SMAT Bengal Vs UP: ভুবনেশ্বর-কুলদীপদের তুলোধোনা, উত্তরপ্রদেশকে ৯৩ রানে হারাল বাংলা, SMAT-এ এখনও টিকে আশা

প্রথমে ব্যাট করতে নেমে ১৫ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২০১ রান তোলে বাংলা। করণ লাল ও অভিষেক পোড়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উত্তরপ্রদেশকে ৯৩ রানের বিশাল ব্যবধানে হারাল বাংলা।

Published on: Nov 24, 2026, 13:56:26 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

তারকাখচিত বোলিং আক্রমণ। বিপক্ষে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যশ দয়াল ও শিবম মাভির মতো বোলার। কিন্তু তাঁদের কাউকেই রেয়াত করলেন না বাংলার ব্যাটাররা। করণ লাল ও অভিষেক পোড়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উত্তরপ্রদেশকে ৯৩ রানের বিশাল ব্যবধানে হারাল বাংলা। মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে এই জয়ের ফলে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা আরও একবার জিইয়ে রাখল লক্ষ্মীরতন শুক্লার দল। বিশেষ করে বাংলার ব্যাটারদের আগ্রাসী মেজাজ উত্তরপ্রদেশের শক্তিশালী বোলিং বিভাগকে কার্যত ছিন্নভিন্ন করে দিল।

ভুবনেশ্বর-কুলদীপদের তুলোধোনা, উত্তরপ্রদেশকে ৯৩ রানে হারাল বাংলা, SMAT-এ এখনও টিকে আশা
ভুবনেশ্বর-কুলদীপদের তুলোধোনা, উত্তরপ্রদেশকে ৯৩ রানে হারাল বাংলা, SMAT-এ এখনও টিকে আশা

বৃষ্টির কারণে ম্যাচ কমিয়ে ১৫ ওভারের করা হয়েছিল। আর সেই ছোট ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন বাংলার ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করতে নেমে ১৫ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২০১ রান তোলে বাংলা। শুরুটা অবশ্য ভালো হয়নি। শিবম মাভির বলে মাত্র ১ রান করে ফিরে যান সুদীপ কুমার ঘরামি। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও ১৩ বলে ১৯ রান করে বড় ইনিংস খেলতে পারেননি। তবে এরপরই ম্যাচের রং বদলে দেন অভিষেক পোড়েল ও করণ লাল।

চলতি মরশুমে দুরন্ত ছন্দে থাকা অভিষেক এদিনও নিজের ফর্ম ধরে রাখেন। মাত্র ৩৯ বলে ৬৯ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা। অন্যদিকে করণের ব্যাটিং ছিল আরও বিধ্বংসী। মাত্র ২৯ বলে অপরাজিত ৮২ রান করেন তিনি। পাঁচটি চার এবং আটটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ২৮২.৭৬! শেষদিকে ঋষভ চৌধুরীও মাত্র সাত বলে ১৮ রান করে বাংলাকে ২০০ রানের গণ্ডি পার করান।

বাংলার ব্যাটারদের আক্রমণের সবচেয়ে বড় শিকার হন ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব। ভুবনেশ্বরের তিন ওভারে ৫৫ রান ওঠে। একটি ওভারেই খরচ করেন ৩০ রান। অন্যদিকে কুলদীপ তিন ওভারে দেন ৪১ রান। তাঁর এক ওভারেই ১৯ রান তুলে নেন বাংলার ব্যাটাররা। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন বল হাতে দাপট দেখানো দুই তারকা স্পিন-সিম বোলারের বিরুদ্ধে এমন ব্যাটিং নিঃসন্দেহে বাংলার আত্মবিশ্বাস বাড়াবে।

জবাবে ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে উত্তরপ্রদেশ। বাংলার বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নির্ধারিত ১৫ ওভারে ১০৮ রানেই আটকে যায় তাদের ইনিংস। প্রদীপ্ত প্রামাণিক ছিলেন বাংলার সেরা বোলার। মাত্র ১৫ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তিনি। অভিষেক হওয়া অখিলেশ যাদবও ২৭ রান দিয়ে দুটি উইকেট পান। মুকেশ কুমার ও সায়ন ঘোষের ঝুলিতে যায় একটি করে উইকেট। তবে মহম্মদ শামি এদিন উইকেট পাননি।

এই জয়ের ফলে গ্রুপ 'এ'-তে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলা। নেট রান রেট ২.২০৬। এখন বাংলার নজর বরোদা ও রাজস্থানের লড়াইয়ের দিকে। কারণ দুই দলেরই পয়েন্ট ১৬। বাংলার শেষ ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। সেই ম্যাচের ফলই কোয়ার্টার ফাইনালের দৌড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। পাশাপাশি পাঁচটি গ্রুপের রানার্সদের মধ্যে সেরা তিনটি দলও শেষ আটে জায়গা পাবে। ফলে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শুধু জয় নয়, বিশাল ব্যবধানে জিতে নেট রান রেট বাড়িয়ে রাখাও বাংলার জন্য বড় প্রাপ্তি।

সব মিলিয়ে, করণ লাল ও অভিষেক পোড়েলের ব্যাটিং এবং প্রদীপ্ত প্রামাণিকের দুরন্ত বোলিংয়ে নতুন করে অক্সিজেন পেল বাংলা। এবার রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করাই লক্ষ্মীরতন শুক্লার দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।