Strait of Hormuz: ইরান-মার্কিন অবরোধের মাঝে হরমুজ অতিক্রম করল ভারতগামী সুপারট্যাঙ্কার, বহন করছে ৪৫০০০ টন এলপিজি

Strait of Hormuz: প্রতিবেদনে বলা হয়েছে, এই কার্গো জাহাজটি ভারতীয় কোম্পানিগুলোকে গ্যাস সরবরাহ করতে চলেছে। তবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। এর আগে গরিমা নামের ট্যাঙ্কার তেল নিয়ে মুম্বই বন্দরে পৌঁছেছিল সম্প্রতি।

Published on: May 3, 2026, 08:02:48 IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Strait of Hormuz: ৪৫ হাজার টন এলপিজি বহনকারী ভারতের সুপার ট্যাঙ্কার 'সর্বশক্তি' হরমুজ অতিক্রম করেছে। শীঘ্রই ভারতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। মার্কিন এবং ইরানের অবরোধের মাঝে ভারতগামী এই ট্যাঙ্কারটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই জাহাজে ক্রু সদস্যরা সকলেই ভারতীয়। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই কার্গো জাহাজটি ভারতীয় কোম্পানিগুলোকে গ্যাস সরবরাহ করতে চলেছে। তবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। এর আগে গরিমা নামের ট্যাঙ্কার তেল নিয়ে মুম্বই বন্দরে পৌঁছেছিল সম্প্রতি।

মার্কিন এবং ইরানের অবরোধের মাঝে ভারতগামী সুপারট্যাঙ্কারটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। (REUTERS)
মার্কিন এবং ইরানের অবরোধের মাঝে ভারতগামী সুপারট্যাঙ্কারটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। (REUTERS)

ইরানের উপর চাপ সৃষ্টি করার জন্য হরমুজ প্রণালীতে অবরোধ চালিয়ে যাচ্ছে আমেরিকা। প্রসঙ্গত, হরমুজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। দেশের চাহিদা মেটাতে ৮০ শতাংশেরও বেশি অপরিশোধিত তেল ভারত আমদানি করে থাকে। যার একটি বড় অংশ উপসাগরীয় দেশগুলি থেকে আসে। এই তেল বেশিরভাগ হরমুজের মধ্য দিয়ে ভারতে আসে। একই সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল এই হরমুজের পথ দিয়েই যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো প্রধান জ্বালানি উত্পাদনকারী দেশগুলি তাদের রফতানির জন্য এই রুটের উপর নির্ভর করে।

এর আগে এপ্রিল মাসে হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ লক্ষ্য করে গুলি ছুড়েছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। অন্যদিকে, আরব সাগর এবং ওমান সাগরে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করে পাহারা দিচ্ছে ভারতীয় নৌবাহিনী। রিপোর্ট অনুযায়ী, হরমুজ প্রণালীতে এখনও বেশ কয়েকটি ভারতীয় পতাকাবাহী জাহাজ নোঙর করে আছে। এমনিতে ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে ভারতের ১০টিরও বেশি জাহাজ ইতিমধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করে দেশে এসেছে।

হরমুজ প্রণালী আদতে কী? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তার ফলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পারস্য উপসাগর লাগোয়া বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলি তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিমি চওড়া। ফলে সেই প্রণালী অবরোধ করে রাখা সহজ।

এর আগে পাকিস্তানে শান্তি আলোচনায় বসেছিল ইরান এবং আমেরিকা। অস্থায়ী যুদ্ধবিরতির জন্য শর্ত হিসেবে ইান বলেছিল, হরমুজ প্রণালী দিয়ে যাতায়ত করা জাহাজগুলি থেকে তারা টোল সংগ্রহ করবে। প্রাথমিক ভাবে ইরানের এই শর্তে আমেরিকা রাজি হয়েছিল বলেই মনে হয় ট্রাম্পের কথাবার্তায়। পরে যদিও তা নিয়ে বেঁকে বসেন তিনি। এদিকে ইসলামাবাদে ইরান-আমেরিকা আলোচনাও ব্যর্থ হয়। এরপরই ট্রাম্প ঘোষণা করেন, হরমুজে ইরানি বন্দরে কোনও জাহাজের প্রবেশ ও প্রস্থান ঠেকাতে অবিলম্বে অবরোধ চালাবে মার্কিন নৌবাহিনী। এদিকে ইরানকে 'টোল' দেওয়া জাহাজগুলিকেও চিহ্নিত করে আটকানো হবে বলে ঘোষণা করেন ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী অবরুদ্ধ করার যে হুঁশিয়ারি আমেরিকা দিয়েছে, তার পালটা হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিল্পবী গার্ড বাহিনীও। এই আবহে হরমুজ প্রণালী দিয়ে তেল-গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More