Union Cabinet: বাংলা থেকে কী আরও এক কেন্দ্রীয় মন্ত্রী? নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, চর্চায় শমীক ভট্টাচার্য

Union Cabinet: পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দুজন মন্ত্রী রয়েছেন- বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।

Published on: Nov 20, 2026, 13:22:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Union Cabinet: গত কয়েকমাস ধরেই কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet) সম্প্রসারণ ও রদবদলের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনার আঁচ এসে পড়েছে বাংলার রাজনীতিতেও। সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরের পর এবার পশ্চিমবঙ্গ থেকে আরও এক নেতা কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২৩ নভেম্বরের মধ্যে মন্ত্রিসভায় এই পরিবর্তন সম্পন্ন হতে পারে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) দফতর কিংবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।

বাংলা থেকে কী আরও এক কেন্দ্রীয় মন্ত্রী? নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় রদবদলের জল্পনা (সৌজন্যে এক্স )
বাংলা থেকে কী আরও এক কেন্দ্রীয় মন্ত্রী? নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় রদবদলের জল্পনা (সৌজন্যে এক্স )

বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী পদে থাকা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) পাশাপাশি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। মন্ত্রিসভায় নতুন মুখ অন্তর্ভুক্ত করার পাশাপাশি বর্তমান কয়েকজন মন্ত্রীর দফতর পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক

সম্প্রতি দিল্লিতে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারত মণ্ডপমে (Bharat Mandapam) প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার একটি বৈঠকে সরকারের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও প্রশাসনিক দিক পর্যালোচনা করা হয়। এছাড়া বুধবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপি নেতা নিতিন নবীন (Nitin Nabin) এবং বিএল সন্তোষের (B. L. Santhosh) মধ্যে আলোচনা হয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক তৎপরতার অংশ হিসেবে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার কলকাতায় বিজেপির কোর কমিটির বৈঠকও রাজনৈতিক মহলে নজর কেড়েছে। এসব বৈঠকের পেছনে আসন্ন কোনও কৌশল নাকি মন্ত্রিসভার রদবদল রয়েছে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

বর্তমানে বাংলা থেকে দু'জন মন্ত্রী

পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দুজন মন্ত্রী রয়েছেন- বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। সুকান্ত মজুমদার শিক্ষা মন্ত্রক এবং উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, শান্তনু ঠাকুর বন্দর, নৌপরিবহণ এবং জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর, প্রতিদানস্বরূপ কেন্দ্রীয় মন্ত্রিসভায় আসন বৃদ্ধির একটি জোরালো সম্ভাবনা রয়েছে। বিজেপি ২০৮টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৮০টি আসন। পরবর্তী দুটি আসনের উপনির্বাচনেও বিজেপি ভালো ফল করেছে।