Shooting Near White House: হোয়াইট হাউসের কাছে চলল গুলি, তখন বাসভবনেই ছিলেন ট্রাম্প, বন্দুকবাজকে খতম করল সিক্রেট সার্ভিস
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, সন্দেহভাজন হামলাকারীর নাম নাসিরে বেস্ট। বয়স ২১ বছর। অভিযোগ, তিনি একটি ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে নিরাপত্তা চৌকির দিকে গুলি চালান। সঙ্গে সঙ্গে পালটা জবাব দেয় সিক্রেট সার্ভিস। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
হোয়াইট হাউসের কাছে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকায়। শনিবার সন্ধ্যায় ওয়াশিংটনের ১৭তম স্ট্রিট ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের কাছে এক ব্যক্তি আচমকা গুলি চালাতে শুরু করে বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। পরে পালটা গুলিতে ওই সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু হয়। ঘটনায় অন্তত এক পথচারীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল সোশ্যাল মিডিয়ায় জানান, ঘটনাস্থলে এফবিআই ও সিক্রেট সার্ভিস যৌথভাবে তদন্ত চালাচ্ছে। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই উপস্থিত ছিলেন। তবে তাঁর কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, সন্দেহভাজন হামলাকারীর নাম নাসিরে বেস্ট। বয়স ২১ বছর। অভিযোগ, তিনি একটি ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে নিরাপত্তা চৌকির দিকে গুলি চালান। সঙ্গে সঙ্গে পালটা জবাব দেয় সিক্রেট সার্ভিস। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সময় হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকরা পরপর গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে নিয়ে যাওয়া হয়। সাংবাদিক সেলিনা ওয়াং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানান, 'ডজনখানেক গুলির আওয়াজ' শোনা গিয়েছিল। এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও ন্যাশনাল গার্ড। হোয়াইট হাউসের আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কীভাবে অভিযুক্ত ব্যক্তি এত কড়া নিরাপত্তার মধ্যেও হোয়াইট হাউসের এত কাছে পৌঁছে গেলেন।
উল্লেখ্য, বহুবার ট্রাম্পের ওপর হামলার চেষ্টা করা হয়েছে এর আগে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ওহাইওর একটি সভায় এক ব্যক্তি আচমকা মঞ্চের দিকে দৌড়ে যান। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে আটক করেন। পরে জানা যায়, তিনি ট্রাম্পকে আক্রমণ করতে যাচ্ছিলেন। এদিকে ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সভার সময় বন্দুকধারী থমাস ম্যাথু ক্রুকস গুলি চালিয়েছিল ট্রাম্পকে লক্ষ্য করে। সেই ঘটনায় একটি গুলি ট্রাম্পের কান ঘেঁষে চলে যায়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ ক্লাবের কাছে আরও এক আততায়ী বন্দুক নিয়ে লুকিয়ে ছিল। এরপর ২০২৫ ও ২০২৬ সালে হোয়াইট হাউসের আশপাশে একাধিক গুলিচালনা ও নিরাপত্তা সতর্কতার ঘটনা ঘটে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


