মোদীকে নিয়ে বইয়ে বিস্ফোরক মন্তব্য সোনিয়ার! সামনাসামনি হলে কী করেন প্রধানমন্ত্রী, জানালেন কংগ্রেস নেত্রী

মঙ্গলবার প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’। ৫৪৪ পাতার এই বইয়ে নিজের ব্যক্তিগত জীবন, গান্ধী পরিবারের অন্দরমহল, রাজনীতি এবং ভারতের সামাজিক পরিবর্তনের নানা দিক তুলে ধরেছেন কংগ্রেস নেত্রী।

Published on: Nov 10, 2026, 09:18:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? সংসদে বা কোনও সরকারি অনুষ্ঠানে মুখোমুখি হলে কী ঘটে? নিজের নতুন বইয়ে এই সব প্রশ্নের উত্তর দিলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। তাঁর দাবি, মোদীর সঙ্গে তাঁর কার্যত কোনও ব্যক্তিগত যোগাযোগ নেই। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলে দু’জনের মধ্যে নমস্কার বিনিময় হয় ঠিকই, কিন্তু প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে চোখাচোখি এড়িয়ে চলেন। এমনকি সামনে পড়লেও অন্য দিকে তাকিয়ে থাকেন মোদী। তবে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উত্থানের কথা স্বীকার করেছেন সোনিয়া। সাধারণ পরিবার থেকে উঠে এসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) মধ্যে প্রভাবশালী হয়ে ওঠার জন্য তাঁর রাজনৈতিক যাত্রার প্রশংসাও করেছেন তিনি।

মোদীকে নিয়ে বইয়ে বিস্ফোরক মন্তব্য সোনিয়ার! সামনাসামনি হলে কী করেন প্রধানমন্ত্রী, জানালেন কংগ্রেস নেত্রী
মোদীকে নিয়ে বইয়ে বিস্ফোরক মন্তব্য সোনিয়ার! সামনাসামনি হলে কী করেন প্রধানমন্ত্রী, জানালেন কংগ্রেস নেত্রী

মঙ্গলবার প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’। ৫৪৪ পাতার এই বইয়ে নিজের ব্যক্তিগত জীবন, গান্ধী পরিবারের অন্দরমহল, রাজনীতি এবং ভারতের সামাজিক পরিবর্তনের নানা দিক তুলে ধরেছেন কংগ্রেস নেত্রী। তার মধ্যেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে তাঁর কিছু অভিজ্ঞতা এবং মূল্যায়ন।

সামনাসামনি হলে কী করেন মোদী?

বইয়ে সোনিয়া লিখেছেন, এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও প্রকৃত ব্যক্তিগত যোগাযোগ তৈরি হয়নি। মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে বা লোকসভার স্পিকারের চেম্বারে দু’জনের দেখা হয়। তখন পরস্পরকে নমস্কার জানান তাঁরা। কিন্তু অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে যে সৌজন্য ও আন্তরিকতা দেখা যেত, এখন আর তা দেখা যায় না।

সোনিয়ার কথায়, মোদী যখনই তাঁর সামনে আসেন, তখন অন্য দিকে তাকিয়ে থাকেন। যাতে চোখাচোখি না হয়, সেই চেষ্টা করেন বলেও দাবি করেছেন কংগ্রেস নেত্রী। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

মোদীর রাজনৈতিক উত্থানের স্বীকৃতি

তবে মোদীর রাজনৈতিক জীবনের একটি দিকের প্রশংসাও করেছেন সোনিয়া। তাঁর মতে, দিল্লির ক্ষমতাসীন রাজনৈতিক ও সামাজিক অভিজাত শ্রেণির প্রতি মোদীর যে অস্বস্তি ছিল, তা তিনি বুঝতে পেরেছেন। দিল্লির অভিজাত মহলের বৈঠকে অনেক সময় সোনিয়ার নিজেরও অস্বস্তি হত। সেখানে যে সব মতামত উঠে আসত, তা ভারতের সাধারণ মানুষের বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করতেন তিনি।

সোনিয়া লিখেছেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে মোদী আরএসএসের মধ্যে নিজের প্রভাব ও অবস্থান তৈরি করেছেন। তাঁর এই রাজনৈতিক উত্থানকে স্বীকার করলেও মোদীর আদর্শের সঙ্গে নিজের মতপার্থক্য স্পষ্ট করেছেন কংগ্রেস নেত্রী।

দুই ভিন্ন ভারতের লড়াই

সোনিয়ার বক্তব্য, মোদী নিজের ভারত-ভাবনার জন্য লড়াই করছেন, তিনিও নিজের ভারত-ভাবনার পক্ষে লড়াই করেছেন। সোনিয়ার কাঙ্ক্ষিত ভারত হবে অন্তর্ভুক্তিমূলক, ধর্মনিরপেক্ষ এবং সামাজিক ন্যায়ের পক্ষে। সেখানে কোনও একটি গোষ্ঠীর আধিপত্য থাকবে না। অর্থাৎ, মোদী ও তাঁর রাজনৈতিক লড়াইকে ব্যক্তিগত বিরোধ হিসাবে দেখেন না তিনি। বরং দুই ভিন্ন মতাদর্শের সংঘাত হিসাবেই ব্যাখ্যা করেছেন।

আরএসএসের আদর্শ সম্পর্কে অবশ্য সোনিয়া কোনও আপস করতে নারাজ। মোদীর উত্থান থেকে কংগ্রেসের কী শেখার রয়েছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কংগ্রেসের মধ্যেও মনমোহন সিং এবং মল্লিকার্জুন খড়্গের মতো নেতারা নিজেদের রাজনৈতিক দক্ষতায় সফল হয়েছেন। তাই আরএসএসের কাছ থেকে শেখার বিশেষ কিছু নেই বলে মনে করেন তিনি।

বইয়ে জরুরি অবস্থার প্রসঙ্গও

শুধু মোদী নন, বইয়ে ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থা নিয়েও মুখ খুলেছেন সোনিয়া। ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, ইন্দিরা গান্ধীও পরবর্তী সময়ে নিজের সিদ্ধান্ত নিয়ে অস্বস্তিতে ছিলেন। এমনকি জরুরি অবস্থা জারি করা নিয়ে রাজীব গান্ধী ও সঞ্জয় গান্ধীর মধ্যে মতপার্থক্য ছিল বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রথমে পেঙ্গুইন র‍্যান্ডম হাউস এই বই প্রকাশের দায়িত্ব নিতে চাইলেও পরে প্রকাশনা নিয়ে মতপার্থক্য তৈরি হয়। শেষ পর্যন্ত হার্পারকলিন্স ইন্ডিয়া বইটি প্রকাশ করেছে। ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি দেশের রাজনীতি নিয়ে সোনিয়ার এই খোলামেলা বক্তব্য প্রকাশের আগেই বইটিকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More