SC questions Bihar: ৬ মাস, ২ মেয়াদ! ভোটে না জিতেও কীভাবে মন্ত্রী? বিহারের ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট

SC questions Bihar: এই মামলার মূল কেন্দ্রবিন্দু বিহারের পঞ্চায়েতি রাজ মন্ত্রী দীপক প্রকাশ। এনডিএ শরিক দল রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র খুশওয়ার ছেলে দীপক প্রকাশ বিধানসভা নির্বাচনে না-লড়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন৷

Published on: Jul 30, 2026, 15:02:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

SC questions Bihar: কোনও নির্বাচনে জয়ী না হয়েও কীভাবে ছয় মাসের বেশি সময় ধরে একজন ব্যক্তি মন্ত্রী পদে বহাল রয়েছেন, তা নিয়ে বিহার সরকারের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট।

ভোটে না জিতেও কীভাবে মন্ত্রী? বিহারের ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট (সৌজন্যে টুইটার)
ভোটে না জিতেও কীভাবে মন্ত্রী? বিহারের ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট (সৌজন্যে টুইটার)

বিহারের পঞ্চায়েতি রাজ মন্ত্রী দীপক প্রকাশের পদ ধরে রাখার বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি আবেদনের শুনানিতে বৃহস্পতিবার এই তীব্র প্রশ্ন তোলেন ভারতের প্রধান বিচারপতি সুর্য কান্ত। বিষয়টিকে সাংবিধানিক আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, 'এটি একটি বিশুদ্ধ আইনি প্রশ্ন। একজন ব্যক্তি কোনও হাউসের সদস্য না হয়েও কীভাবে ছয় মাসের বেশি সময় ধরে মন্ত্র পদে বহাল থাকেন, তা রাজ্য সরকারকে ব্যাখ্যা করতে হবে।' শীর্ষ আদালত এই মামলার গুরুত্ব বিবেচনা করে আগামী ৪ আগস্ট জরুরি ভিত্তিতে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

মামলার সূত্রপাত

এই মামলার মূল কেন্দ্রবিন্দু বিহারের পঞ্চায়েতি রাজ মন্ত্রী দীপক প্রকাশ। এনডিএ শরিক দল রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র খুশওয়ার ছেলে দীপক প্রকাশ বিধানসভা নির্বাচনে না-লড়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন৷ গত বছর বিহার বিধানসভা নির্বাচনে জয়ী হন জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার৷ ২০ নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি৷ তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রিসভায় দীপক প্রকাশ অনির্বাচিত অবস্থায় ৪ মাস ২৬ দিন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৫ এপ্রিল ২০২৬-এ নীতীশ কুমার পদত্যাগ করলে তাঁর সেই মেয়াদ শেষ হয়। এর পর ২২ দিন তিনি কোনও সরকারি বা মন্ত্রী পদে ছিলেন না।

তবে গত ৭ মে সম্রাট চৌধুরী বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নতুন সরকার গঠন করলে দীপক প্রকাশকে পুনরায় অনির্বাচিত থাকা সত্ত্বেও মন্ত্রিপদে শপথ দেওয়া হয়। স্বভাবতই এ নিয়ে প্রশ্ন উঠেছে এবং তাঁর মন্ত্রিত্ব খারিজের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন সমাজকর্মী রাকেশ কুমার সিং ৷ সংযুক্তভাবে দেখলে তিনি ইতিমধ্যেই ছয় মাসের বেশি সময় ধরে অনির্বাচিত অবস্থায় মন্ত্রিত্ব সামলাচ্ছেন, যদিও একক মেয়াদে পর পর ৬ মাস পূর্ণ হয়নি।

আইন কী বলছে?

সংবিধানের ১৬৪(৪) অনুচ্ছেদ অনুযায়ী, বিধানসভা বা বিধান পরিষদের সদস্য না হয়েও কোনও ব্যক্তি সর্বোচ্চ ৬ মাসের জন্য মুখ্যমন্ত্রী কর্তৃক মন্ত্রী হিসেবে নিযুক্ত হতে পারেন। তবে ওই ৬ মাসের মধ্যে তাঁকে রাজ্য আইনসভার যে কোনও একটি কক্ষের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসতে হয়, অন্যথায় মন্ত্রিত্ব পদ বাতিল হয়ে যায়। সুতরাং, কোনও মন্ত্রী ছয় মাসের মধ্যে নির্বাচিত না হলে তাঁকে পদত্যাগ করতে হবে।