Shubman Gill Injured: ঘাড়ের চোটে মাঠ ছেড়ে হাসপাতালে শুভমন, টেস্টের তৃতীয় দিনে দেখা যাবে অধিনায়ককে?
Shubman Gill Got Neck Injury: টেস্টের দ্বিতীয় দিনে খেলার মাঝে হঠাৎ কথেই ঘাড়ে আঘাত পেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমন গিল। তৃতীয় দিনে কি মাঠে নামবেন?
ভারতীয় দল যখন কঠিন পরিস্থিতিতে লড়ছে, ঠিক তখনই ঘাড়ের মারাত্মক চোটে মাঠ ছাড়তে বাধ্য হলেন অধিনায়ক শুভমান গিল। অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল। শনিবারের এই অপ্রত্যাশিত ঘটনায় ভারতীয় শিবিরে চরম উদ্বেগ তৈরি হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ম্যাচে তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

ঠিক কী ঘটেছিল?
ভারতের প্রথম ইনিংস চলাকালীন ঘটনাটি ঘটে। স্পিনার সিমন হার্মারের বিরুদ্ধে স্লগ-সুইপ করার সময় গিল আঘাত পান। শটটি খেলার পরই সঙ্গে সঙ্গে ঘাড়ের পিছনের দিকে হাত দিয়ে ব্যথায় কাতরে ওঠেন এবং দ্রুত ফিজিওর সাহায্য চান। প্রাথমিক পরীক্ষার পর, মাত্র ৩ বল খেলে ৪ রানে অপরাজিত থাকা অবস্থায় তাঁকে 'রিটায়ার্ড হার্ট' হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। সেই মুহূর্তে এটিকে স্রেফ সতর্কতা হিসেবে দেখা হলেও, কিছুক্ষণ পরেই পরিস্থিতি গুরুতর মোড় নেয়। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
অ্যাম্বুলেন্স করে হাসপাতালে
ঘণ্টাখানেক পর শুভমন গিলকে আর তাঁর স্বাভাবিক পোশাকে দেখা যায়নি। স্ট্রেচারে শুইয়ে তাঁকে ঘাড়ের কলার পরিয়ে মাঠের বাইরে আনা হয়। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে, দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে স্টেডিয়াম থেকে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। বিসিসিআই পরে জানায়, গিল ‘নেক স্প্যাজম’ ভুগছেন। এই সমস্যায় ঘাড়ের পেশির খিঁচুনি ধরে যায়। আপাতত তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন।
কী বললেন ভারতের সহকারী কোচ
ভারতের সহকারী কোচ মর্নি মর্কেল অবশ্য চোটের কারণ হিসেবে অতিরিক্ত খেলার চাপকে অস্বীকার করেছেন। তিনি বলেন, "এই চোট হয়তো রাতে ঠিকমতো না ঘুমানোর ফলেও হতে পারে।" তবে সাম্প্রতিক সময়ে শুভমনের খেলার সূচি ছিল অত্যন্ত ব্যস্ত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করে তিনি সরাসরি অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সফরে যান। সেখান থেকে প্রায় কোনও বিশ্রাম ছাড়াই কলকাতায় দলের সঙ্গে যোগ দেন।
অপেক্ষায় টিম
ওয়াশিংটন সুন্দরের উইকেট হারানোর পর ঠিক এই সময়ে অধিনায়কের এই অপ্রত্যাশিত চোপ ভারতীয় ইনিংসে গভীর চাপ সৃষ্টি করেছে। ম্যাচটির তৃতীয় দিনে শুভমন মাঠে নামতে পারবেন কি না, সেই অপেক্ষায় এখন গোটা দল। তাঁর চোটের গুরুতর প্রকৃতি বিবেচনায়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরবর্তী টেস্টগুলিতে তাঁর অংশগ্রহণ এবং নেতৃত্বদান উভয়েই অনিশ্চিত হয়ে পড়ল। আপাতত উডল্যান্স হাসপাতালে ভর্তি আছেন শুভমন। তৃতীয় দিনে তিনি মাঠে ফেরেন কি না, এবার সেটাই দেখার।
E-Paper

