Bangladesh Cricket Board: শুনতে হয়েছিল ‘ভারতের দালাল’ মন্তব্যের কটাক্ষ! সেই তামিমই এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের..
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম তারকা তামিম ইকবাল।
ভেঙে দেওয়া হল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। আর সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম তারকা তামিম ইকবাল।

বাংলাদেশের এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান, তামিমের অ্যাডহক কমিটির প্রধান হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, আজ রাতেই অ্যাডহক কমিটির প্রথম বৈঠক বসছে। উল্লেখ্য, বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদক্ষেপের জেরে সেদেশ টি২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ে। এদিকে, গত কয়েক দিনে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একের পর এক কর্তারা ইস্তফা দিতে থাকে। বোর্ডের অন্দরে তৈরি হয় চাঞ্চল্য। রিপোর্ট বলছে, শেষমেশ পদক্ষেপ করে সরকার।
এদিকে, আমিনুল এহসান জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে তিন মাস মেয়াদী ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা ইতোমধ্যে আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে বলে দাবি করেন এনএসসি পরিচালক। তিনি জানান, এডহক কমিটির নামও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে পাঠানো হয়েছে। এহসান জানান, বিসিবির নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও পর্যালোচনার প্রেক্ষিতে নির্বাচনে অনিয়ম খুঁজে পেয়েছে যথাযথ কর্তৃপক্ষ। এটি আইসিসিকে জানানো হয়েছে। তিনি আরও বলেন,' সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ২০১৮ সালের আইন অনুসারে এই কমিটি বিলুপ্ত করে নতুন এডহক কমিটি দিয়েছে।'
এদিকে, তামিমকে ঘিরে কিছু মাস আগেই বাংলাদেশের ক্রিকেট মহলে বড় বিতর্ক তৈরি হয়। কিছুমাস আগে, যখন বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের সদস্য নাজমুল হোসেন তামিমকে ‘ভারতের দালাল’ মন্তব্যে কটাক্ষ করেন। এর আগে, বাংলাদেশ মুস্তাফিজুর ইস্যুতে টি ২০ বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে গড়রাজি ছিল। সেই প্রেক্ষাপটে তামিম বলেছিলেন তখন, 'আমার মতে, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ, ভবিষ্যৎ এবং বাকি সব কিছু মাথায় রেখেই যে কোনও সিদ্ধান্ত নেওয় উচিত। কথাবার্তার মাধ্যমে সমস্যা মেটানো গেলে তার চেয়ে ভাল কিছু হয় না।' তিনি আরও বলেন, 'সকলের আগে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে রাখা উচিত। আমাদের বোর্ডের ৯০-৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। তাই সেটা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।' তারপরই তাঁকে নাজমুল ‘ভারতের দালাল’ তকমায় কটাক্ষ করেন। এরপর পদ্মা দিয়ে বয়ে গিয়েছে বহু জলরাশি। বাংলাদেশ ক্রিকেটও বহু পর্ব দেখেছে। আপাতত বিসিবির চিফের চেয়ারে সেই তামিম ইকবাল!
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper











