Pakistani Spy: DRDO বিজ্ঞানী সেজে ‘সোনিয়া’! ভারতীয় সেনা ও আধাসেনার ১৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানি গুপ্তচর

ভারতীয় সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) এবং প্রতিরক্ষা সংক্রান্ত কাজে যুক্ত অসামরিক কর্মীদের ব্যবহৃত প্রায় ১৩-১৪টি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানি গোয়েন্দাদের প্রবেশের সন্দেহ তৈরি হয়েছে। 

Published on: Nov 24, 2026, 09:27:05 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় ঢুকে পড়েছে পাকিস্তানি গুপ্তচর! এবার সীমান্ত পেরিয়ে সরাসরি ভারতীয় সেনা ও আধাসেনার কর্মীদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে নজরদারি চালানোর অভিযোগ উঠল পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। আরও চাঞ্চল্যকর বিষয়, দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO-র বিজ্ঞানী পরিচয় দিয়ে ‘সোনিয়া’ নামে এক মহিলা পাকিস্তানি গুপ্তচর ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের সঙ্গে যোগাযোগ তৈরি করেছিলেন বলে অভিযোগ। শুধু একটি বা দুটি নয়, প্রায় ১৩-১৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানি গোয়েন্দাদের অনুপ্রবেশের তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। শুরু হয়েছে একাধিক প্রতিরক্ষা ও আধাসামরিক সংস্থার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিরাপত্তা অডিট।

DRDO বিজ্ঞানী সেজে ‘সোনিয়া’! ভারতীয় সেনা ও আধাসেনার ১৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানি গুপ্তচর
DRDO বিজ্ঞানী সেজে ‘সোনিয়া’! ভারতীয় সেনা ও আধাসেনার ১৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানি গুপ্তচর

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) এবং প্রতিরক্ষা সংক্রান্ত কাজে যুক্ত অসামরিক কর্মীদের ব্যবহৃত প্রায় ১৩-১৪টি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানি গোয়েন্দাদের প্রবেশের সন্দেহ তৈরি হয়েছে। অভিযোগ, ভারতীয় মোবাইল নম্বর জাল করে অথবা অন্যের নম্বরের নিয়ন্ত্রণ নিয়ে ওই গ্রুপগুলিতে ঢুকে পড়েছিল পাকিস্তানভিত্তিক গোয়েন্দা অপারেটিভরা। গ্রুপের সদস্য হলেও তারা নিজেদের উপস্থিতি প্রকাশ করত না। নীরবে সদস্য হয়ে অন্যদের কথোপকথন, বার্তা এবং আদানপ্রদান করা নথির উপর নজর রাখত। এভাবেই সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছিল বলে সন্দেহ তদন্তকারীদের।

এই চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘সোনিয়া’। দ্য ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ‘অল ইন্ডিয়া ডিফেন্স সিভিলিয়ান মিউচুয়াল ট্রান্সফার পোস্টিং’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে DRDO-র বিজ্ঞানী পরিচয় দিয়ে যোগ দিয়েছিলেন ওই মহিলা। এরপর এক অসামরিক প্রতিরক্ষা কর্মীর সঙ্গে কথাবার্তা শুরু করেন তিনি। ধীরে ধীরে ওই কর্মীর বিশ্বাস অর্জন করে তাঁর কাছ থেকে প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার অভিযোগ উঠেছে। এমনকী, টাকার বিনিময়ে সংবেদনশীল তথ্য সরবরাহ করা হয়েছিল বলেও দাবি তদন্তকারীদের। তবে ঠিক কী ধরনের তথ্য ফাঁস হয়েছে, তার সম্পূর্ণ বিবরণ এখনও প্রকাশ্যে আসেনি।

ঘটনাটি সামনে আসতেই দেশজুড়ে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF), সীমান্তরক্ষী বাহিনী (BSF), সশস্ত্র সীমা বল (SSB) এবং ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (ITBP)-সহ বিভিন্ন বাহিনীর কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি গ্রুপের সদস্যদের পরিচয় যাচাই করতে বলা হয়েছে। অজানা বা সন্দেহজনক নম্বর অবিলম্বে সরিয়ে দেওয়ার পাশাপাশি আপাতত কোনও সরকারি বা গোপনীয় তথ্য সোশ্যাল মিডিয়া কিংবা হোয়াটসঅ্যাপে আদানপ্রদান না করার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কাছে এই ঘটনা নতুন করে সাইবার নিরাপত্তার দুর্বলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। কারণ, আধুনিক যুদ্ধে শুধু সীমান্তে গোলাগুলি বা ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, তথ্য হাতিয়ে নেওয়াও বড় অস্ত্র। সেনার অবস্থান, বদলি, দায়িত্ব, সামরিক পরিকাঠামো কিংবা গুরুত্বপূর্ণ অভিযানের তথ্য শত্রুপক্ষের হাতে পৌঁছলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, সাধারণ পরিচিতির আড়ালে শত্রুপক্ষের গোয়েন্দারা কত সহজে নিরাপত্তা বলয়ের ভিতরে ঢুকে পড়তে পারে, এই ঘটনা ফের তা সামনে এনে দিয়েছে। তাই শুধু সীমান্ত পাহারা নয়, এবার ডিজিটাল দুনিয়াতেও নজরদারি ও সতর্কতা বাড়ানো ভারতের জাতীয় নিরাপত্তার অন্যতম বড় প্রয়োজন হয়ে উঠেছে। এখন তদন্তকারীদের মূল লক্ষ্য, ওই ১৪টি গ্রুপের বাইরেও আরও কতগুলি প্রতিরক্ষা সংক্রান্ত গ্রুপে এমন অনুপ্রবেশ ঘটেছে, তা খুঁজে বের করা।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।