Firecracker Sales:দিল্লিতে দেদার নিষিদ্ধ বাজি বিক্রি!এইচটি-র রিপোর্টের পরই সরকারকে কড়া পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের

SC on Firecracker Sales: শুনানি চলাকালীন হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনের উল্লেখ করে কেন্দ্র, দিল্লি সরকার এবং সিএকিউএম-এর পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) ঐশ্বর্যা ভাটির দৃষ্টি আকর্ষণ করেন বিচারপতি এম এম সুন্দ্রেশ।

Published on: Nov 4, 2026, 21:00:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

SC on Firecracker Sales: 'হিন্দুস্তান টাইমস'-এর (HT) প্রতিবেদনের ওপর নজর দিয়ে দিল্লি-এনসিআর অঞ্চলে দেদার নিষিদ্ধ বাজি বিক্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট মনে করিয়ে দিয়েছে, আদালতের পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী দীপাবলিতে মাত্র দু'দিনের জন্য শুধুমাত্র পরিবেশবান্ধব 'সবুজ বাজি' ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই অনিয়ম রুখতে অবিলম্বে প্রয়োজনীয় সব ধরনের কড়া পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্র, দিল্লি সরকার এবং পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

দিল্লিতে দেদার নিষিদ্ধ বাজি বিক্রি! এইচটি-র রিপোর্টের পরই সরকারকে কড়া পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের  (HT photo/Raj K Raj)
দিল্লিতে দেদার নিষিদ্ধ বাজি বিক্রি! এইচটি-র রিপোর্টের পরই সরকারকে কড়া পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের (HT photo/Raj K Raj)

মঙ্গলবার বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রসন্ন বি বরালের ডিভিশন বেঞ্চ শুনানির সময় ৩ নভেম্বরের হিন্দুস্তান টাইমসের বিশেষ প্রতিবেদনের উল্লেখ করেন। ওই প্রতিবেদনে তথ্য প্রমাণ-সহ তুলে ধরা হয় যে কীভাবে নির্দেশিকার পরেও দিল্লির বাজারে প্রকাশ্যেই সব ধরনের বাজি বিক্রি ও প্রদর্শন চলছে। সেখানে নিষিদ্ধ বাজি যেমন গোপনে ও চাহিদামতো সরবরাহ করা হচ্ছে, তেমনই ভুয়ো ও বিভ্রান্তিকর কিউআর কোড (QR Code) সাঁটিয়ে সাধারণ বাজিকেই তথাকথিত 'গ্রিন ক্র্যাকার' বা পরিবেশবান্ধব বাজি হিসেবে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শুনানি চলাকালীন হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনের উল্লেখ করে কেন্দ্র, দিল্লি সরকার এবং সিএকিউএম-এর পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) ঐশ্বর্যা ভাটির দৃষ্টি আকর্ষণ করেন বিচারপতি এম এম সুন্দ্রেশ। বিষয়টি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নজরে আনার জন্য নির্দেশ দেন তিনি।

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট উদ্ধৃত করে বিচারপতি জানান, খোলা বাজারে অবাধে সব রকমের বাজি বিক্রি হচ্ছে, যার মধ্যে এমন বহু বাজি রয়েছে যেগুলিতে বাধ্যতামূলক কিউআর কোড পর্যন্ত নেই। আদালতের সুস্পষ্ট নির্দেশিকা প্রকাশ্যে লঙ্ঘিত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সুন্দ্রেশ। জাতীয় রাজধানী অঞ্চলের বাতাসের গুণমান ও সামগ্রিক পরিবেশ রক্ষার স্বার্থে প্রশাসন যাতে অবিলম্বে এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করে, সে বিষয়েও তিনি কেন্দ্রকে সতর্ক করেন।

হিন্দুস্তান টাইমসের অনুসন্ধান

গত ২২ অক্টোবর এবং ২ নভেম্বর দিল্লির প্রধান বাজারগুলিতে সরেজমিনে ঘুরে অনুসন্ধান চালিয়েছিল এইচটি টিম। দেখা যায় চাঁদনি চক, সদর বাজার, শাস্ত্রী নগর, সরোজিনী নগর এবং নিউ ফ্রেন্ডস কলোনি-সহ একাধিক বাজারে প্রকাশ্যেই বাজি বিক্রি হচ্ছে। বিক্রেতারা নিজেদের পশরায় 'গ্রিন ক্র্যাকার', 'দূষণমুক্ত' কিংবা 'জিরো পলিউশন' লেখা লেবেল সাঁটিয়ে বাজি সাজিয়ে রেখেছেন। আর প্রচলিত বাজি চাইলে তা গোপন স্টক বা পাশের গুদাম থেকে এনে দেওয়া হচ্ছে। প্রতিবেদনে আরও উঠে আসে যে বহু বাজির বাক্সে আদালতের নির্দেশিত বাধ্যতামূলক কিউআর কোড নেই। আবার কিছু কোড স্ক্যান করলে পণ্যের সরকারি শংসাপত্রের বদলে সরাসরি বিক্রেতার অনলাইন ক্যাটালগ খুলে যাচ্ছে। কোথাও কোথাও প্রকাশ্যে কম শব্দ বা আতশবাজি রেখে ক্রেতাদের চাহিদা অনুযায়ী ভিতর থেকে বের করে দেওয়া হচ্ছে বড় বাজি। চাঁদনি চকের এক বিক্রেতা তো বড় বাজির খোঁজ করা এক ক্রেতাকে সরাসরি সদর বাজারে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, সেখানে সবই পাওয়া যাচ্ছে। নির্দেশিকা অনুযায়ী, অনুমোদিত বিক্রির সময়সীমা শুরু হওয়ার আগেই ফুটপাথ ও দোকানে বাজি সাজিয়ে বসা এবং অনলাইন বিক্রিতে আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হোম ডেলিভারির জন্য অগ্রিম বায়না নেওয়ার তথ্যও তুলে ধরা হয় ওই প্রতিবেদনে।