স্বাস্থ্য সংক্রান্ত জল্পনার মধ্যেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সুপ্রিম লিডারের

Mojtaba Khamenei: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের অনুপস্থিতি তাঁর স্বাস্থ্য নিয়ে জল্পনা উস্কে দিয়েছে।

Updated on: Aug 10, 2026, 14:00:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Mojtaba Khamenei: বেশ কয়েক দিন ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইর (Mojtaba Khamenei) শারীরিক এবং তাঁর অবস্থান নিয়ে জল্পনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অনেকে তাঁর অবস্থান নিশ্চিতের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে মোজতবা খামেনেইর সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian)।

ইরানের প্রেসিডেন্ট সঙ্গে বৈঠক সুপ্রিম লিডারের
ইরানের প্রেসিডেন্ট সঙ্গে বৈঠক সুপ্রিম লিডারের

রবিবার ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাঁর মেয়াদের তৃতীয় বছর শুরু উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনেইয়ের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকের সঠিক সময় প্রকাশ না করলেও বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা দেশের বিভিন্ন বিষয়, বিশেষ করে বর্তমান সামরিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে, কারণ মে মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানিয়েছিলেন যে তিনি সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন, কিন্তু খামেনেইয়ের দফতর থেকে এর স্বপক্ষে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে গত সপ্তাহেই ইরানের প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ 'বর্তমানে খুবই কঠিন' হয়ে পড়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের অনুপস্থিতি তাঁর স্বাস্থ্য নিয়ে জল্পনা উস্কে দিয়েছে। কিছু সূত্রের মতে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইজরায়েলি যৌথ হামলায় তিনি আহত হয়েছেন। যে হামলায় প্রয়াত হন ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই। মধ্যপ্রাচ্যে জটিল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের দুই নেতার মধ্যে এই উচ্চ-পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। গত ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের শুরু করা যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইরান এর আগে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসেছিল। তবে, একটি প্রাথমিক চুক্তি ভেস্তে যায়। তেহরানের শীর্ষ কূটনীতিক বলেছেন যে, বর্তমান আলোচনা প্রচেষ্টা মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এছাড়াও রবিবার তাসনিম সংবাদ সংস্থা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন জেনারেলকে উদ্ধৃত করে জানায় যে, সর্বোচ্চ নেতার জনগণের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন সভায় অংশগ্রহণের ছবি 'ভবিষ্যতে প্রকাশ করা হবে', যদিও কোনও নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি।