল তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে।

Published on: Aug 17, 2026, 23:11:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Shehzad Poonawalla Quits BJP: এক্স হ্যান্ডেল থেকে শুরু করে টিভি শো-বিভিন্ন সময়ে বিজেপির (BJP) হয়ে জোরালো সওয়াল করতে দেখা গিয়েছে তাঁকে। বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চেয়ে ফের দলকে চিঠি পাঠালেন সেই শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla)। বিজেপির এই সর্বভারতীয় মুখপাত্র সোমবার দলীয় সভাপতি নীতিন নবীনকে পাঠানো পদত্যাগ পত্রে অনুরোধ করেছেন তাঁর দলত্যাগের আর্জি বিবেচনা করা হোক।

বিজেপি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত শেহজাদ পুনাওয়ালার (সৌজন্যে টুইটার)
বিজেপি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত শেহজাদ পুনাওয়ালার (সৌজন্যে টুইটার)

জানা গিয়েছে, গত ৩০ জুলাই দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চেয়ে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন শেহজাদ পুনাওয়ালা। কিন্তু দল তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে। তবে বিজেপি ছাড়ার সিদ্ধান্তে অটল শেহজাদ। সোমবার শেহজাদ পুনাওয়ালা ঘোষণা করেছেন তিনি সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। বিজেপির সঙ্গে তিনি সাংগঠনিকভাবে থাকবেন না। এমনকী প্রাথমিক সদস্যও থাকছেন না। তবে এই দলের ভাবধারা মেনে চলবেন। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ পুনাওয়ালা জানান, 'অত্যন্ত বিনয়, স্নেহ ও কৃতজ্ঞতার সঙ্গে আমি ফের বিজেপি এবং নীতিন নবীনজির কাছে আমার ইস্তফাপত্র জমা দিয়েছি এবং তা গ্রহণ করার অনুরোধ জানিয়েছি।' নিজের ইস্তফাপত্র প্রকাশ করে তিনি জানান, এটি ৩০ জুলাইয়ের আগের চিঠির ধারাবাহিকতা। সেই চিঠিতে আর্থিক ও ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কারণে দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে নিঃশর্তভাবে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

তিনি বলেন, বিজেপি তাঁর ইস্তফা গ্রহণ না করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছিল। কিন্তু দীর্ঘ ও গভীরভাবে চিন্তাভাবনা করার পর এবার জাতীয় মুখপাত্রের পদ এবং দলের সক্রিয় প্রাথমিক সদস্যপদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি। দল প্রথমে পদত্যাগপত্র গ্রহণ না করায় কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠিতে তিনি লেখেন, 'কোনও অভিমান বা ক্ষোভ ছাড়াই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলীয় সভাপতি নীতিন নবীন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সাধারণ সম্পাদক (সংগঠন) বি. এল. সন্তোষের মতো প্রবীণ নেতাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসা রেখে ধন্যবাদ জানাচ্ছি। গত পাঁচ বছরে আমাকে যে সুযোগ ও মঞ্চ দেওয়া হয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।'

শেহজাদ পুনাওয়ালার বিজেপি থেকে পদত্যাগের কারণ কী?

কারো নাম না তুলে চিঠিতে শেহজাদ পুনাওয়ালা লেখেন, 'গত কয়েক দিনের কিছু ঘটনা, কয়েকজন ব্যক্তির কারণে, যাদের সম্পর্কে আপনাকে আগেই বিস্তারিত জানিয়েছি, আমাকে আমার আগের সিদ্ধান্তে অটল থাকতে বাধ্য করেছে।' নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, 'জরুরি আর্থিক ও ব্যক্তিগত পরিস্থিতির কারণে আমি এবার কর্পোরেট ক্ষেত্রে (প্রাইভেট সেক্টর) যোগ দেব। তবে যেখানেই সম্ভব এবং যেভাবেই সম্ভব, প্রধানমন্ত্রী মোদী ও বিজেপির দৃষ্টিভঙ্গি ও কাজকে সমর্থন করে যাব। আমি কেবল দলীয় ব্যবস্থা ছাড়ছি, ব্যক্তি বা আদর্শ বিচার নয়।'

প্রসঙ্গত, গত জুলাইয়ের শেষের দিকেই শেহজাদ এক্স হ্যান্ডেলে তাঁর বায়ো পরিবর্তন করেছিলেন। সেখানে 'বিজেপি জাতীয় মুখপাত্র' পরিচয় সরিয়ে নিলেও 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজীবন অনুগামী' লিখে রেখেছিলেন। পেশায় আইনজীবী শেহজাদ পুনাওয়ালা রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কংগ্রেসে। ২০১৭ সালে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে মুখ খুলে তিনি আলোচনায় আসেন। পরবর্তীতে কংগ্রেস ত্যাগ করেন এবং বিজেপিতে যোগ দিয়ে দলের অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করেন।