ছাত্র আন্দোলনে হিংসা! নিরপেক্ষ তদন্তে ৫ সদস্যের কমিটি গড়ল সুপ্রিম কোর্ট
Student Protest: সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বে তৈরি এই পাঁচ সদস্যের হাই-পাওয়ার্ড এনকোয়ারি কমিটি (HPEC)-র মূল লক্ষ্য, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ, আধাসামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ খতিয়ে দেখা।
Student Protest: নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তর-সহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্র বিক্ষোভের সময় হিংসা এবং পুলিশের পদক্ষেপের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি (HPEC) গঠন করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ এই কমিটি গঠনের নির্দেশ দেয়।

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বে তৈরি এই পাঁচ সদস্যের হাই-পাওয়ার্ড এনকোয়ারি কমিটি (HPEC)-র মূল লক্ষ্য, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ, আধাসামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ খতিয়ে দেখা।
কারা থাকছেন কমিটিতে?
হাই-পাওয়ার্ড এনকোয়ারি কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রবি শঙ্কর ঝা
দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শালিন্দর কৌর
প্রাক্তন সিবিআই ডিরেক্টর ঋষি কুমার শুক্লা
মেঘালয়ের অবসরপ্রাপ্ত ডিজিপি ড. এল.আর. বিষ্ণোই
এই কমিটি যে বিষয়গুলি খতিয়ে দেখবে, তার মধ্যে রয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান চালানোর অভিযোগ, ইলেকট্রিক ব্যাটন, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ। পাশাপাশি, মহিলা বিক্ষোভকারীদের উপর হিংসা, পুলিশের নজরদারি, ভিড় নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ কতটা যুক্তিসঙ্গত ছিল, এবং আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছিল কিনা, তাও তদন্ত করা হবে। এছাড়াও, বিক্ষোভ চলাকালীন পুলিশকর্মীদের উপর হামলা এবং সরকারি সম্পত্তি নষ্ট করার বিষয়ে প্রশাসনের তরফে যে অভিযোগগুলি উঠেছে, সেগুলিও কমিটি বিবেচনা করবে।
সিসিটিভি ও বডি-ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ
সিসিটিভি ফুটেজ
ড্রোনের রেকর্ডিং
বডি-ক্যামেরার ফুটেজ
পিসিআর কলের রেকর্ড
আদালতের উদ্দেশ্য, তদন্ত চলাকালীন যাতে কোনও গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট বা পরিবর্তন করা না যায় এবং ঘটনাগুলির প্রকৃত ধারাবাহিকতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়।
সুপ্রিম কোর্টের অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশ
পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং বিক্ষোভকারীদের হিংসার অভিযোগ খতিয়ে দেখতে হাই-পাওয়ার্ড এনকোয়ারি কমিটি গঠন।
মহিলা বিক্ষোভকারীদের হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগকে অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ।
পুলিশের পদক্ষেপে বিক্ষোভকারীদের গুরুতর আঘাতের অভিযোগও খতিয়ে দেখা হবে।
গুরুতর ও ভয়াবহ অপরাধে অভিযুক্ত না হলে আটক নাবালকদের মুক্তি দেওয়ার আগের নির্দেশ পুনর্ব্যক্ত।
বিক্ষোভকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার নির্দেশ এবং তা প্রকাশ্যে আনার উপর নিষেধাজ্ঞা।
কমিটির তদন্তের ফলাফল যাই হোক না কেন, পুলিশকর্মীদের বিরুদ্ধে পৃথকভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে স্পষ্ট করেছে আদালত।
বিক্ষোভকে ঘিরে বৃহত্তর সাংবিধানিক প্রশ্নগুলি পরবর্তী সময়ে পৃথকভাবে বিবেচনা করবে সুপ্রিম কোর্ট।
যন্তর মন্তর, বিহার এবং দেশের অন্যান্য অংশে নিট ও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলা বিক্ষোভ সংক্রান্ত একাধিক মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
E-Paper

