Kulgam terror attack: উপত্যকায় ফের সন্ত্রাসের রক্তচক্ষু! কুলগামে CRPF চেকপোস্টে জঙ্গি হামলা, জখম ৩ জওয়ান

Kulgam terror attack: আকস্মিক এই হামলায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিন জওয়ান। তবে প্রাথমিক ধাক্কা সামলে অত্যন্ত সাহসিকতার সঙ্গে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন নিরাপত্তা বাহিনীর অন্যান্য সদস্যরা। সিআরপিএফ-এর তরফ থেকে কড়া জবাব আসতে দেখেই বাইক নিয়ে দ্রুত এলাকা ছাড়ে জঙ্গিরা।

Published on: Nov 11, 2026, 16:38:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Kulgam terror attack: উৎসবের আবহ বদলে গেল আতঙ্কে। আবারও রক্তাক্ত ভূস্বর্গ। বুধবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে আচমকাই হানা দিল সশস্ত্র জঙ্গিরা। এই অতর্কিত হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) তিন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। আহত জওয়ানদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় সমগ্র উপত্যকা জুড়ে তীব্র আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।

কুলগামে সিআরপিএফ চেকপোস্টে জঙ্গি হামলা, জখম ৩ জওয়ান (ANI Video Grab   )
কুলগামে সিআরপিএফ চেকপোস্টে জঙ্গি হামলা, জখম ৩ জওয়ান (ANI Video Grab )

এদিন মীর বাজারের কাছে আখরান এলাকায় জঙ্গি হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার কুলগামের ওই চেকপোস্টে প্রতিদিনের মতোই পাহারায় ছিলেন জওয়ানরা। দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ আচমকা একটি বাইকে চেপে কয়েকজন সশস্ত্র জঙ্গি সেখানে হাজির হয়। চেকপোস্টের কাছে এসে তারা সামান্য গতি কমায় এবং এরপর কিছু বুঝে ওঠার আগেই কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি বুলেট-বৃষ্টি শুরু করে। আকস্মিক এই হামলায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিন জওয়ান। তবে প্রাথমিক ধাক্কা সামলে অত্যন্ত সাহসিকতার সঙ্গে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন নিরাপত্তা বাহিনীর অন্যান্য সদস্যরা। সিআরপিএফ-এর তরফ থেকে কড়া জবাব আসতে দেখেই বাইক নিয়ে দ্রুত এলাকা ছাড়ে জঙ্গিরা।

সিআরপিএফের তরফ এক বিবৃতিতে জানানো হয়েছে, 'আজ বিকেলে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় একটি তল্লাশি চৌকিতে (নাকা পয়েন্ট) মোতায়েন করা নিরাপত্তা কর্মীদের ওপর মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা গুলি চালায়। এই ঘটনায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) তিন সদস্য আহত হয়েছেন।' সিআরপিএফ সূত্রে আহত জওয়ানদের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন পশ্চিমবঙ্গের সন্তোষ চাঁদু, অসমের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের বাসিন্দা সোমবীর সিং। বাংলার জওয়ানের কোমর ও মেরুদণ্ডে গুলি লেগেছে। খবর পাওয়া মাত্রই কালক্ষেপ না করে ঘটনাস্থলে ছুটে আসে ভারতীয় সেনার কুইক রেসপন্স টিম (QRT)। দ্রুত এলাকাটিকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। রক্তাক্ত জওয়ানদের উদ্ধার করে তৎক্ষণাৎ অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজে (GMC) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসা চলছে এবং তাঁদের শারীরিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

যদিও জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কুলগ্রামে থাকলেও হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না। অন্যদিকে, হামলাকারীদের খোঁজে ইতিমধ্যেই গোটা কুলগাম জেলায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। শুরু হয়েছে ব্যাপক চিরুনি তল্লাশি বা সার্চ অপারেশন। জঙ্গিরা যাতে কোনওভাবেই জেলার বাইরে পালাতে না পারে, তার জন্য সমস্ত সীমানা ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে কড়া নাকা চেকিং শুরু হয়েছে। এমনকী আশেপাশের এলাকাগুলিতেও চলছে চিরুনি তল্লাশি।ভারতীয় সেনা, সিআরপিএফ এবং স্থানীয় পুলিশের যৌথ বাহিনী গোটা এলাকা কর্ডন করে জঙ্গিদের ডেরা খুঁজে বের করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত, এর আগেও জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল (CRPF)-এর ওপর বিভিন্ন সময়ে একাধিক ছোট-বড় জঙ্গি হামলা ঘটেছে। এগুলির মধ্যে প্রধান এবং উল্লেখ্য ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ সালের পুলওয়ামা হামলা। এটি কাশ্মীরে সিআরপিএফ-এর ওপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী হামলা। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে লেথপোরায় সিআরপিএফ কনভয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গি আদিল আহমেদ দার। এই হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন।