Sonam Wangchuk: 'সরকার কেন এখনও...,' ১৮ দিন ধরে অনশন, স্বাস্থ্যের অবনতিতেও অনড় সোনম ওয়াংচুক
Sonam Wangchuk: ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, সোনাম ওয়াংচুকের শরীরের পেশিশক্তি কমতে শুরু করেছে এবং তিনি তীব্র শারীরিক যন্ত্রণায় রয়েছেন।
Sonam Wangchuk: একের পর এক দিন কেটে যাচ্ছে, দিল্লির যন্তর মন্তরে এখনও অনশন চালাচ্ছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে ‘ককরোচ জনতা পার্টি’র ধর্নায় অংশ নিয়েছিলেন সোনম ওয়াংচুক, আর সেই অনশনের বয়স আজ ১৮ দিন। দীর্ঘ সময় অন্নত্যাগের কারণে তাঁর শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটেছে, যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, সোনাম ওয়াংচুকের শরীরের পেশিশক্তি কমতে শুরু করেছে এবং তিনি তীব্র শারীরিক যন্ত্রণায় রয়েছেন।

ককোরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়ায় জানান, সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ওঁর ওজন ইতিমধ্যেই সাড়ে আট কেজি কমেছে। শরীরে পেশির ক্ষয় শুরু হয়েছে। তা সত্ত্বেও অনশন ভাঙতে নারাজ ওয়াংচুক। তাঁর পাল্টা প্রশ্ন, সরকার কেন আলোচনায় বসছে না? তিনি জানান, অনশন ভাঙার অনুরোধ করা হলেও ওয়াংচুক বলেন, ‘তাঁকে অনশন ভাঙতে বলার পরিবর্তে সরকার কেন এখনও আলোচনায় বসছে না, সে প্রশ্নই করা উচিত।’ নিট-বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ‘ককরোচ’ জনতা পার্টি । প্রথম থেকেই তাদের এই আন্দোলনে পাশে থাকার বার্তা দেন সোনম। পরে ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার যদি ২৭ জুনের মধ্যে কোনও জবাব না-দেয় তবে অনশনে বসবেন তিনি। কেন্দ্রের কাছে প্রত্যাশিত কোনও উত্তর না-মেলায় ২৮ জুন থেকে অনশন শুরু করেন লাদাখের এই সমাজসৈনিক।
সোনম ওয়াংচুকের পাশে বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বরা
তবে বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বরা সোনম ওয়াংচুকের পাশে রয়েছেন। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সোনমকে অনশন প্রত্যাহারের অনুরোধ করেছেন। একই অনুরোধ করেছেন উদ্ধব ঠাকরেও। তবে অনশন দীর্ঘায়িত হওয়ায় ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগও বাড়ছে। এই পরিস্থিতিতে আন্দোলনস্থলে পৌঁছে তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। যন্তর মন্তরে গিয়ে স্বরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং অনশনরত সোনম ওয়াংচুকের পাশেও কিছুটা সময় কাটান। পরে ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজ থেকে সেই মুহূর্তের একাধিক ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'নির্ভীক ও স্পষ্টভাষী অভিনেত্রী স্বরা ভাস্কর আজ যন্তর মন্তরের আন্দোলনে যোগ দিলেন।' স্বরা ভাস্করও সেই পোস্টগুলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। একটি পোস্টে তিনি লেখেন, 'আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।' অন্য একটি ছবির সঙ্গে তিনি লেখেন, 'অদম্য সোনম ওয়াংচুক স্যার আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য লড়ছেন। তাঁর প্রতি আমার পূর্ণ সংহতি ও কৃতজ্ঞতা রইল।'
অনশন ভাঙার আবেদন বিশিষ্টদের
এদিকে, সোমবারই অভিনেতা নাসিরুদ্দিন শাহ, অভিনেত্রী রত্না পাঠক শাহ, লেখিকা অরুন্ধতী রায় এবং অর্থনীতিবিদ জয়তী ঘোষ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি যৌথ বিবৃতিতে সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের অনুরোধ জানান। তবে তাঁরা একইসঙ্গে আন্দোলনের দাবির প্রতি পূর্ণ সমর্থনও প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, 'আপনাদের উদ্দেশ্য, সাহস ও দৃঢ়তা আমাদের অনুপ্রাণিত করছে। তবে এই লড়াই দীর্ঘ পথের। তাই অনশন ভেঙে সুস্থ থেকে আগামী দিনের সংগ্রামে নেতৃত্ব দিন। এই লড়াই স্প্রিন্ট নয়, ম্যারাথন।' তাঁরা আরও অভিযোগ করেন, আন্দোলনকারীদের দাবির বিষয়ে কেন্দ্রের নীরবতা উদ্বেগজনক এবং এতে অনশনকারীদের স্বাস্থ্য আরও ঝুঁকির মুখে পড়ছে।
সোনম ওয়াংচুককে সমর্থন ওমি বৈদ্যর
'থ্রি ইডিয়টস' সিনেমায় চতুর রামালিঙ্গম বা 'সাইলেন্সার'-এর চরিত্রে অভিনয় করা অভিনেতা ওমি বৈদ্য মানুষকে সেই উদ্দেশ্যের প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন, যার জন্য ওয়াংচুক লড়াই করছেন। ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি অত্যন্ত জনপ্রিয় চরিত্র 'ফুংসুখ ওয়াংড়ু'-র প্রসঙ্গ টেনে বৈদ্য তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটির শিরোনাম ছিল- 'আমি চাই না ফুংসুখ ওয়াংড়ু মারা যাক।' ভিডিও ক্লিপটিতে অভিনেতা বলেন, ‘আমি এই লোকটির সঙ্গে দেখা করেছি। তিনি বেশ আকর্ষণীয় এক ব্যক্তিত্ব। জীবনে তিনি অসাধারণ সব কাজ করেছেন এবং তাঁকে বেশ বিনয়ী মনে হয়েছে-যা সত্যিই দারুণ ব্যাপার। আমি আপনাদের পরামর্শ দেব তাঁর সম্পর্কে খোঁজখবর নিতে এবং তিনি বর্তমানে কী করছেন তা জানতে ৷ কারণ তিনি এখন দীর্ঘ সময় ধরে অনশন করছেন। এই অনশন অনেক সপ্তাহ ধরে চলছে এবং এর ফলে তাঁর রক্তে শর্করার মাত্রা অনেক কমে গেছে।’এরপর অভিনেতা উল্লেখ করেন যে, ওয়াংচুকের প্রতি সমর্থন রাজনৈতিক বা আদর্শগত মতপার্থক্যের ঊর্ধ্বে হওয়া উচিত। ওমি বলেন, 'আপনি তাঁর সঙ্গে একমত হোন বা না-ই হোন, আমি আসলে চাই না যে এই মানুষটি মারা যান। আমার মতে তিনি অত্যন্ত চিত্তাকর্ষক একজন মানুষ এবং আমি চাই তিনি বেঁচে থাকুন।'
কী দাবিতে চলছে এই আন্দোলন?
২০ জুন থেকে শুরু হওয়া এই আন্দোলনে ২৮ জুন থেকে যোগ দেন সোনম ওয়াংচুক। বুধবার আন্দোলনের ২৫তম দিন এবং তাঁর অনশনের ১৮তম দিন। ইতিমধ্যেই অনশনরত এআইএসএ কর্মী দীপকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির আরএমএল হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আন্দোলনকারীদের মূল দাবি, নিট-ইউজি প্রশ্নফাঁস বিতর্কে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এছাড়াও, আগামী ২০ জুলাই, সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন, শান্তিপূর্ণভাবে সংসদ অভিযানের কর্মসূচিও ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। 'এই লড়াই কোনও একজন মানুষের নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাব্যবস্থা ও ন্যায়বিচারের দাবিতে দেশের তরুণদের কণ্ঠস্বর'- আন্দোলনকারীদের বার্তায় এখন সেই দাবিই আরও জোরালো হয়ে উঠছে।
E-Paper

