SAP Layoff: চাকরি হারাবে ১০,০০০ জন! এবার কর্মী ছাঁটাই করছে ইউরোপের বৃহত্তম টেক জায়ান্ট
SAP Layoff: কর্মী ছাঁটাই, স্বাভাবিক অবসর বা চাকরি ছাড়া এবং স্বেচ্ছায় অব্যাহতি—এই কয়েকটি উপায়ের সমন্বয়ে পদগুলি কমানো হবে বলে আশা করা হচ্ছে। কোন দলগুলি এতে প্রভাবিত হতে পারে, সে বিষয়ে কোম্পানি প্রকাশ্যে বিস্তারিত কিছু জানায়নি।
SAP Layoff: আশঙ্কা সত্যি হতে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বাড়তে চলেছে প্রযুক্তি কোম্পানিগুলির ওপর। ফলে নতুন করে কর্মী ছাঁটাইয়ের (Layoff) পথে হাঁটতে চলেছে অনেক কোম্পানি। এবার ইউরোপের বৃহত্তম টেক কোম্পানি এসএপি (SAP) জনবল কাঠামোয় আরও একটি বড় ধরনের রদবদলের প্রস্তুতি নিচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের কার্যক্রম আরও ত্বরান্বিত করার অংশ হিসেবে জার্মান সফটওয়্যার জায়ান্ট এসএপি প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।
এসএপি কয়েক হাজার কর্মীর ওপর প্রভাব ফেলা একটি পৃথক পুনর্গঠন কর্মসূচি ঘোষণার তিন বছরেরও কম সময়ের মধ্যে এই পদক্ষেপ নিচ্ছে। কর্মী ছাঁটাই, স্বাভাবিক অবসর বা চাকরি ছাড়া এবং স্বেচ্ছায় অব্যাহতি—এই কয়েকটি উপায়ের সমন্বয়ে পদগুলি কমানো হবে বলে আশা করা হচ্ছে। কোন দলগুলি এতে প্রভাবিত হতে পারে, সে বিষয়ে এসএপি প্রকাশ্যে বিস্তারিত কিছু জানায়নি। বিশ্বজুড়ে এসএপি-র ১ লক্ষেরও বেশি কর্মী রয়েছে এবং এটি বিশ্বের বৃহত্তম এন্টারপ্রাইজ সফটওয়্যার নির্মাতাদের অন্যতম। ব্যবসা প্রতিষ্ঠানগুলি তাদের অর্থ, সাপ্লাই চেইন, মানবসম্পদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার জন্য এসএপি-র পণ্য ব্যবহার করে থাকে।
এসএপি কেন কর্মী ছাঁটাই করছে?
অন্যান্য অনেক প্রযুক্তি সংস্থার মতো এসএপি-ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে তাদের ব্যবসাকে নতুনভাবে সাজাচ্ছে। গত দুই বছরে এআই-চালিত সফটওয়্যার টুলের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে, যা কোম্পানিগুলিকে কাজ স্বয়ংক্রিয় করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর উপযোগী পণ্যের দিকে অর্থ ও মেধা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করছে। এসএপি তাদের সফটওয়্যার পোর্টফোলিও জুড়ে এআই ফিচারগুলিতে ব্যাপক বিনিয়োগ করছে। কোম্পানি তাদের ক্লাউড পরিষেবার সঙ্গেও এআই সক্ষমতা যুক্ত করছে, যা বর্তমানে তাদের প্রবৃদ্ধির একটি প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। প্রতিবেদনগুলিতে ইঙ্গিত করা হয়েছে যে, সাম্প্রতিক এই কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপটি কার্যক্রমকে আরও গতিশীল করা এবং এআই-সংক্রান্ত বিনিয়োগের জন্য অর্থ ও সম্পদ সাশ্রয় করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।
এই প্রথমবার নয়
এসএপি এবারই প্রথম কর্মী ছাঁটাই করছে না। ২০২৪ সালের শুরুর দিকে এই কোম্পানি প্রায় ৮ হাজার পদের ওপর প্রভাব ফেলা একটি পুনর্গঠন পরিকল্পনার ঘোষণা করেছিল। সে সময় এসএপি জানিয়েছিল, তারা কৌশলগত প্রবৃদ্ধির ক্ষেত্রগুলিতে—বিশেষ করে বিজনেস এআই-এর ওপর আরও জোরালোভাবে মনোযোগ দিতে চায়। পদ কমানোর পাশাপাশি কোম্পানির নির্বাচিত কিছু উচ্চ-প্রবৃদ্ধিশীল খাতে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এর অর্থ হলো, কিছু কর্মীকে নতুন পদে স্থানান্তর করা হতে পারে এবং অন্যদের কোম্পানি ছেড়ে যেতে হতে পারে।
এসএপি-র এই পরিকল্পনা মূলত গোটা প্রযুক্তি খাতের একটি বৃহত্তর প্রবণতারই প্রতিফলন। কর্পোরেট গভর্ন্যান্স বিশেষজ্ঞ কৃষ্ণ আইয়ার সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘কোম্পানিগুলি এআই কাঠামো, সফটওয়্যার এবং মেধার পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে। একই সময়ে, ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য কম গুরুত্বপূর্ণ, কায়িক বা পুনরাবৃত্তিমূলক হিসেবে বিবেচিত পদগুলি অনেক সংস্থা ছাঁটাই করছে।’ তিনি আরও বলেন, ‘গত দুই বছরে বেশ কয়েকটি বড় প্রযুক্তি সংস্থা এআই পণ্য এবং ডেটা সেন্টারে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কর্মী ছাঁটাই বা পুনর্গঠন পরিকল্পনার ঘোষণা করেছে।’
E-Paper
