১,২৭০ কোটির চুক্তি! মুখ্যমন্ত্রী ও পরিবারের বিরুদ্ধে তদন্তে সিবিআই? বড় নির্দেশ SC-র
শীর্ষ আদালত বলেছে, রাজ্যকে সিবিআই-এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে বলেছে। অরুণাচল প্রদেশের মুখ্যসচিব সিবিআই-র সঙ্গে যোগাযোগ রাখবে।
বড় বিপাকে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। স্বজনপোষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সোমবার সুপ্রিম কোর্ট তাঁর পরিবারের সদস্যদের দেওয়া ১,২৭০ কোটি টাকার চুক্তি সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।

সূত্রের খবর, টেন্ডারের মাধ্যমে প্রায় ১,২৪৫ কোটি টাকার কাজ বরাদ্দ করা হয়েছিল এবং অতিরিক্ত ২৫ কোটি টাকার কাজ ওয়ার্ক অর্ডার হিসেবে জারি করা হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চ জানিয়েছে, সিবিআইকে ২ সপ্তাহের মধ্যে তদন্ত শুরু করতে হবে। এই তদন্তের আওতায় ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারি নির্মাণ সংক্রান্ত চুক্তি ও অন্যান্য বিষয়গুলো যুক্ত করতে হবে। শীর্ষ আদালত জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তরকারী সংস্থা ২ সপ্তাহের মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করবে। ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা সকল সরকারি নির্মাণ সংক্রান্ত চুক্তিগুলো দেখা হবে তদন্ত করে।
একই সঙ্গে শীর্ষ আদালত বলেছে, রাজ্যকে সিবিআই-এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে বলেছে। অরুণাচল প্রদেশের মুখ্যসচিব সিবিআই-র সঙ্গে যোগাযোগ রাখবে। রাজ্যের মুখ্য সচিবকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সমন্বয়ের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, কোনও নথি যাতে নষ্ট না হয়, সেটা নিশ্চিত করবে রাজ্য। নির্দিষ্ট সময়ের বাইরেও যদি কোনও লেনদেন হয়ে থাকে, তাও তদন্তের মধ্যে থাকতে পারে। এই তদন্তের জন্য রাজ্যের পক্ষ থেকে সব রকম সাহায্য করা হবে। সিবিআইকে ১৬ সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চেই রিপোর্ট দিতে হবে। আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেছে সেভ মন রিজিয়ন ফেডারেশন এবং ভলান্টারি অরুণাচল সেনা নামে দুটি এনজিও। তাদের অভিযোগ, রাজ্যের চুক্তি ও টেন্ডার মুখ্যমন্ত্রী, তাঁর স্ত্রী, মা এবং ভাগ্নের ঘনিষ্ঠ সংস্থাগুলোকে দেওয়া হয়েছে। তবে, অরুণাচল প্রদেশ সরকার এই আবেদনের বিরোধিতা করে এটিকে একটি 'পরিকল্পিত মামলা' আখ্যা দিয়েছে এবং চুক্তির প্রক্রিয়াকে সমর্থন করেছে। গত বছরের ২ ডিসেম্বর শীর্ষ আদালত অরুণাচল প্রদেশ সরকারকে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিগুলোর বণ্টন নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে একটি হলফনামা দাখিল করতে বলেছিল, যার মধ্যে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সংস্থাগুলিকে দেওয়া চুক্তিও অন্তর্ভুক্ত থাকবে।
E-Paper

