সালটা ছিল ২০২৪। বাংলাদেশ সেদিন জনতা-ছাত্র আন্দোলনে উত্তাল। ঢাকার রাস্তায় নেমেছিল বিক্ষোভকারীদের ঢল। আর সেই জনতার অভ্যুত্থানের জেরেই ৫ আগস্ট ২০২৪ সালে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে নানান অডিয়োতে শেখ হাসিনার কণ্ঠ শোনা গেলেও, তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে এবার দেখা যেতে চলেছে। আসছে আরও এক ৫ আগস্ট! দেশ ছাড়ার পর ২০২৬ সালের ৫ আগস্ট প্রথমবার জনসমক্ষে আসতে চলেছেন ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী মুজিবকন্যা শেখ হাসিনা।

সাউথ এশিয়ার ফরেন করসপন্ডেন্ট ক্লাব-র এক অনুষ্ঠানে আসতে চলেছেন শেখ হাসিনা। কনফারেন্স দিল্লিতে হবে। জানা যাচ্ছে, এই কনফারেন্স হবে ভার্চুয়াল পদ্ধতিতে। ৫ আগস্ট ২০২৬ সালে সন্ধ্যা ৬ টা থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিট পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। সেখানেই জনসমক্ষে দেখা যাবে মুজিবকন্যা হাসিনাকে। নয়া দিল্লির মথুরা রোডের এক অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন হবে। এই কনফারেন্সের লাইভ স্ট্রিম হবে ক্লাবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
২০২৪ সালে শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালের পতন হয়। সেই বিষয়ে এই অনুষ্ঠানে শেখ হাসিনা কিছু বলতে পারেন বলে খবর। ঢাকার রাজনৈতিক ঘূর্ণাবর্ত নিয়ে শেখ হাসিনা কোনও বক্তব্য রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শেখ হাসিনা জানিয়েছেন, তিনি ২০২৬ সালের শেষলগ্নে বাংলাদেশে ফিরবেন বলে মনস্থ করেছেন। এদিকে, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে। এই পরিস্থিতিতে তারেক সরকারের আমলে শেখ হাসিনার বাংলাদেশ সফর ঘিরে নজর আন্তর্জাতিক মহলের। তারই মাঝে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিঃসন্দেহে বড় ঘটনা। আর সেই সফরের আগে, বাংলাদেশের আওয়ামি লিগের নেত্রী শেখ হাসিনার আসন্ন ৫ আগস্টের বক্তব্যের দিকে তাকিয়ে বহু মহল।