SIR: আজ রাতেই সম্পূর্ণ তালিকা প্রকাশ! ট্রাইব্যুনাল নিয়ে হাইকোর্টকে কমিটি গড়ার 'সুপ্রিম' নির্দেশ
এদিন শীর্ষ আদালতে শুনানিতে নাম বাদ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। প্রধান বিচারপতির কাছে নন্দলাল বসুর নাতির নাম বাদের বিষয়টি তুলে ধরে মেনকা গুরুস্বামী বলেন, বহু নাম বাদ পড়ছে। এই প্রসঙ্গে আইনজীবীরা বেশ কিছু তথ্য তুলে ধরেন।
নির্বাচন কমিশন চাইলে সোমবার রাতেই সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারে। এসআইআর শুনানিতে সাফ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য় শিল্পাচার্য নন্দলাল বসুর নাতি ও নাতবউয়ের নাম বাদ প্রসঙ্গ উঠে শীর্ষ আদালতে। সেই প্রেক্ষিতে আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে নন্দলাল বসুর নাতি-নাতনির করা আপিলে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৩ এপ্রিল বিকেল ৩টেয়।

‘বিবেচনাধীন’ ভোটারের নিষ্পত্তি ও ট্রাইব্যুনাল
এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টকে চিঠি লিখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল জানিয়েছেন, সোমবার দুপুর ১২ টা ৪ মিনিট পর্যন্ত ৫৯ লক্ষ ১৫ হাজার ‘বিবেচনাধীন’ ভোটারের নিষ্পত্তি হয়েছে। এমনকী মুর্শিদাবাদ এবং মালদহে সমস্ত নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেও মামলার শুনানিতে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এদিন কলকাতা হাইকোর্টের চিঠির কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, এই দুই জায়গায় প্রায় ৮ লক্ষ আপত্তি জমা পড়েছিল। কিন্তু বিচারকদের ঘেরাও-সহ নানা সমস্যার মধ্যেও কোনও কাজ বাকি রাখা হয়নি। তিনি জানান, ‘মালদহে ৮ লক্ষেরও বেশি নাম অ্যাডজুডিকেশন তালিকায় ছিল। এত ঘেরাও সত্ত্বেও গতকাল রাতে শেষ হয়েছে।' অন্যদিকে, ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানানো হয় আদালতে। সব মিলিয়ে অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা ভোটারদের ক্ষীণ হলেও আশা জিইয়ে রইল। যদিও ট্রাইব্যুনালের কাজে কোনও সময় বেঁধে দিতে চায়নি সর্বোচ্চ আদালত। ফলে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পরে নতুন করে নাম যুক্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগটি বলেন, ‘আপনারা অফিস তৈরি করছেন, আপনারা নোডাল অফিসার নিয়োগ করেছেন। তিনি যদি সঙ্গে সঙ্গে রিসিট দিয়ে দিতে পারেন।’ ট্রাইব্যুনালে বিচারের প্রক্রিয়া কেমন হবে তা স্থির করতে নতুন নির্দেশ দেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি বলেন, ‘আমরা সিনিয়র অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠন করছি। তাঁরা ঠিক করবেন প্রসিডিওর কী হবে।' অন্যদিকে, তৃণমূলের তরফে আইনজীবী মেনকা গুরুস্বামী আপিল করেন, ‘সবাই যেন সমান সুযোগ পান সওয়ালের।’ বিচারপতি বাগচি আশ্বস্ত করেন আইনজীবীকে। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিজেদের মতো প্রসিডিওর ঠিক করতে পারবেন। তাঁরা আপিলের পরিপ্রেক্ষিতে ফেয়ার অপরচুনিটি দেবেন। ব্যক্তিগত হিয়ারিংয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে আমাদের কাছে- ইউনিফর্মিটি আনার জন্য একটি প্রসিডিওর অ্যাডজুডিকেশনের আগে তৈরি করা দরকার। তিনজন প্রাক্তন বিচারপতি এবং বিচারকদের নিয়ে কমিটি গঠন করার অনুরোধ করা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। আগামিকালের মধ্যে কমিটি, পরশুর মধ্যে তাঁদের প্রসিডিওর ঠিক করুন যাতে দ্রুততার সঙ্গে আবেদন গ্রহণ করতে পারে ট্রাইবুনাল। ট্রাইব্যুনালের বিচারক এবং বিচারপতিদের অ্যাকাউন্ট নম্বর শেয়ার করতে বলা হচ্ছে প্রধান বিচারপতিকে। যাতে অনারারিয়াম দ্রুত দিতে পারে কমিশন। অফলাইন আবেদনের ক্ষেত্রেও রিসিট দিতে হবে।’
এদিনের শুনানি চলাকালীন বিচারপতি বাগচি বলেন, ‘আমরা নতুন নথি গ্রহণের ঝুঁকি কী জানি। এই পরিস্থিতিতে যদি আমরা নথি নেওয়ায় বাধা দিই, তাহলে সেটা চ্যালেন্জ হবে। তাই আমরা অবসরপ্রাপ্ত দক্ষ বিচারপতিদের উপর দায়িত্ব ছাড়ছি। কীভাবে ট্রাইবুনাল ফাংশন করবে তার প্রসিডিওর ঠিক করতে। ১৯৯০-১৯৯৫ সালে জন্ম নেওয়া ব্যক্তিদের ২০২৪-২৫ সালে গণ জন্ম শংসাপত্র জারি করেছেন আপনারা। সেটা তো সন্দেহজনক মনে হবেই। যাঁরা আবেদন করবেন, তাঁদের প্রথম বক্তব্য হল তাঁদের নাম কেন বাদ তার কারণ জানা নেই। আমরা তো সেই জন্যই তো বলেছি কারণ জানানোর জন্য।’
নন্দলাল বসুর পরিবারের আপিল ও চূড়ান্ত তালিকা
এদিন শীর্ষ আদালতে শুনানিতে নাম বাদ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। প্রধান বিচারপতির কাছে নন্দলাল বসুর নাতির নাম বাদের বিষয়টি তুলে ধরে মেনকা গুরুস্বামী বলেন, বহু নাম বাদ পড়ছে। এই প্রসঙ্গে আইনজীবীরা বেশ কিছু তথ্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান আদালতকে জানান, ‘৪৪ লক্ষ ভোটারের নথি দেখাচ্ছে ৫৫ শতাংশ ইনক্লুড হয়েছে। ৪৫ শতাংশ বাদ গিয়েছে। বাদ যাওয়ার হার খুব বড়। ইতিমধ্যেই ৭ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। এখনও ট্রাইবুনাল কাজ শুরু করেনি সেভাবে। ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে আবেদনের নথি জমা দেওয়ার জন্য। প্রথম দফার ভোটের নমিনেশন জমার শেষ দিন ৬ এপ্রিল এবং দ্বিতীয় দফার ৯ এপ্রিল। আমরা অনুরোধ করছি ১৫ এপ্রিলের মধ্যে ট্রাইবুনাল তাঁদের নির্দেশ শেষ করুক এবং চূড়ান্ত ভোটার তালিকা ১৮ এপ্রিল প্রকাশ করা হোক। নির্বাচনের ৫ দিন আগে। একই সঙ্গে আমরা আবেদন করছি, ম্যাপড ভোটারদের ভোট দিতে দেওয়া হোক।'
এরপরেই জবাবে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ‘আমরা অ্যাপিলেট কোর্টের উপর চাপ দিলে আবার হেস্টি একসারসাইজ হয়ে যাবে। আমরা সেটার পক্ষে নই। আমরা মনে করি এসআইআরের নিরপেক্ষ অ্যাডজুডিকেশন হওয়া উচিত। আমরা কৃতজ্ঞ সব জুডিশিয়াল অফিসারদের কাছে, যে তাঁরা এত বিপুল অ্যাডজুডিকেশন শেষ করেছে।’ অন্যদিকে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমরা বলছি ট্রাইবুনাল অবিলম্বে শুরু হওয়া উচিত।' তবে বিচারপতি বাগচি জানান, ‘আমরা কোয়ালিফাইং ডেট সরানোর প্রস্তাবের পক্ষে নই। একই সঙ্গে একটা ভেরিফিকেশন হওয়া উচিত। নিয়ম অনুযায়ী, অনেক আগে তালিকা চূড়ান্ত হওয়ার কথা ছিল। আমরা সাপ্লিমেন্টারি তালিকা তৈরির দন্য সেই সময়টি এগিয়েছি। আমরা ট্রাইবুনালের কাজে তড়িঘড়ি করতে পারি না। আবেদন করার সুযোগ থাকবে। সেটা এক থেকে দু মাস সময় লাগবে। কিন্তু তাঁরা ম্যাপড ছিলেন বলেই তাঁদের অনুমতি দেওয়া যায় না।'
সোমবার এসআইআর শুনানির সময় সুপ্রিম কোর্টে ওঠে নন্দনাল বসুর নাতির নাম বাদ প্রসঙ্গ। সেখানেই প্রধান বিচারপতি সাফ জানান, কমিশনকে নন্দলাল বসুর নাতি-নাতনির করা আপিলে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। বাকি তালিকা প্রকাশ নিয়ে কমিশন জানায় কমিশন জানায়, ই সিগনেচারের কাজ প্রায় শেষের পথে। এরপরই নির্দেশ দেওয়া হয়েছে, আজ রাতেই প্রকাশ করতে হবে সম্পূর্ণ তালিকা। শুধুমাত্র ডিজিটাল সিগনেচার আপলোডের জন্য পোর্টাল ৭ এপ্রিল পর্যন্ত খোলা রাখা হবে, যাতে প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়।
E-Paper

