Strait of Hormuz Latest Update: 'ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয়ে…', ইরান-মার্কিন যুদ্ধবিরতিতে সুখবর ভারতের জন্য

হরমুজ প্রণালী দিয়ে নৌপথ পুরোপুরি খুলে দিতে রাজি হয়েছে ইরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি এই পরিস্থিতিতে বলেছেন, ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয়ে সব জাহাজকে এই দুই সপ্তাহের জন্য নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে করতে দেওয়া হবে।

Published on: Apr 08, 2026 7:57 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালীর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। একইসঙ্গে হরমুজ প্রণালী দিয়ে নৌপথ পুরোপুরি খুলে দিতে রাজি হয়েছে ইরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি এই পরিস্থিতিতে বলেছেন, ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয়ে সব জাহাজকে এই দুই সপ্তাহের জন্য নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে করতে দেওয়া হবে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে কমতে পারে জ্বালানির দাম। এরই সঙ্গে ভারতে জ্বালানি সরবরাহ আরও মসৃণ হতে পারে। উল্লেখ্য, দেশে রান্নার গ্যাসের চাহিদা মেটাতে প্রায় ৬০ শতাংশ জ্বালানি আমদানি করে থাকে ভারত। সেই মোট আমদানির ৯০ শতাংশই আবার আসে পশ্চিম এশিয়া থেকে। প্রকৃতপক্ষে, ভারতের বার্ষিক এলপিজি খরচ ৩৩ মিলিয়ন টনেরও বেশি।

হরমুজ প্রণালী দিয়ে নৌপথ পুরোপুরি খুলে দিতে রাজি হয়েছে ইরান। (AFP)
হরমুজ প্রণালী দিয়ে নৌপথ পুরোপুরি খুলে দিতে রাজি হয়েছে ইরান। (AFP)

যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছিল ইরান। এর মধ্যে অবশ্য ভারতের বেশ কয়েকটি জ্বালানি ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। তবে সংখ্যাটা খুব বেশি না হওয়ায় ভারতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এদিকে ভারতগামী বহু কার্গো জাহাজ এখনও হরমুজ প্রণালীর পশ্চিমে আটকে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারতের মোট আমদানি করা অপরিশোধিত তেলর ৪০ শতাংশ, মোট আমদানি করা এলএনজির ৫০ শতাংশেরও বেশি এবং মোট আমদানি করা এলপিজির ৯০ শতাংশ পশ্চিম এশিয়া থেকে এই প্রণালী দিয়ে আসে। তবে ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করার পরে সেখান দিয়ে জাহাজের চলাচল প্রায় ৯৫ শতাংশ কমে গিয়েছিল। এর জেরে বিশ্ব অর্থনীতিতেও জোর ধাক্কা লেগেছিল। তবে এই যুদ্ধবিরতির ফলে ফের ঘুরে দাঁড়াতে পারে বিশ্ব অর্থনীতি।

হরমুজ প্রণালী আদতে কী? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তার ফলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পারস্য উপসাগর লাগোয়া বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলি তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিমি চওড়া। ফলে সেই প্রণালী আটকে রাখা সহজ। প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রাথমিক ভাবে ১০ মার্চ পর্যন্ত ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এরপর ১১ মার্চ কার্গো জাহাজে হামলার সংখ্যা বাড়িয়ে দেয় ইরান। গভীর রাতে অন্তত ৫-৬টি জাহাজে হামলা চালায় তারা।

এখনও পর্যন্ত ১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি। ইরাকের জলসীমায় সেফ-সি বিষ্ণু নামক মার্কিন জাহাজে প্রাণ হারান দেবানন্দন প্রসাদ সিং। ইরান যুদ্ধের আবহে সমুদ্রে যতজন নাবিক প্রাণ হারিয়েছেন, তাঁরা সকলেই ভারতীয় বলে জানা গিয়েছে। এই নিয়ে সম্প্রতি ভারত ক্ষোভ প্রকাশও করেছিল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More